মৌলভীবাজারে ব্যাটারিচালিত অটোরিকশা ছিনতাইয়ের উদ্দেশ্যে চালক হাবিবুর রহমান (১৮) হত্যাকাণ্ডের রহস্য উদ্ঘাটন এবং ঘটনার সঙ্গে জড়িত ৪ জনকে গ্রেপ্তার করেছে মৌলভীবাজার সদর মডেল থানা পুলিশ। লাশ উদ্ধারের আট ঘণ্টার মধ্যে তথ্যপ্রযুক্তি ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে হত্যাকাণ্ডে জড়িত তিনজন এবং চোরাই ব্যাটারি ক্রয়ের অভিযোগে একজনকে গ্রেপ্তার করা হয়। এ সময় নিহতের অটোরিকশার চারটি ব্যাটারি, ব্যবহৃত স্যান্ডেল ও গলাবন্ধনী উদ্ধার করা হয়েছে।
গ্রেপ্তারকৃতরা হলেন- আছকান মিয়া (২৭), আমিন আলী (৪৫), সোহেল মিয়া (৩২), এবং আব্দুল মোসাব্বির পুলিশ জানায়, মঙ্গলবার দুপুর প্রায় ১২টায় মৌলভীবাজার পৌরসভার বড়বাড়ী সোনাপুর এলাকায় অজ্ঞাতনামা এক ব্যক্তির মরদেহ পড়ে থাকার সংবাদ পেয়ে সদর মডেল থানা পুলিশ ঘটনাস্থলে যায়। পরে মরদেহের পরিচয় শনাক্ত করে জানা যায়, নিহত হাবিবুর রহমান (১৮) মৌলভীবাজার সদর উপজেলার শিমুলতলা বাজার এলাকার বাসিন্দা এবং পেশায় একজন অটোরিকশাচালক। তিনি ১৬ নভেম্বর সকাল থেকে অটোরিকশাসহ নিখোঁজ ছিলেন।
পুলিশ জানায়, ১৬ই নভেম্বর সকাল প্রায় ১০টার দিকে গ্রেপ্তারকৃত আছকান মিয়া সাধারণ যাত্রীর ছদ্মবেশে মৌলভীবাজার শহরের স্প্রিং কর্নার এলাকা থেকে হাবিবুরের অটোরিকশা ভাড়া করে গ্রেপ্তারকৃত আরেক আসামি আমিন আলীর বাড়িতে নিয়ে যায়। সেখানে আগে থেকেই অবস্থান করা আমিন ও আছকান কৌশলে হাবিবুরকে আটক করে। পরে আছকান ফোন করে অপর আসামি সোহেলকে সেখানে ডেকে নেয়। সোহেল বাড়িতে পৌঁছালে তিনজন মিলে হাবিবুরের গলায় গলাবন্ধনী পেঁচিয়ে এবং নাক-মুখ চেপে ধরে শ্বাসরোধে হত্যা করে।
হত্যাকাণ্ডের পর মরদেহটি আমিনের ঘরের একপাশে রেখে দেয়। পরবর্তী সময়ে সোহেল ও আছকান নিহতের অটোরিকশার চারটি ব্যাটারি বড়হাট এলাকার আবিদা স্টোরের দোকানি আব্দুল মোসাব্বিরের কাছে ৯ হাজার ৫০০ টাকায় বিক্রি করে। প্রাপ্ত টাকা দিয়ে ইয়াবা কিনে তারা পুনরায় আমিনের বাড়িতে যায় এবং তিনজন মিলে মাদক সেবন করে। পরে ১৭ই নভেম্বর রাত আনুমানিক একটার দিকে মরদেহ গোপন করার উদ্দেশ্যে আমিনের বাড়ির পশ্চিম পাশে ছড়ার পাড়ে ঝোপের মধ্যে ফেলে রেখে তারা নিজ নিজ বাড়িতে চলে যায়। এ ছাড়া আমিনের বাড়ির নিকট থেকে নিহতের ব্যবহৃত স্যান্ডেল ও গলাবন্ধনী উদ্ধার করে জব্দ করা হয়েছে। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের পর আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়ছে।
