সিলেটের বিছনাকান্দি সীমান্তের মরকিটিলা এলাকা থেকে পাথর আনতে যাওয়া এক পাথর শ্রমিককে অবৈধভাবে অনুপ্রবেশের দায়ে ধরে নিয়ে গেছে বিএসএফ। বিএসএফের হাতে আটক শ্রমিকের নাম শাহরিয়ার হোসেন (২২)। শনিবার দুপুর ২টার দিকে উপজেলার বিছনাকান্দি সীমান্তের মরকিটিলা এলাকায় ১২৬৩/৭ এস পিলার সংলগ্ন ভারতের অভ্যন্তরে স্থান থেকে এই শ্রমিককে ধরে নিয়ে যাওয়ার ঘটনা ঘটে। আটক শাহরিয়ার গোয়াইনঘাট উপজেলার বিছনাকান্দি ইউনিয়নের ওপর গ্রামের মনির মিয়ার ছেলে। মোবাইল ফোনে কথা হলে বিষয়টি নিশ্চিত করেন সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি’র) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল নুর উদ্দিন আহমেদ।
স্থানীয় সূত্রে জানা যায়, সীমান্তের মরকিটিলা এলাকায় জিরো পয়েন্ট স্থানীয় অন্যান্য শ্রমিকের সঙ্গে পাথর আনতে যান শাহরিয়ার। পাথর আহরণকালে এক সময় সে ভারত অভ্যন্তরে ঢুকে পড়লে ভারতে অবৈধ অনুপ্রবেশের দায়ে বিএসএফ তাকে আটক করে। এ সময় তার তার সঙ্গে থাকা অপরাপর পাথর শ্রমিকরা পালিয়ে আসতে পারলেও শাহরিয়ার আসতে পারেনি। পরে শাহরিয়ারকে তাদের ক্যাম্পে নিয়ে যায় বিএসএফ সদস্যরা। আটক হওয়া শাহরিয়ারের বাবা মনির মিয়া জানান, শাহরিয়ার কানে কম শুনে, সকালে তাকে বাজারে পাঠাই। কিন্তু সে বাজারে না গিয়ে মরকিটিলায় পাথর আনতে চলে যায়। মূলত ভারতে ঢুকে পড়ার কারণেই বিএসএফ ছেলেকে ধরে নিয়ে গেছে। তিনি তার ছেলেকে ফিরিয়ে আনতে স্থানীয় বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি বিছনাকান্দি সীমান্ত ফাঁড়ির ক্যাম্প কমান্ডার ও ৪৮ বিজিবি’র অধিনায়কের সঙ্গেও কথা বলেছেন বলেও জানান তিনি।
এ বিষয়ে সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি’র) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল নুর উদ্দিন আহমেদ বলেন, শাহরিয়ার নামের একজনকে আটক করেছে বিএসএফ। ধৃত শ্রমিককে ফিরিয়ে আনতে এ বিষয়ে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ’র সঙ্গে আলোচনা চলছে বলেও জানান তিনি।
