মিয়ানমারে সিমেন্ট পাচারের সময় আটক ৯

ফন্ট সাইজ:

নোয়াখালীর হাতিয়ায় মিয়ানমারে পাচারের উদ্দেশ্যে নেয়ার সময় ১৭ হাজার ৫০০ কেজি সিমেন্টসহ ৯ পাচারকারীকে আটক করেছে কোস্ট গার্ড। এ সময় পাচারকাজে ব্যবহৃত একটি কার্গো বোট জব্দ করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সুমন আল মুকিত মানবজমিনকে এ তথ্য জানান।

আটক ব্যক্তিরা হলেন, লক্ষ্মীপুরের আলেকজান্ডার উপজেলার চরমেহার গ্রামের মো. রাশেদ, নোয়াখালীর হাতিয়া উপজেলার আল-আমীন গ্রামের মো. রাশেদ, সুবর্ণচরের দক্ষিণচর মজিদ গ্রামের মো. মনির, মো. আফসার উদ্দিন, মো. শেহেনাজ ও মো. রুবেল, হাতিয়ার ফরাজি গ্রামের ফজলুল হক, হাতিয়ার রেজুকালিয়া গ্রামের মো. বাবুল এবং চট্টগ্রামের মিরসরাই উপজেলার দুর্গাপুর গ্রামের মোহাম্মদ সালাহউদ্দিন।

কোস্ট গার্ড জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার বিকাল ৪টা থেকে রাত ১০টা পর্যন্ত নোয়াখালীর হাতিয়া থানাধীন চর গাসিয়া সংলগ্ন মেঘনা নদীতে কোস্ট গার্ড স্টেশন হাতিয়া একটি বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযান চলাকালে ওই এলাকায় সন্দেহজনক একটি কার্গো বোটে তল্লাশি চালিয়ে অবৈধভাবে মিয়ানমারে পাচারের উদ্দেশ্যে বহন করা ১৭ হাজার ৫০০ কেজি সিমেন্ট জব্দ করা হয়। জব্দ সিমেন্টের আনুমানিক মূল্য ১ লাখ ৭৫ হাজার টাকা। এ সময় বোটসহ ৯ পাচারকারীকে আটক করা হয়। কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সুমন আরও বলেন, জব্দ সিমেন্ট, বোট ও আটক ব্যক্তিদের পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য হাতিয়া থানায় হস্তান্তর করা হয়েছে। চোরাচালান রোধে ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।