শালিসে ছুরিকাঘাতে আহত ৬, অভিযুক্ত আটক

ফন্ট সাইজ:

কুমিল্লার বরুড়ায় গ্রাম্য শালিসের এক বৈঠকে ছুরিকাঘাতে ৬ জন আহত হয়েছেন। শনিবার সকালে উপজেলার ঝলম ইউনিয়নের ডেওয়াতলী গ্রামের গাজী বাড়িতে জমিসংক্রান্ত বিরোধ মিটানোর এক শালিসী বৈঠকে এ ঘটনা ঘটে। আহতদের মধ্যে ৫ জনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য কুমিল্লা মেডিকেল কলেজ (কুমেক) হাসপাতালে পাঠানো হয়েছে।

এ ঘটনায় অভিযুক্ত ছুরিকাঘাতকারী সামছুল আলমকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেছেন স্থানীয়রা। আহতদের মধ্যে পাঁচজন হলেন— তলাগ্রামের কালামের ছেলে ইমাদ (২১), ডেওয়াতলী গ্রামের আব্দুর রহমানের ছেলে তাজুল ইসলাম (৭০), তাজুল ইসলামের ছেলে আশেকে এলাহি (৩৫), আব্দুল জলিলের ছেলে আব্দুল আজিজ (৪৫) এবং আমিনের ছেলে জাহাঙ্গীর (৪০)। তবে অপর আহত ব্যক্তির পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

স্থানীয় সূত্রে জানা যায়, আপন ভাই-বোন ও চাচাতো ভাইদের মধ্যে জমিসংক্রান্ত বিরোধ মীমাংসার জন্য গাজী বাড়িতে গ্রাম্য শালিস বৈঠক বসে। বৈঠক চলাকালে কথা-কাটাকাটির একপর্যায়ে অভিযুক্ত সামছুল আলম উত্তেজিত হয়ে উপস্থিত লোকজনের ওপর ছুরি দিয়ে হামলা চালায় বলে অভিযোগ রয়েছে। এতে চাচাতো ভাই, দুলাভাই, ভাগিনাসহ বিরোধ নিষ্পত্তির জন্য এগিয়ে আসা মোট ৬ জন আহত হন।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক জানান, আহত ৬ জনের মধ্যে ৫ জনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদের উন্নত চিকিৎসার জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। বরুড়া থানার ওসি কাজী নাজমুল হক জানান, বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। অভিযুক্তকে থানায় নেয়া হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।