স্বাস্থ্য ও পরিবারকল্যাণ প্রতিমন্ত্রী ড. এম এ মুহিত বলেছেন, সিরাজগঞ্জে ৩৩ হাজার মানুষ দৃষ্টিহীন বা অন্ধ। কিন্তু আশার কথা হচ্ছে এই ৩৩ হাজার মানুষের মধ্যে অন্তত ২৬ হাজার মানুষকে ছানি অপারেশনের মাধ্যমে দৃষ্টি ফিরিয়ে দেয়া সম্ভব। আগামী দুই বছরের মধ্যে এসব মানুষের চোখে আলো ফেরাতে বিনামূল্যে অন্তত ৫০ হাজার ছানি অপারেশন করা হবে। শনিবার দুপুরে সিরাজগঞ্জ শহরের ইসলামিয়া সরকারি কলেজ মাঠে সিরাজগঞ্জ ‘ছানিমুক্ত’ জেলা ঘোষণার এক উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
এ সময় চক্ষু ক্যাম্প বসিয়ে বিনামূল্যে প্রায় দেড় হাজার মানুষকে চক্ষুসেবা দেয়া হয়। স্বাস্থ্য প্রতিমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের জন্মদিনকে স্মরণীয় করে রাখতে এই বিশেষ উদ্যোগ নেয়া হয়েছে। ২০২৮ সালের ২০শে নভেম্বর প্রধানমন্ত্রীর জন্মদিনে তাকে একটি ছানিমুক্ত সিরাজগঞ্জ জেলা উপহার দেয়াই এ কর্মসূচির মূল লক্ষ্য। এ লক্ষ্য বাস্তবায়নে আগামী দুই বছরের মধ্যে সিরাজগঞ্জ জেলার প্রত্যেক ইউনিয়নে বিনামূল্যে চক্ষুশিবিরের মাধ্যমে অন্তত ৫ থেকে ৬ লাখ মানুষের চোখ পরীক্ষা করা হবে।
এরমধ্যে ৩ থেকে ৪ লাখ মানুষের প্রয়োজনীয় চশমা পৌঁছে দেয়া হবে। সেইসঙ্গে দৃষ্টিহীন ২৬ হাজার মানুষের চোখে আলো ফেরাতে বিনামূল্যে ৫০ হাজার ছানি অপারেশন করা হবে। সিরাজগঞ্জ প্রফেসর এম এ মতিন মেমোরিয়াল বিএনএসবি বেজ আই হসপিটালের সাধারণ সম্পাদক ও স্বাস্থ্য প্রতিমন্ত্রীর এপিএস আল-মামুনের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জাতীয় চক্ষুবিজ্ঞান ইনস্টিটিউট হাসপাতালের ভারপ্রাপ্ত পরিচালক ডা. সায়ীদ মেহবুল উল কাদির, জেলা প্রশাসক আমিনুল ইসলাম, পুলিশ সুপার (এসপি) সাইফুল ইসলাম সানতু, সিভিল সার্জন ডা. নুরুল আমীন ও জেলা বিএনপি’র সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু। এ সময় জেলা প্রশাসন, স্বাস্থ্য বিভাগের বিভিন্ন কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।
