সিরাজগঞ্জে ট্রাকচাপায় প্রাণ গেল হেলপারের

ফন্ট সাইজ:

ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ইসমাইল হোসেন (২০) নামে এক হেলপার নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়ে আরও দু’জন সিরাজগঞ্জ হাসপাতালে ভর্তি রয়েছেন। গতকাল সকাল সোয়া ৯টার দিকে যমুনা সেতু পশ্চিম গোল চত্বর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। পরে হাসপাতালে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নিহত ইসমাইল হোসেন একই উপজেলার সয়দাবাদ ইউনিয়নের দুখিয়াবাড়ি গ্রামের ইদ্রিস আলীর ছেলে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, সেতুর গোলচত্বর এলাকায় ট্রাক থামিয়ে তেল তুলছিলেন ওই হেলপার। এ সময় ঢাকাগামী আরেকটি ট্রাক ইউটার্ন নিতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে তাকে চাপা দেয়। এতে পিষ্ট হয়ে ইসমাইল হোসেন প্রাণ হারান। পরে ট্রাকচালক ও আরেক হেলপারকে উদ্ধার করে হাসপাতালে নেয়া হয়।
যমুনা সেতু পশ্চিম থানার উপ-পরিদর্শক মোস্তাফিজ মানবজমিনকে জানান, মরদেহ উদ্ধার করে আইনানুগ প্রক্রিয়া শেষে নিহতের বড় ভাই আমির হামজার কাছে হস্তান্তর করা হয়েছে।