গণ-অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশে ফেরার ঘোষণাকে কেন্দ্র করে আওয়ামী লীগের নাশকতামূলক কর্মকাণ্ড ও সন্ত্রাসী তৎপরতা প্রতিহত করতে ঐক্যবদ্ধভাবে রাজপথে থাকার ঘোষণা দিয়েছে জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্য। গতকাল রাজধানীর মিন্টো রোডে বিরোধীদলীয় নেতার সরকারি বাসভবনে ১১ দলীয় ঐক্যের শীর্ষ নেতাদের বৈঠক শেষে বাংলাদেশ খেলাফত মজলিসের আমীর মাওলানা মামুনুল হক এ ঘোষণা দেন। জামায়াতের আমীর শফিকুর রহমানের সভাপতিত্বে বৈঠকটি অনুষ্ঠিত হয়।
মামুনুল হক বলেন, সারা দেশে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের যে নৈরাজ্য চলছে, সরকার তা কঠোর হাতে দমন করবে, সেটাই আশা করছে জামায়াত জোট। ইনশাআল্লাহ আমরা ১১ দল রাজপথে আছি, অব্যাহতভাবে জনগণকে সঙ্গে নিয়ে রাজপথে দেশবিরোধী যেকোনো অপতৎপরতা, সন্ত্রাসী কার্যকলাপ, নৈরাজ্যকে আমরা ঐক্যবদ্ধভাবে প্রতিহত করবো। নৈরাজ্যবাদী শক্তিকে আমরা স্পষ্ট বার্তা দিতে চাই- নৈরাজ্য ও জানমালের ক্ষয়ক্ষতির মাধ্যমে কোনোদিন এইভাবে একটি দেশকে, একটি জাতিকে পরাস্ত করে দিতে পারবে বলে যদি তারা মনে করে থাকে, তাহলে তারা বোকার স্বর্গে বাস করছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তারা ধৈর্য এবং সহনশীলতার সঙ্গে পরিস্থিতি মোকাবিলা করবে। জনগণকে আমরা উদাত্ত আহ্বান জানাতে চাই যে, সকলে সম্মিলিত গণপ্রতিরোধের মাধ্যমে এই অপশক্তিকে প্রতিহত করতে হবে।
বুধবার জাতীয় সংসদে প্রধানমন্ত্রী ও বিরোধীদলীয় নেতার বৈঠকের বিষয়ে মামুনুল হক বলেন, ঐক্যের যে প্রশ্ন, সেটা সরকার অনুভব করছে বলে স্বীকার করছে। আমাদের পক্ষ থেকে বরাবরই বার্তা দেয়া হচ্ছে যে ঐক্যের প্রধান ভিত হবে বিপ্লবের চেতনা বাস্তবায়ন এবং অবশ্যই গণভোটের রায় কার্যকর করা। সেটার ভিত্তিতে আমরা আশা করি যে, গণভোটের রায় কার্যকর করা নিয়ে দেশের সাধারণ মানুষের যে কনসার্ন আছে সেটাকে সরকার নতুন করে আমলে নেবে। তিনি আশা প্রকাশ করে বলেন, সরকার যে অব্যাহতভাবে গণরায়কে উপেক্ষা করার যে মনোভাব তাদের ছিল সেখান থেকে পিছু হটবে এবং জনগণকে নিয়ে ঐক্যবদ্ধভাবে এই নৈরাজ্যের বিরুদ্ধে কার্যকর প্রতিরোধ গড়ে তুলবে।
এ সময় ১১ দলীয় ঐক্যের সমন্বয়ক ও জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আযাদ বলেন, পতিত স্বৈরাচারের সন্ত্রাসী কার্যক্রমের কারণে দেশ অস্থিরতার মধ্যে চলে গেছে। এর ফলে জাতির মধ্যে আতঙ্কজনক পরিস্থিতি বিরাজ করছে। সরকারের প্রধান দায়িত্ব ছিল আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং জনগণের নিরাপত্তা নিশ্চিত করা। তবে সরকারের দৃশ্যমান পদক্ষেপের অভাবে ফ্যাসিবাদীরা এ ধরনের অপতৎপরতা চালানোর সুযোগ পেয়েছে। গণভোটের রায় বাস্তবায়ন না করে সরকার ফ্যাসিবাদবিরোধী ঐক্যকে বিভক্ত করেছে। সরকার গড়িমসি না করে জুলাই সনদ গণভোটের আলোকে বাস্তবায়ন করলে আজকের এই পরিস্থিতি তৈরি হতো না।
জোটের বৈঠকে আরও উপস্থিত ছিলেন- বিরোধীদলীয় নেতা ও জামায়াতের আমীর শফিকুর রহমান, এলডিপি’র প্রেসিডেন্ট অলি আহমদ, জাতীয় নাগরিক পার্টি-এনসিপি’র সিনিয়র আহ্বায়ক নাসীরুদ্দীন পাটওয়ারী, জামায়াতের নায়েবে আমীর এ টি এম আজহারুল ইসলাম।
