গণহত্যার দায়ে অভিযুক্ত মিয়ানমার

গণহত্যার দায়ে অভিযুক্ত মিয়ানমার

ফন্ট সাইজ:

রোহিঙ্গা জনগোষ্ঠীর বিরুদ্ধে গণহত্যার দায়ে মিয়ানমার রাষ্ট্রকে দোষী সাব্যস্ত করেছেন আন্তর্জাতিক বিচার আদালত (আইসিজে)। ২০১৬ ও ২০১৭ সালে রাখাইন রাজ্যে দেশটির সামরিক বাহিনীর চালানো নৃশংসতাকে গণহত্যা হিসেবে স্বীকৃতি দিয়ে গতকাল নেদারল্যান্ডসের দ্য হেগে এই ঐতিহাসিক রায় দেন এই আদালতের প্রধান বিচারক ইয়াসাওয়া ইয়ুজি। আন্তর্জাতিক বিচারিক ইতিহাসে কোনো রাষ্ট্রের বিরুদ্ধে গণহত্যার দায় প্রতিষ্ঠার ক্ষেত্রে এই রায়কে গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে দেখা হচ্ছে। সাত বছর ধরে চলা আইনি লড়াইয়ের পর আসা এই রায়ে রোহিঙ্গাদের ন্যায়বিচার পাওয়ার প্রত্যাশা নতুন মাত্রা পেয়েছে। একই সঙ্গে দীর্ঘদিন ধরে রোহিঙ্গা সংকটের বোঝা বহন করে আসা বাংলাদেশের জন্যও রায়টিকে ইতিবাচক হিসেবে দেখছে সরকার।

রায়কে স্বাগত জানিয়ে পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির বলেছেন, রোহিঙ্গা জনগোষ্ঠীর পাশাপাশি এই সংকটে ক্ষতিগ্রস্ত দেশগুলোর জন্যও ক্ষতিপূরণের বিষয়ে ইতিবাচক ফলাফল এসেছে। গতকাল সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, আন্তর্জাতিক বিচার আদালতের বিচারিক ইতিহাসে এই প্রথম কোনো রাষ্ট্রকে গণহত্যার দায়ে দোষী সাব্যস্ত করা হয়েছে। এর বেশ গুরুতর প্রভাব রয়েছে। গভীর এই সংকট সমাধানে এখন কীভাবে সামনে এগোনো হবে, সেই ক্ষেত্রেও রায়টির তাৎপর্য রয়েছে।

একই দিন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম বলেছেন, এই রায় রোহিঙ্গা প্রত্যাবাসনের পক্ষে বাংলাদেশের অবস্থানকে আরও জোরালো করবে। আন্তর্জাতিক সমপ্রদায়ের কাছে রোহিঙ্গা সংকট তুলে ধরা এবং মিয়ানমারের ওপর চাপ তৈরির ক্ষেত্রে রায়টি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করেন তিনি। তার মতে, মিয়ানমার সরকার ও আরাকান আর্মির ওপর আন্তর্জাতিক চাপ প্রয়োগ করে রোহিঙ্গাদের নিরাপদ ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসন শুরু করার একটি বড় ক্ষেত্র তৈরি হয়েছে।

রায়ে মিয়ানমারকে গণহত্যার জন্য দায়ী করা হয়েছে। রোহিঙ্গা জনগোষ্ঠীকে জাতিগতভাবে ধ্বংস করার উদ্দেশ্যেই ওই গণহত্যা চালানো হয়েছে বলে উল্লেখ করেছেন আন্তর্জাতিক এই আদালত। বিচারক বলেন, আদালত সম্পূর্ণভাবে নিশ্চিত যে, মিয়ানমার গণহত্যা সনদের আওতাভুক্ত অপরাধ সংঘটিত করেছে। দেশটিতে বসবাসকারী রোহিঙ্গা জনগোষ্ঠীর একটি উল্লেখযোগ্য অংশকে ধ্বংস করার উদ্দেশ্যেই এসব কর্মকাণ্ড চালানো হয়।

প্রায় ১০ হাজার রোহিঙ্গা হত্যার প্রমাণ: ২০১৭ সালের আগস্টে রাখাইনে শুরু হওয়া সামরিক অভিযানে নির্বিচার হত্যাকাণ্ড, যৌন সহিংসতা ও শিশুদের ওপর চরম নৃশংসতার প্রমাণ পেয়েছে আদালত। আদালতের পর্যবেক্ষণে বলা হয়, মিয়ানমারের নিরাপত্তা বাহিনী হাজার হাজার বেসামরিক রোহিঙ্গাকে হত্যা করেছে। প্রায় ১০ হাজার রোহিঙ্গাকে হত্যার যে হিসাব উপস্থাপন করা হয়েছে, সাক্ষ্যপ্রমাণ তা সমর্থন করে।

এ ছাড়া নিরাপত্তা বাহিনী ব্যাপক যৌন সহিংসতা চালিয়েছে, শিশুদের ওপর চরম নির্যাতন করেছে এবং বাংলাদেশে পালিয়ে যাওয়ার চেষ্টা করা রোহিঙ্গাদের ওপর হামলা চালিয়েছে। গণহত্যার অভিযোগ প্রতিষ্ঠার ক্ষেত্রে যৌন সহিংসতার বিষয়টিও বিশেষ গুরুত্ব পেয়েছে।

১৯৪৮ সালের জাতিসংঘ গণহত্যা সনদ অনুযায়ী, কোনো জাতি, নৃগোষ্ঠী, বর্ণ বা ধর্মীয় গোষ্ঠীকে সম্পূর্ণ বা আংশিকভাবে ধ্বংস করার উদ্দেশ্যে নির্দিষ্ট কিছু কর্মকাণ্ড চালানো হলে তা গণহত্যা হিসেবে বিবেচিত হবে। এর মধ্যে জন্ম প্রতিরোধের উদ্দেশ্যে সংঘটিত অপরাধও রয়েছে। তদন্তকারীদের মতে, রোহিঙ্গা নারীদের ওপর পরিকল্পিত দলবদ্ধ ধর্ষণ ও যৌনাঙ্গে আঘাতের ঘটনাগুলো তাদের প্রজননক্ষমতা নষ্ট করার উদ্দেশ্যে চালানো হয়েছিল।

গাম্বিয়ার মামলায় ঐতিহাসিক রায়: ২০১৯ সালে পশ্চিম আফ্রিকার মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশ গাম্বিয়া মিয়ানমারের বিরুদ্ধে আন্তর্জাতিক বিচার আদালতে মামলাটি দায়ের করে। রোহিঙ্গাদের বিরুদ্ধে গণহত্যা সনদ লঙ্ঘনের অভিযোগ এনে দেশটির পক্ষ থেকে বিচার চাওয়া হয়। ইসলামী সহযোগিতা সংস্থার (ওআইসি) সমর্থনে মামলাটি করা হয়েছিল।

গাম্বিয়ার অভিযোগ ছিল, রাখাইনে সামরিক অভিযানের সময় রোহিঙ্গাদের ধ্বংস করার উদ্দেশ্যে পরিকল্পিতভাবে হত্যাকাণ্ড, ধর্ষণ ও অন্যান্য নৃশংসতা চালানো হয়েছে। মানুষ যখন প্রাণ বাঁচাতে পালিয়ে যাচ্ছিল, তখন তাদের লক্ষ্য করে গুলি চালানো এবং তাদের ফিরে আসার পথ বন্ধ করে দেয়ার মতো ঘটনাও গণহত্যার উদ্দেশ্য প্রমাণ করে।
গত জানুয়ারিতে আন্তর্জাতিক বিচার আদালত বাংলাদেশে আশ্রয় নেয়া রোহিঙ্গা শরণার্থীদের সাক্ষ্য গ্রহণ করে। কক্সবাজারের শরণার্থী শিবির থেকে কয়েকজন প্রত্যক্ষদর্শী হেগে গিয়ে আদালতে তাদের অভিজ্ঞতা তুলে ধরেন। বর্তমানে বাংলাদেশে বিশ্বের বৃহত্তম শরণার্থী শিবিরে ১০ লাখের বেশি রোহিঙ্গা বসবাস করছে।

অন্যদিকে বৌদ্ধ সংখ্যাগরিষ্ঠ মিয়ানমারে ৬ লাখেরও কম রোহিঙ্গা অবশিষ্ট রয়েছে বলে ধারণা করা হয়। ২০১৭ সালে বাংলাদেশে পালিয়ে যাওয়া রোহিঙ্গারা দ্য গার্ডিয়ানকে তোলাতুলি গ্রামের গণহত্যার বর্ণনা দিয়েছিলেন। তাদের ভাষ্য অনুযায়ী, সেখানে বেসামরিক মানুষকে পরিকল্পিতভাবে গুলি করে হত্যা, গণকবর তৈরি এবং শিশুদের নদীতে ডুবিয়ে মারার ঘটনা ঘটেছিল। পরে স্যাটেলাইট চিত্রে গ্রামটি পুড়িয়ে দেয়ার প্রমাণও পাওয়া যায়। মানবাধিকার তদন্তকারীদের কাছে এসব ঘটনা গণহত্যার অভিযোগ প্রতিষ্ঠার গুরুত্বপূর্ণ উপাদান হয়ে ওঠে।

গণহত্যার অভিযোগ অস্বীকার মিয়ানমারের: এদিকে মিয়ানমার বরাবরই গণহত্যার অভিযোগ অস্বীকার করে আসছে। দেশটির দাবি, ২০১৭ সালের সামরিক অভিযান ছিল আরাকান রোহিঙ্গা স্যালভেশন আর্মির (আরসা) গেরিলা ধাঁচের হামলার জবাবে পরিচালিত সন্ত্রাসবিরোধী অভিযান। তবে আদালত সাক্ষ্যপ্রমাণের ভিত্তিতে মিয়ানমারের এই অবস্থানের বিপরীতে গণহত্যার দায় নির্ধারণ করেছেন। ২০১৬-১৭ সালের অভিযানের সময় সামরিক বাহিনীর নেতৃত্বে ছিলেন মিন অং হ্লাইং। ২০২১ সালে তিনি অং সান সুচির নির্বাচিত সরকারকে উৎখাত করে সামরিক অভ্যুত্থান ঘটান। এরপর থেকে দেশটিতে গৃহযুদ্ধ চলছে, যাতে কয়েক হাজার মানুষের প্রাণহানি হয়েছে। চলতি বছরের এপ্রিলে তিনি বেসামরিক প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। রোহিঙ্গাদের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের অভিযোগে আন্তর্জাতিক অপরাধ আদালতেও (আইসিসি) তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির আবেদন রয়েছে। তবে আইসিসি ব্যক্তির অপরাধের বিচার করে, আর আন্তর্জাতিক বিচার আদালত রাষ্ট্রের আন্তর্জাতিক আইনি দায় নির্ধারণ করে।