সিলেটে হাম উপসর্গে তিন শিশুর মৃত্যু

ফন্ট সাইজ:

সিলেটে হাম উপসর্গে তিন শিশুর মৃত্যু হয়েছে। সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ওই তিন শিশুর মৃত্যু হয়। বৃহস্পতিবার সিলেট বিভাগীয় স্বাস্থ্য কর্মকর্তার কার্যালয় এসব তথ্য জানায়। সকাল ৮টার আগের ২৪ ঘণ্টায় সিলেটে হাম সন্দেহে আরও ৩ শিশুর মৃত্যু হয়েছে। ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়। মৃতদের মধ্যে আছে হবিগঞ্জের লাখাই থানার নিজাম উদ্দিনের ছেলে ইরফান, তার বয়স মাত্র ৭ মাস, সুনামগঞ্জের ছাতক থানার আব্দুল হকের মেয়ে ৮ মাস বয়সী খোদেজা এবং সিলেটের কোম্পানীগঞ্জ থানার কাওসারের ছেলে ৮ মাস বয়সী মাহিন। এই তিনজনসহ চলতি বছর সিলেটে হাম ও হাম সন্দেহে মৃতের সংখ্যা ২২৩।

এর মধ্যে নিশ্চিত হামে মৃত্যু হয়েছে ১০ জনের। সবচেয়ে বেশি মৃত্যু হয়েছে সিলেট জেলায়, মোট ৯৫ জনের। এরপর সুনামগঞ্জে ৭৬, হবিগঞ্জে ৩৫ ও মৌলভীবাজারে প্রাণ গেছে ১৭ জনের। এদিকে গত ২৪ ঘণ্টায় সিলেট বিভাগে আরও ৩ জনের হাম শনাক্ত হয়েছে। বর্তমানে সিলেট বিভাগের বিভিন্ন হাসপাতালে হাম ও হাম সন্দেহে চিকিৎসাধীন মোট ৫৫৫ জন। এরমধ্যে সরকারি হাসপাতালগুলোতে চিকিৎসাধীন ৪৬৯ ও বেসরকারি হাসপাতালগুলোতে চিকিৎসাধীন ৮৬ জন।