মিয়ানমারের সামরিক অ্যাটাশেকে বহিষ্কারের নির্দেশ যুক্তরাজ্যের

রোহিঙ্গা গণহত্যার রায়

মিয়ানমারের সামরিক অ্যাটাশেকে বহিষ্কারের নির্দেশ যুক্তরাজ্যের

ফন্ট সাইজ:

রোহিঙ্গা জনগোষ্ঠীর বিরুদ্ধে গণহত্যার দায়ে মিয়ানমারকে দোষী সাব্যস্ত করে আন্তর্জাতিক বিচার আদালতের (আইসিজে) রায়ের পর তাৎক্ষণিক পদক্ষেপ নিয়েছে যুক্তরাজ্য। দেশটিতে নিযুক্ত মিয়ানমারের প্রতিরক্ষা অ্যাটাশেকে বহিষ্কারের নির্দেশ দেয়া হয়েছে। একইসঙ্গে জাতিসংঘ নিরাপত্তা পরিষদে জরুরি বৈঠক আহ্বানের উদ্যোগ নিয়েছে লন্ডন। এ ছাড়া মিয়ানমারের চার্জ দ্য অ্যাফেয়ার্সকে তলব করার সিদ্ধান্ত নিয়েছে বৃটিশ সরকার।

বৃহস্পতিবার আইসিজের রায়ের পর যুক্তরাজ্যের পররাষ্ট্রমন্ত্রী এড মিলিব্যান্ড এক বিবৃতিতে এসব পদক্ষেপের কথা জানান।

বিবৃতিতে তিনি বলেন, আইসিজের এই রায় একটি ঐতিহাসিক সিদ্ধান্ত। এতে রোহিঙ্গাদের বিরুদ্ধে মিয়ানমারের গণহত্যার বিষয়টি উঠে এসেছে। যুক্তরাজ্য আন্তর্জাতিক আদালত এবং আন্তর্জাতিক আইনব্যবস্থার প্রতি পূর্ণ সমর্থন পুনর্ব্যক্ত করছে। একইসঙ্গে মিয়ানমারের সামরিক শাসকগোষ্ঠীর হাতে রোহিঙ্গাদের ওপর সংঘটিত ভয়াবহ নির্যাতনের নিন্দা জানাচ্ছে।

এড মিলিব্যান্ড বলেন, এসব অপরাধের জন্য দায়ীদের জবাবদিহি নিশ্চিত করতে যুক্তরাজ্য দৃঢ়প্রতিজ্ঞ। মিয়ানমার সরকারের বিরুদ্ধে বিদ্যমান নিষেধাজ্ঞার ধারাবাহিকতায় আইসিজের রায়ের পরপরই দেশটির প্রতিরক্ষা অ্যাটাশেকে বহিষ্কারের নির্দেশ দেয়া হয়েছে। পাশাপাশি রায়ের বিষয়ে আলোচনার জন্য জাতিসংঘ নিরাপত্তা পরিষদের জরুরি অধিবেশন আহ্বানের দাবি জানানো হয়েছে।

তিনি আরও বলেন, এ ধরনের অপরাধ করে কেউ যাতে দায়মুক্তি না পায়, আইসিজের রায়ের মধ্য দিয়ে সেই বার্তা নিশ্চিত করতে হবে। বছরের পর বছর রোহিঙ্গারা সহিংসতা, বাস্তুচ্যুতি ও নিপীড়নের শিকার হয়েছেন। মিয়ানমারকে আদালতের রায় সম্পূর্ণভাবে মেনে চলতে হবে। রায় বাস্তবায়ন, জবাবদিহি ও রোহিঙ্গাদের ন্যায়বিচার নিশ্চিত করতে আন্তর্জাতিক সম্প্রদায়কেও ভূমিকা রাখতে হবে।

বিবৃতিতে বৃটিশ পররাষ্ট্রমন্ত্রী জানান, মিয়ানমারের চার্জ দ্য অ্যাফেয়ার্সকে তলব করা হচ্ছে। দায়ীদের জবাবদিহি নিশ্চিত করতে আগামী দিনগুলোতে আরও পদক্ষেপের ঘোষণা দেয়া হবে। রোহিঙ্গাদের অধিকার এবং মিয়ানমারে শান্তিপূর্ণ, গণতান্ত্রিক ও অন্তর্ভুক্তিমূলক ভবিষ্যৎ প্রতিষ্ঠার প্রতি যুক্তরাজ্যের সমর্থন অব্যাহত থাকবে।