দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ইঞ্জিনিয়ার এম. ইকবাল হোসেইন বলেছেন, নৈরাজ্য ও সন্ত্রাসী কর্মকাণ্ডের বিরুদ্ধে আর কোনো নমনীয়তা দেখানো হবে না। মানুষের জানমালের নিরাপত্তা রক্ষায় এসব কর্মকাণ্ড প্রতিহত করা হবে। প্রয়োজনে প্রতিঘাত করা হবে বলেও হুঁশিয়ারি দিয়েছেন তিনি। বৃহস্পতিবার ময়মনসিংহের গৌরীপুর উপজেলার কলতাপাড়া, রামগোপালপুর ও শাহগঞ্জ বাজারসহ বিভিন্ন স্থানে আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে আয়োজিত পৃথক পাঁচটি পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
দিনের শুরুতে কলতাপাড়ায় অনুষ্ঠিত পথসভায় প্রতিমন্ত্রী বলেন, রাজনীতিতে ভিন্নমত থাকতে পারে, কিন্তু দেশের বিরুদ্ধে যাওয়ার কোনো সুযোগ নেই। নিষিদ্ধ ঘোষিত দলের বিরুদ্ধে অগ্নিসংযোগ ও বাড়িঘরে হামলার অভিযোগ তুলে তিনি বলেন, এসব কর্মকাণ্ডের মাধ্যমে ঘোলা পানিতে মাছ শিকারের চেষ্টা সফল হবে না। প্রতিমন্ত্রী আরও বলেন, আমরা দেশ গঠনের জন্য কাজ করছি, তাই বলে মনে করবেন না যে আমরা রাজপথ ছেড়ে দিয়েছি।
দেশ আমাদের, দেশকে যেভাবে রক্ষা করতে হয়, আমরা সেভাবেই রক্ষা করবো। পৃথক পাঁচটি পথসভায় গৌরীপুর উপজেলা ও পৌর বিএনপি এবং অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন। বক্তব্যের শেষ পর্যায়ে দেশকে নিজের ঘরের মতো আগলে রাখা এবং ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানিয়ে প্রতিমন্ত্রী বলেন, করবো কাজ, গড়বো দেশ— সবার আগে বাংলাদেশ।
