একাত্তরে মানবতাবিরোধী অপরাধে জামায়াতে ইসলামীর নেতা আবদুল কাদের মোল্লার ফাঁসির রায় নিয়ে প্রধান বিচারপতির মন্তব্যের খবরকে অসত্য, বিভ্রান্তিকর ও মনগড়া বলে দাবি করেছে বাংলাদেশ সুপ্রিম কোর্টের আপিল বিভাগ এবং আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটরের কার্যালয়। বৃহস্পতিবার পৃথক দুটি প্রেস বিজ্ঞপ্তিতে এ দাবি করা হয়।
সুপ্রিম কোর্টের আপিল বিভাগের বিজ্ঞপ্তিতে বলা হয়, বৃহস্পতিবার প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরীর নেতৃত্বে পাঁচ সদস্যের আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চে S.M. Aminuzzaman Faruk and ors. vs International Crimes Tribunal (Criminal Appeal 8/2024) মামলার শুনানি হয়। শুনানিতে রাষ্ট্রপক্ষে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম অংশ নেন। এ সময় অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ অনীক রুশদ ইকবালসহ অন্য আইনজীবীরাও উপস্থিত ছিলেন।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, আদালতে সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ ছাড়া অন্য কেউ উপস্থিত ছিলেন না। মামলাটির শুনানির সময় প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী ‘সংক্ষিপ্ত রায়ে, কাদের মোল্লার ফাঁসি ছিল ইতিহাসের নিকৃষ্টতম ঘটনা’—এ ধরনের কোনও মন্তব্য করেননি।
প্রধান বিচারপতির নামে এ ধরনের মন্তব্য গণমাধ্যমে প্রকাশিত হওয়াকে অসত্য, বিভ্রান্তিকর ও মনগড়া বলে দাবি করেছে সুপ্রিম কোর্ট। এ ধরনের সংবাদ দেশের সর্বোচ্চ আদালতের মর্যাদা ও ভাবমূর্তি ক্ষুণ্ন করে বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।
একই দিন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলামও পৃথক একটি প্রেস রিলিজ দেন। সেখানে তিনি জানান, গত ১৮ই ও ১৯ই নভেম্বর আপিল বিভাগের কার্যতালিকার ১ নম্বর আইটেমের শুনানিতে তিনি ব্যক্তিগতভাবে অংশ নেন। শুনানির সময় প্রধান বিচারপতি কাদের মোল্লার ফাঁসি নিয়ে কোনও মন্তব্য করেননি। প্রধান বিচারপতিকে ভুল উদ্ধৃত করে গণমাধ্যমে প্রচারিত সংবাদটি অসত্য ও বিভ্রান্তিকর উল্লেখ করে চিফ প্রসিকিউটর জানান, এ ধরনের সংবাদে তিনি মর্মাহত হয়েছেন। পাশাপাশি সংশ্লিষ্ট সংবাদটি অনতিবিলম্বে সব নিউজ পোর্টাল থেকে প্রত্যাহারেরও অনুরোধ জানান তিনি।
কাদের মোল্লার ফাঁসি নিয়ে প্রধান বিচারপতির মন্তব্যের খবরকে ‘অসত্য ও মনগড়া’ বলল আপিল বিভাগ ও চিফ প্রসিকিউটরের কার্যালয়
স্টাফ রিপোর্টার
অনলাইন
৯ মিনিট আগে
১৯ নভেম্বর (বৃহস্পতিবার), ২০২৬, ১১ঃ৪৪ (অপরাহ্ণ)
লিংক কপি হয়েছে!
ফন্ট সাইজ:
100%
