দীর্ঘ চার বছর পর প্রাণ ফিরে পেলো মানিকগঞ্জ শহরের একমাত্র শিশু পার্ক। বৃহস্পতিবার সকালে শহীদ রফিক সড়ক সংলগ্ন মুক্তিযোদ্ধা পৌর শিশু পার্কের উদ্বোধন করেন খাদ্যমন্ত্রী আফরোজা খানম রিতা।
অনুষ্ঠানে খাদ্যমন্ত্রী বলেন, নির্বাচনের আগে আমাদের প্রতিশ্রুতি ছিল এই পার্কটা ওপেন করার। সেটা আজকে করতে পেরে সত্যিই আমি খুব আনন্দিত। এই শিশু পার্ক উদ্বোধনের মধ্যদিয়ে সবচেয়ে খুশি হয়েছে আমাদের শিশুরা। আপনারা দেখছেন আমাদের চারপাশে অনেক বাচ্চারা তারা খুবই খুশি, তারা নিজের উৎসাহে আজকে এখানে চলে আসছে। খাদ্যমন্ত্রী বলেন, মানিকগঞ্জে আসলে কোনো শিশু পার্কই ছিল না; বাচ্চারা যে সারাদিন শেষে একটু খেলাধুলা করবে, সেই জায়গাটা পর্যন্ত ছিল না। এই পার্কটিও দীর্ঘদিন অবহেলা ও অযত্নে পড়েছিল।
পার্কটি সংস্কারের বিষয়টি আমাদের নির্বাচনী ইশতেহারে ছিল। বিজয়ের মাস আসার আগেই পার্কটি শিশু-কিশোরদের ব্যবহার উপযোগী করে সাজাতে পেরে ভালো লাগছে। আজকে আমরা দেখতে পেলাম যে, আমাদের যে প্রতিশ্রুতি দেয়া ছিল, সেটা আমরা পূরণ করতে পেরেছি। এটি আমাদের বড় আনন্দের বিষয় যে, আমরা কথা দিয়েছি এবং সেই কথা রাখতে পেরেছি।
অনুষ্ঠানে জেলা প্রশাসক নাজমুন আরা সুলতানা সহ স্থানীয় জনপ্রতিনিধি, প্রশাসনের কর্মকর্তা ও রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। দীর্ঘদিন পর পার্কটি চালু হওয়ায় শিশুদের নির্মল বিনোদনের পাশাপাশি পরিবার নিয়ে সময় কাটানোর একটি সুন্দর পরিবেশ তৈরি হয়েছে বলে সন্তোষ প্রকাশ করেছেন অভিভাবকরা। বিকালে মুন্নু স্মৃতি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করেন খাদ্যমন্ত্রী।
