১৫০ টাকার জন্য ছুরিকাঘাত, প্রাণ গেল যুবকের

ফন্ট সাইজ:

চট্টগ্রাম নগরের পাহাড়তলী এলাকায় গাড়ির ওয়েবিলের নামে ১৫০ টাকা চাঁদা দাবির প্রতিবাদ করায় ছুরিকাঘাতে মৃত্যু হয়েছে মোহাম্মদ মাসুম (২৮) নামে এক যুবকের। বুধবার রাতে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

গতকাল দুপুরে নিহতের মামা মো. হাফিজুর রহমান (৫৪) বাদী হয়ে পাঁচজনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা আরও দুই থেকে তিনজনকে আসামি করে হত্যা মামলা দায়ের করেন। নিহত মাসুম নগরের আকবরশাহ থানার একেখান এলাকার ফরিদারপাড়ার বাসিন্দা মাহবুবুল আলমের একমাত্র ছেলে। মাসুম এক কন্যাসন্তানের জনক। মামলার এজাহারে অভিযুক্তরা হলো- আকবরশাহ থানার ৩ নম্বর ঝিল এলাকার মো. হাসান (৪০), গোলপাহাড় এলাকার জাকির প্রকাশ মাম জাকির (৪২), অনিক (২৩), সাইফুল (৩২) ও মো. আজম (৩০)। মামলার বাদী মো. হাফিজুর রহমান বলেন, মাসুমের এক বন্ধু ম্যাক্সিমা গাড়ি চালায়।

ওই বন্ধুর সঙ্গে কয়েকজনের বাকবিতণ্ডার খবর পেয়ে বিষয়টি মীমাংসা করতে এগিয়ে যান মাসুম। এ সময় হামলাকারীরা দু’জনকেই ছুরিকাঘাত করে। পেটে ছুরিকাঘাতে গুরুতর আহত মাসুমকে চমেক হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, গত সোমবার রাত সাড়ে ৮টার দিকে নগরের একেখান মোড়ের কুটুমবাড়ি রেস্টুরেন্টের সামনে এ ঘটনা ঘটে। গাড়ির ওয়েবিলের নামে ১৫০ টাকা দাবি করা হলে চালক মো. শাহাদাত হোসেন তা দিতে অস্বীকৃতি জানান। এ নিয়ে কয়েকজনের সঙ্গে তার কথাকাটাকাটি হয়। একপর্যায়ে তাকে ছুরিকাঘাত করা হয়। বন্ধুকে রক্ষা করতে এগিয়ে গেলে মাসুমকেও ছুরিকাঘাত করে হামলাকারীরা। মো. রুহুল আমিন লাবু বলেন, বৃহস্পতিবার দুপুরে তার পরিবারের পক্ষ থেকে থানায় হত্যা মামলা করা হয়েছে। অভিযুক্তদের গ্রেপ্তারে পুলিশের অভিযান চলছে।