তাহিরপুরে আবেদীন নামে এক কথিত কবিরাজের ‘আজব’ চিকিৎসা ও ঝাড়ফুঁক নিয়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে তার কথিত অলৌকিক চিকিৎসার নানা ভিডিও। সবচেয়ে বেশি আলোচনা-সমালোচনা হচ্ছে, স্থানীয় সংসদ সদস্যের সরকারি পরিদর্শন কক্ষে বসে এই কবিরাজের চিকিৎসা কার্যক্রম পরিচালনা নিয়ে।
গত শুক্রবার বিকালে সুনামগঞ্জ-১ আসনের সংসদ সদস্য কামরুজ্জামান কামরুলের তাহিরপুর উপজেলা পরিদর্শন কক্ষে এ ঘটনা ঘটে। আবেদীন মানিকগঞ্জের বাসিন্দা। সামাজিক যোগাযোগমাধ্যমে তিনি ‘আবেদীন ভøগ’ নামে পরিচিত। তার কথিত ঝাড়ফুঁক ও চিকিৎসার খবর ছড়িয়ে পড়লে তাকে দেখার জন্য তাহিরপুরসহ আশপাশের এলাকার মানুষের উপচে পড়া ভিড় জমে। রোগীদের সিরিয়াল নম্বর দিয়ে চিকিৎসা দেয়া হয়। ভিড় সামলাতে এবং সিরিয়াল ঠিক রাখতে স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের হিমশিম খেতে হয়।
এ সময় উপস্থিত ছিলেন— তাহিরপুর উপজেলা বিএনপি’র যুগ্ম আহ্বায়ক মেহেদী হাসান উজ্জ্বল, তাহিরপুর সদর ইউনিয়ন বিএনপি’র আহ্বায়ক সাইদুল কিবরিয়া, উপজেলা কৃষক দল নেতা তানিম হাসান লিংকন, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক আবুল হাসনাত রাসেল, সদস্য সচিব আসাদুজ্জামান মুন্না, ছাত্রদল নেতা জানে আলম আবির, রাহাত হাসান রাব্বি, আবুল হাসনাত রাহুল, শাওন মিয়া, রাজু মিয়াসহ বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা। এদিকে সংসদ সদস্যের পরিদর্শন কক্ষে এ ধরনের কবিরাজি চিকিৎসা কার্যক্রম পরিচালনার ঘটনায় এলাকায় নানা আলোচনা-সমালোচনা চলছে। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া আরেকটি ভিডিওতে তাহিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফারুক আহমেদকে ঝাড়ফুঁক দিয়ে প্রতিবন্ধী ও বাক্প্রতিবন্ধী রোগীদের সুস্থ করার বিষয়ে প্রশংসা করতে দেখা যায় বলে দাবি করা হচ্ছে।
এ ঘটনায় সামাজিক যোগাযোগমাধ্যমেও চলছে নানা প্রতিক্রিয়া। স্কুলশিক্ষক মোর্শেদ আলম তার ফেসবুক আইডিতে কৌতুকের ছলে লিখেছেন, ‘তাহিরপুরে কবিরাজের চিকিৎসায় কে কে ভালো হয়েছেন? কমেন্ট করে জানিয়ে দিন।’ সমাজসেবক আবুল হোসেন বলেন, ‘আমার মেরুদণ্ডের হাড় ক্ষয় হয়েছে। দুই দিন আগে ঢাকা থেকে চিকিৎসা নিয়ে বাড়িতে এসেছি। এরই মধ্যে শুনি, এমপি সাহেবের মাধ্যমে একজন কবিরাজ তাহিরপুরে এসেছেন। তারা ভাইবোন গত ৩০ বছর ধরে কথা বলতে পারেন না। আমার চোখের সামনেই কবিরাজ তাদের গলার স্বরযন্ত্রের কাছে ধরে তাৎক্ষণিক অস্পষ্ট কথা বলিয়েছেন। বিনিময়ে কারও কাছ থেকে টাকা নিতে দেখিনি। তবে পরবর্তী সময়ে তারা কথা বলতে পারছেন কিনা, তা জানতে পারিনি।’ অন্যদিকে আল আমিন নামে একজন ফেসবুকে লিখেছেন, ‘এসব ভণ্ডামি ছাড়া আর কিছুই নয়। চোখের সামনে একজন অসুস্থ মানুষকে সুস্থ করার ঘটনা দেখেনি। কবিরাজের কিছু কথিত লোক দিয়ে চোখের মধ্যে ভেলকি ছাড়া আর কিছুই নয়।’
এ বিষয়ে তাহিরপুর সদর হাসপাতালের ইনচার্জ ডা. নাসাদ আহমদ বলেন, ‘চিকিৎসাবিজ্ঞানে এসবের কোনো ভিত্তি নেই।’ এ বিষয়ে তিনি আর কোনো মন্তব্য করতে রাজি হননি। এদিকে ‘আবেদীন ভøগ’ নামের ফেসবুক পেজে আবেদীন কবিরাজ লিখেছেন, ‘জন্ম থেকে কথা বলতে পারতেন না ভাই ও বোন। সুনামগঞ্জ-১ আসনের সংসদ সদস্য কামরুজ্জামান কামরুল এমপি মহোদয়ের উদ্যোগে এখানে এসে তাদের মুখে কথা বলিয়েছি। এ বিষয়ে তাহিরপুর থানার ওসি ফারুক আহমেদের বক্তব্য জানতে একাধিকবার ফোন করা হলেও তিনি কল রিসিভ না করায় তার বক্তব্য নেয়া সম্ভব হয়নি।
