নড়াইলের কালিয়া উপজেলায় মোটরসাইকেল শোভাযাত্রায় হামলার ঘটনায় নিহত বিএনপি ও এর অঙ্গসংগঠনের দুই নেতার পরিবারে চলছে মাতম। নিহত সোহেল রানার বোন জ্যোতি খানম বলেন, ‘লাশ নেবো না— আমার ভাইরে তাজা আইনে দাও। ভাইরে আমি নিয়ে গেছি খুলনায়। আমার ভাইয়ের হাত-পায়ের রগ কাটা, গলায় কাটা, মাথায় গুলি। আমার সোনার টুকরো ভাই আমার চোখের সামনে নিস্তেজ হয়ে গেছে। আমি এর বিচার চাই।’
অন্যদিকে কালিয়া পৌর এলাকার মির্জাপুর গ্রামে শাহিনুর ইসলামের বাড়িতে গিয়ে দেখা যায়, আত্মীয়স্বজন ও প্রতিবেশীরা পরিবারকে সান্ত্বনা দিচ্ছেন। শাহিনুরের স্ত্রী রিমা খাতুন আক্ষেপ করে বলেন, ‘ঘটনা সবাই জানবে, শুনবে, কিন্তু ব্যথা কেউ পাবে না। আমার ভেতর যে যন্ত্রণা, কেউ তো দেখবে না। আমার সন্তান বাপ হারিয়েছে, আমি ১০ বছরের সংসার হারিয়েছি।’ শাহিনুরের বাবা নিছার উদ্দিন মোল্লা ছেলে হত্যার বিচার দাবি করে বলেন, ‘ওরা সন্ধ্যার সময় মোটরসাইকেল নিয়ে মিছিলে গিয়েছিল। সাবেক সংসদ সদস্য কবিরুল হকের বাড়ির কাছের একটা মোড়ে গেলে ওদের ওপর হামলা করে মেরেছে।’ গতকাল বিকাল পাঁচটায় কালিয়া উপজেলা বিএনপি কার্যালয়ের সামনে জানাজা শেষে তাদের নিজ নিজ পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। জানাজায় উপস্থিত ছিলেন— নড়াইল-১ আসনের সংসদ সদস্য বিশ্বাস জাহাঙ্গীর আলম, খুলনা মহানগর বিএনপি’র সভাপতি ও কেডিএ চেয়ারম্যান এডভোকেট শফিকুল ইসলাম মনা, নড়াইল জেলা বিএনপি’র সাধারণ সম্পাদক মো. মনিরুল ইসলাম, জেলা পরিষদের প্রশাসক মোস্তাফিজুর রহমান আলেক এবং কালিয়া উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক স ম ওহিদুজ্জামান মিলুসহ স্থানীয় নেতাকর্মীরা।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, বুধবার বিকালে কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের কর্মকাণ্ডের প্রতিবাদে কালিয়া পৌর এলাকায় মোটরসাইকেল শোভাযাত্রা বের করে বিএনপি ও সহযোগী সংগঠনগুলো। সন্ধ্যার পর শোভাযাত্রাটি পৌরসভার বেন্দারচর এলাকার বটতলা মোড়ে পৌঁছালে একদল লোক দেশীয় অস্ত্র নিয়ে মিছিলে হামলা চালায়। এতে সোহেল রানা, শাহিনুর ইসলাম এবং কালিয়া পৌর যুবদলের জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক মো. মফিজুর রহমান গুরুতর আহত হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে কালিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে সোহেল ও শাহিনুরের মৃত্যু হয়। কালিয়া উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক স ম ওহিদুজ্জামান মিলু অভিযোগ করেন, ৪০টি মোটরসাইকেলের শান্তিপূর্ণ শোভাযাত্রায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কর্মীরা লগি-বৈঠা, রামদা ও লাঠিসোটা নিয়ে অতর্কিত হামলা চালায় এবং ১০টি মোটরসাইকেলে আগুন দেয়। হামলায় দলটির আরও বেশ কয়েকজন নেতাকর্মী আহত হয়ে বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
স্থানীয়দের দাবি, ঘটনার পর বেন্দারচর এলাকায় সাবেক সংসদ সদস্য কবিরুল হক মুক্তির সমর্থনে মিছিল বের করা হয় এবং সড়কে গাছ ফেলে প্রতিবন্ধকতা তৈরি করা হয়। কালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. ইদ্রিস আলী জানান, এ ঘটনায় বৃহস্পতিবার বিকাল পর্যন্ত থানায় কোনো মামলা হয়নি এবং কাউকে আটক করা সম্ভব হয়নি। তিনি বলেন, যারা জড়িত, আমরা তাদের তথ্য সংগ্রহ করেছি। হত্যাকারীদের গ্রেপ্তারে আমাদের জোরদার অভিযান চলছে। ঘটনার পর থেকে কালিয়া পৌরসভা ও বেন্দারচর এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এলাকার গুরুত্বপূর্ণ মোড়ে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ প্রশাসন।
