চট্টগ্রাম-কক্সবাজার রেলপথে বাড়ছে দুর্ঘটনা ও প্রাণহানি। রেললাইন আছে, ট্রেন চলছে কিন্তু অনেক স্থানে নেই নিরাপদ পারাপারের ব্যবস্থা। কোথাও বৈধ লেভেলক্রসিং থাকলেও নেই গেটম্যান, আবার কোথাও রেললাইনের উপর দিয়ে তৈরি হয়েছে অবৈধ পথ। এসব পথে ঝুঁকি নিয়েই চলছে যানবাহন ও মানুষের পারাপার। জানা গেছে, ১৫২ কিলোমিটার দীর্ঘ চট্টগ্রাম-কক্সবাজার রেলপথের মধ্যে চট্টগ্রাম থেকে দোহাজারী পর্যন্ত পুরনো রেললাইন ৪৭ কিলোমিটার এবং দোহাজারী থেকে কক্সবাজার পর্যন্ত নতুন রেললাইন প্রায় ১০১ কিলোমিটার। চট্টগ্রাম-দোহাজারী অংশে বৈধ লেভেলক্রসিং রয়েছে ২৭টি, অবৈধ ৪৭টি।
অন্যদিকে দোহাজারী-কক্সবাজার অংশে বৈধ ক্রসিং ৭২টি এবং অবৈধ ৩০টি। অর্থাৎ পুরো রেলপথে বৈধ ক্রসিং ৯৯টি এবং অবৈধ ৭৭টি। সবচেয়ে উদ্বেগজনক পরিস্থিতি দোহাজারী-কক্সবাজার অংশে। এ অংশের ৭২টি বৈধ লেভেলক্রসিংয়ের মধ্যে ৫৬টিতেই নেই গেটম্যান। এসব ক্রসিংয়ে ট্রেন আসার সময় যানবাহন ও পথচারীদের প্রবেশ ঠেকানোর মতো ব্যারিয়ারও নেই। ফলে পারাপারকারীদের নিজেদের সতর্কতার ওপরই নির্ভর করতে হচ্ছে।
চট্টগ্রাম রেলওয়ে থানার হিসাব অনুযায়ী, ২০২৪ সালে এ রেলপথে ট্রেনের ধাক্কায় ২৭ জনের মৃত্যু হয়। ২০২৫ সালে মারা যান ৪৩ জন। চলতি বছরের ২০শে নভেম্বর পর্যন্ত প্রাণ হারিয়েছেন আরও ৩৫ জন। তিন বছরে মোট প্রাণহানি ১০৫। এ ছাড়া ২০২৪ সালের অক্টোবরে ট্রেনের ধাক্কায় একটি হাতিরও মৃত্যু হয়। চট্টগ্রাম শেডের সহকারী লোকোমাস্টার অনিক বি. সৈকত শনিবার নিজের ফেসবুক পোস্টে জানান, দোহাজারীর পর নতুন রেলপথের বিভিন্ন স্থানে প্রায় ২০০ মিটার পর পর অবৈধ ক্রসিং রয়েছে। ইসলামাবাদ থেকে কক্সবাজার অংশে কোথাও কোথাও মাত্র ১০০ মিটার পর পরও এমন পারাপারের পথ দেখা যায়। তিনি বলেন, নতুন রেলপথ হওয়ায় স্থানীয় অনেক মানুষের কাছে ট্রেন এখনো নতুন অভিজ্ঞতা। রেললাইনের ওপর পাথর সাজিয়ে রাখা এবং ট্রেন চলাচলের সময়ও লাইনের আশপাশে অসতর্কভাবে চলাফেরার ঘটনা ঘটছে। শিশু-কিশোরদের পাশাপাশি বয়স্কদেরও এমন কর্মকাণ্ডে দেখা যায়। সিএনজি ও ব্যাটারিচালিত অটোরিকশার চালকদের বেপরোয়া আচরণ নিয়েও উদ্বেগ প্রকাশ করেন তিনি।
তিনি বলেন, রেললাইনের সমান্তরাল সড়কে চলাচলের সময় অনেক চালক ট্রেনের সঙ্গে পাল্লা দেয়ার চেষ্টা করেন। আবার আড়াআড়ি সড়কে ট্রেন আসার আগেই পার হওয়ার প্রবণতা রয়েছে। হুইসেল বাজিয়েও অনেক সময় তাদের সতর্ক করা যায় না। এসব যানবাহনের চালকদের বড় একটি অংশ কিশোর কিংবা সদ্য যুবক। অনিক বি. সৈকত আরও বলেন, স্থানীয় জনপ্রতিনিধিদের সহযোগিতায় বিভিন্ন গ্রাম ও পাড়ায় মানুষের চলাচলের জন্য একাধিক রাস্তা তৈরি করা হয়েছে। অনেক ক্ষেত্রে একটি নির্দিষ্ট রাস্তা দিয়ে রেললাইন পার হয়ে পরে সেটি বিভিন্ন দিকে ভাগ করে নেয়া সম্ভব। কিন্তু তা না করে বিচ্ছিন্নভাবে একাধিক রাস্তা তৈরি করা হচ্ছে। পরে এসব ক্রসিংয়ের নিরাপত্তার দায়িত্ব রেলওয়ের ওপর চাপিয়ে দেয়া হচ্ছে। তিনি জানান, চট্টগ্রাম-কক্সবাজার রুটে ট্রেন চলাচলের সময় অন্য রুটের তুলনায় অনেক বেশি হুইসেল দিতে হয়। দোহাজারীর পর এ রুটে ট্রেন ঘণ্টায় ৭০ থেকে ৮০ কিলোমিটার গতিতে চলাচল করে। এ অবস্থায় কোনো যানবাহনের সঙ্গে সংঘর্ষ হলে প্রাণহানির আশঙ্কা অনেক বেশি থাকে। দুর্ঘটনা এড়াতে রেলপথের আশপাশের প্রতিটি গ্রাম ও পাড়ায় জনসচেতনতা বাড়ানোর পাশাপাশি পরিকল্পিত ও নিরাপদ পারাপারের ব্যবস্থা নিশ্চিত করার আহ্বান জানিয়েছেন তিনি। এদিকে দুর্ঘটনা প্রতিরোধে অবৈধ ক্রসিং বন্ধ এবং গেটম্যান নিয়োগের উদ্যোগ নেয়ার কথা জানিয়েছে রেলওয়ে কর্তৃপক্ষ।
উল্লেখ্য, সর্বশেষ শুক্রবার বিকাল সাড়ে ৩টার দিকে কক্সবাজারের রামু উপজেলার দক্ষিণ মিঠাছড়িতে লেভেলক্রসিং পার হওয়ার সময় সিএনজিচালিত অটোরিকশাকে ধাক্কা দেয় ট্রেন। এতে একই পরিবারের দুই শিশুসহ চারজন নিহত হন। আহত হন আরও তিনজন। এ দুর্ঘটনা আবারো সামনে এনেছে রেলপথের নিরাপত্তাব্যবস্থার দুর্বলতা।
