যুক্তরাজ্য ভিত্তিক আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন শিক্ষা ও গবেষণা বিষয়ক সাময়িকী টাইম্স হায়ার এডুকেশন (টিএইচই) ইন্টারডিসিপ্লিনারি সায়েন্স র্যাঙ্কিং ২০২৭-এ দেশের সকল কৃষি বিশ্ববিদ্যালয়ের মধ্যে প্রথম স্থান অর্জন করেছে গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয় (গাকৃবি)। একই র্যাঙ্কিংয়ে বাংলাদেশের পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে দ্বিতীয় এবং পাবলিক-প্রাইভেট বিশ্ববিদ্যালয় মিলিয়ে তৃতীয় স্থান অধিকার করে দেশের উচ্চশিক্ষা ও গবেষণা অঙ্গনে নিজেদের অগ্রযাত্রার আরেকটি উজ্জ্বল স্বাক্ষর রাখলো বিশ্ববিদ্যালয়টি। আন্তর্জাতিক পরিমণ্ডলে গৌরবময় অবস্থান নিশ্চিত করে গবেষণার উৎকর্ষ, বহুমাত্রিক জ্ঞানচর্চা ও গুণগত গবেষণায় নিজেদের ক্রমবর্ধমান সক্ষমতার পরিচয় দিয়েছে সেন্টার অব এক্সিলেন্স খ্যাত গাকৃবি।
গত ১৮ই নভেম্বর (বুধবার) টিএইচই তাদের অফিসিয়াল ওয়েবসাইটে এ র্যাঙ্কিং প্রকাশ করে। এবারের মূল্যায়নে বিশ্বের ১০২টি দেশ ও অঞ্চলের ১ হাজার ৫৮টি উচ্চশিক্ষা প্রতিষ্ঠান স্থান পেয়েছে। আন্তর্জাতিক এ স্বীকৃতি গাকৃবির গবেষণার ক্রমবর্ধমান সক্ষমতা, আন্তঃবিষয়ক জ্ঞানচর্চা এবং বৈশ্বিক উচ্চশিক্ষা অঙ্গনে এগিয়ে যাওয়ার অগ্রযাত্রাকে আরও সুদৃঢ় করেছে।
আন্তঃবিষয়ক বিজ্ঞান গবেষণায় বিশ্ববিদ্যালয়গুলোর সক্ষমতা ও প্রভাব মূল্যায়নে র্যাঙ্কিংটিতে গবেষণায় অর্থায়ন, প্রাতিষ্ঠানিক প্রক্রিয়া ও গবেষণায় সহায়তা এবং গবেষণার ফলাফল ও প্রভাব এ তিনটি প্রধান বিষয়কে বিবেচনা করা হয়েছে। এসব সূচকে গাকৃবির সামগ্রিক সক্ষমতা ও গবেষণার পরিবেশের প্রতিফলন ঘটেছে। এ অর্জনে সন্তোষ প্রকাশ করে গাকৃবির উপাচার্য অধ্যাপক ড. জিকেএম মোস্তাফিজুর রহমান বলেন, আন্তর্জাতিক র্যাঙ্কিংয়ে গাকৃবির ধারাবাহিক অগ্রগতি আমাদের সম্মিলিত প্রচেষ্টার স্বীকৃতি। আমাদের লক্ষ্য মানসম্মত শিক্ষা, বিশ্বমানের গবেষণা এবং শিল্প-একাডেমিয়া সহযোগিতা জোরদার করে গবেষণার সুফল সমাজ ও মানুষের কাছে পৌঁছে দেয়া।
