নৈরাজ্য : সন্ত্রাসের প্রতিবাদে বিভিন্ন স্থানে বিএনপি’র বিক্ষোভ সমাবেশ

নৈরাজ্য : সন্ত্রাসের প্রতিবাদে বিভিন্ন স্থানে বিএনপি’র বিক্ষোভ সমাবেশ

ফন্ট সাইজ:

সারা দেশে চলমান সন্ত্রাস সহিংসতার প্রতিবাদে বৃহস্পতিবার বিক্ষোভ সমাবেশ করেছে বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। এ সময় অগ্নি সন্ত্রাসের জন্য কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ এবং নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগকে দায়ী করা হয়।
স্টাফ রিপোর্টার, চট্টগ্রাম থেকে জানান, আওয়ামী লীগের নেতাকর্মীদের এখন রাজপথে দেখা যায় না, হারানো বিজ্ঞপ্তি দিয়ে তাদের খুঁজতে হচ্ছে বলে মন্তব্য করেছেন চট্টগ্রাম সিটি করপোরেশনের প্রশাসক ও মহানগর বিএনপি’র সাবেক সভাপতি ডা. শাহাদাত হোসেন।

তিনি অভিযোগ করে বলেন, আওয়ামী লীগের নেতাকর্মীরা নিজেরা মাঠে না নেমে ছিনতাইকারী, টোকাই ও কিশোর গ্যাংয়ের সদস্যদের অর্থের বিনিময়ে ভাড়া করে নাশকতামূলক কর্মকাণ্ড চালাচ্ছে। এ ধরনের অপতৎপরতা চালিয়ে দেশকে নৈরাজ্যের দিকে ঠেলে দেয়ার চেষ্টা সফল হবে না। জনগণ ঐক্যবদ্ধভাবে এসব সন্ত্রাসী কর্মকাণ্ড প্রতিহত করবে। বৃহস্পতিবার নগরীর কাজীর দেউড়ি মোড়ে নিষিদ্ধ আওয়ামী লীগের দেশব্যাপী অগ্নিসন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে বিএনপি’র বিক্ষোভ মিছিল ও সমাবেশে তিনি এসব কথা বলেন। মহানগর বিএনপি’র যুগ্ম আহ্বায়ক হারুন জামান, নিয়াজ মোহাম্মদ খান, ইয়াছিন চৌধুরী লিটন, আহ্বায়ক কমিটির সদস্য মো. কামরুল ইসলাম, সরফরাজ কাদের রাসেল, মহানগর বিএনপি নেতা মো. শাহ আলম, জিয়াউদ্দিন খালেদ চৌধুরী, আমিন মাহমুদ, হাজী নুরুল আকতার, মনজুর রহমান চৌধুরী, আলহাজ জাকির হোসেন, নূর হোসাইন, মহানগর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব জমির উদ্দিন নাহিদ সমাবেশে উপস্থিত ছিলেন।

স্টাফ রিপোর্টার, উখিয়া থেকে জানান, কক্সবাজারের উখিয়া সদরে সন্ত্রাসবিরোধী মিছিল ও প্রতিবাদ সভা করেছে উপজেলা বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। মিছিলটি স্টেশন এলাকার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা বিএনপি কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়। পরে সেখানে সংক্ষিপ্ত প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন— উখিয়া উপজেলা বিএনপি’র সভাপতি সরওয়ার জাহান চৌধুরী, সাধারণ সম্পাদক সুলতান মাহমুদ চৌধুরী, উপজেলা বিএনপি নেতা সাদমান জামী চৌধুরী, আব্দুল মালেক মানিক ও ফয়সাল সিকদার টিটু। এ ছাড়া, যুবদল নেতা সাইফুর রহমান সিকদার এবং ছাত্রদল নেতা রিদুওয়ানুর রহমান বক্তব্য দেন।

নেত্রকোণা প্রতিনিধি জানান, অগ্নি সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে জেলা বিএনপি। শহরের ছোট বাজার দলীয় কার্যালয় থেকে মিছিলটি বের হয়ে গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে মোক্তারপাড়া জেলা প্রেস ক্লাবের সামনে গিয়ে শেষ হয়। এ সময় মিছিলে উপস্থিত ছিলেন— জেলা বিএনপি’র সভাপতি ও নেত্রকোণা-২ আসনের সংসদ সদস্য ডা. আনোয়ারুল হক, সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম হিলালী (এমপি), জেলা পরিষদের প্রশাসক এড. নুরুজ্জামান নুরু। পরে এক সংক্ষিপ্ত সমাবেশে বিএনপি’র সভাপতি আনোয়ারুল হক বলেন, নেত্রকোণা গোপালগঞ্জ ভেবে ভুল করবেন না।

স্টাফ রিপোর্টার, রাজশাহী থেকে জানান, রাজশাহী মহানগর যুবদল ও মহানগর মহিলা দলের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। মহানগর যুবদলের উদ্যোগে নগরীর বাটার মোড় থেকে বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি সোনাদীঘি মোড়, সাহেববাজার জিরো পয়েন্ট হয়ে আলুপট্টিতে গিয়ে শেষ হয়। এর আগে বাটার মোড়ে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। বিক্ষোভ মিছিল ও সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, রাজশাহী মহানগর বিএনপি’র সাধারণ সম্পাদক ও রাজশাহী সিটি করপোরেশনের প্রশাসক মো. মাহফুজুর রহমান রিটন। এ সময় উপস্থিত ছিলেন— রাজশাহী মহানগর যুবদলের আহ্বায়ক শরিফুল ইসলাম জনি, সদস্য সচিব রফিকুল ইসলাম রবি, যুগ্ম আহ্বায়ক সালাউদ্দিন বিপ্লব, নাজির হাসান।

নাটোর প্রতিনিধি জানান, নাশকতা, অগ্নিকাণ্ড ও ষড়যন্ত্রের প্রতিবাদে নাটোরে বিক্ষোভ সমাবেশ করেছে জিয়া পরিষদ। বৃহস্পতিবার বিকালে শহরের কানাইখালী এলাকায় এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। জেলা জিয়া পরিষদের সভাপতি উপাধ্যক্ষ আহমুদুল হক চৌধুরী স্বপনের সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন— নাটোর জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপি’র আহবায়ক মো. রহিম নেওয়াজ।

নবাবগঞ্জ (ঢাকা) প্রতিনিধি জানান, নবাবগঞ্জে মোটরসাইকেল শোডাউন ও পথসভা করেছে উপজেলা যুবদল। বৃহস্পতিবার দুপুরে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। কেন্দ্রীয় শহীদ মিনার থেকে মোটরসাইকেল শোডাউনটি শুরু হয়। পরে বাগমারা এলাকা প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়।
এতে উপজেলা ও বিভিন্ন ইউনিয়ন যুবদলের বিপুলসংখ্যক নেতাকর্মী অংশ নেন। শোডাউন শেষে কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে পথসভা অনুষ্ঠিত হয়। এতে উপজেলা যুবদলের আহ্বায়ক পবন মাহমুদ ও সদস্য সচিব রায়হানুল ইসলাম রাহিনের নেতৃত্বে নেতাকর্মীরা অংশ নেন।

দৌলতখান (ভোলা) প্রতিনিধি জানান, নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের হামলা, ভাঙচুর, অগ্নিসংযোগ এবং নৈরাজ্যের প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে দৌলতখান উপজেলা ও এর অঙ্গসংগঠনের নেতৃৃবৃন্দ। উপজেলা বিএনপি’র দলীয় কার্যালয়ের সামনে থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে দৌলতখান পৌরসভা প্রদক্ষিণ করে উত্তর বাজার শহীদ মিনার চত্বরে সংক্ষিপ্ত সমাবেশ করে। চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধি জানান, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার চৌদ্দগ্রামের ৪৪ কিলোমিটার এলাকায় নাশকতার চেষ্টাকালে টায়ার ও পেট্রোল বোমাসহ ৬ জনকে আটক করেছে পুলিশ। এ ছাড়া উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে আওয়ামী লীগের তিন নেতাকে আটক করেছে। বৃহস্পতিবার মহাসড়কে মানুষের জানমাল রক্ষা ও নাশকতা প্রতিরোধে বিএনপি ও জামায়াত পৃথকভাবে শোডাউন ও অবস্থান নিয়েছে।

লোহাগাড়া (চট্টগ্রাম) প্রতিনিধি জানান, অগ্নিসন্ত্রাসের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে লোহাগাড়া উপজেলা বিএনপি। বৃহস্পতিবার বিকালে চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপি যুগ্ম আহ্বায়ক ও লোহাগাড়া উপজেলা বিএনপির সাবেক সভাপতি আসহাব উদ্দিন চৌধুরীর নেতৃত্বে মিছিলটি উপজেলা সদর বটতলী শহরের বাসস্ট্যান্ড এলাকা থেকে শুরু হয়। পরে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদ চত্বরে গিয়ে শেষ হয়।

শেরপুর (বগুড়া) প্রতিনিধি জানান, বগুড়ার শেরপুরে দিনব্যাপী অবস্থান কর্মসূচি পালন করেছেন বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। বৃহস্পতিবার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত শেরপুর পৌর শহরের ধুনট মোড় নামক স্থানে উপজেলা ও পৌর বিএনপি’র উদ্যোগে এই কর্মসূচি পালন করা হয়। এতে নেতৃত্ব দেন উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম মিন্টু।

হোমনা (কুমিল্লা) প্রতিনিধি জানান, অগ্নিসংযোগ, নৈরাজ্য ও সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা করেছে উপজেলা ও পৌর বিএনপি এবং অঙ্গসংগঠনের নেতাকর্মীরা। একই দাবিতে উপজেলার ৯টি ইউনিয়নেও পৃথক কর্মসূচি পালন করা হয়েছে।

ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধি জানান, ঘোড়াঘাটে অবস্থান কর্মসূচি ও বিক্ষোভ মিছিল করেছে উপজেলা বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। বিকালে স্থানীয় সংসদ সদস্য ও সমাজকল্যাণমন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেনের নির্দেশনায় এ কর্মসূচি পালন করা হয়।

কেন্দুয়া (নেত্রকোণা) প্রতিনিধি জানান, লকডাউন ও নৈরাজ্যের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে উপজেলা বিএনপি। বৃহস্পতিবার বিকালে কেন্দুয়া পৌর শহরে এ কর্মসূচি পালন করা হয়। উপজেলা বিএনপি’র দলীয় কার্যালয় থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়ে পৌর শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। পরে মিছিলটি দলীয় কার্যালয়ের সামনে এসে সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়।