চাঁদপুরের কচুয়ার করইশ গ্রামের মৃধা বাড়ির শিশু ফাহমিদা আক্তার হত্যার ঘটনায় জড়িতদের বিচারের দাবিতে মানববন্ধন করেছেন নিহতের স্বজন ও এলাকাবাসী। গতকাল দুপুরে কচুয়া পৌর ভবনের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে বক্তব্য রাখেন নিহতের জ্যাঠা ও হত্যা মামলার বাদী শফিকুল ইসলাম, স্থানীয় বাসিন্দা আব্দুস সালাম, নার্গিস আক্তারসহ অন্যরা।
মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, শিশু ফাহমিদার বাবা আমিন মিয়া অসুস্থ থাকার সুযোগে তার মা শারমিন আক্তার অন্য সম্পর্কে জড়িয়ে পড়ে। এরই ধারাবাহিকতায় গত ২৪শে মার্চ মধ্যরাতে ঘুমের ওষুধ খাইয়ে ফাহমিদাকে অচেতন করে কম্বল পেঁচিয়ে শ্বাসরোধে হত্যা করা হয়েছে। বক্তারা আরও অভিযোগ করেন, ঘটনার প র বিষয়টিকে স্বাভাবিক মৃত্যু হিসেবে প্রচার করে শিশুটিকে নিজ গ্রামে দাফন করা হয়। পরবর্তীতে পরিবারের পক্ষ থেকে বিষয়টি সামাজিকভাবে সমাধানের চেষ্টা করা হলেও কোনো সমাধান না হওয়ায় এবং ঘটনার বিভিন্ন দিক বিবেচনায় নিয়ে নিহতের বাবা আমিন মিয়া ন্যায়বিচারের আশায় আদালতের শরণাপন্ন হন। পরে গত ২০শে এপ্রিল আদালতে একটি হত্যা মামলা দায়ের করা হয়। মামলার বাদীপক্ষের ভাষ্য অনুযায়ী, আদালত মামলাটি আমলে নিয়ে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)কে এক মাসের মধ্যে কবর থেকে লাশ উত্তোলন, ময়নাতদন্ত সম্পন্ন এবং তদন্ত প্রতিবেদন দাখিলের নির্দেশ দেন।
তবে মামলার বর্তমান বাদী শফিকুল ইসলাম অভিযোগ করেন, মামলার তদন্ত কর্মকর্তা পিবিআইয়ের উপ-পরিদর্শক (এসআই) ইমারত হোসেন সরজমিন যথাযথ তদন্ত না করে প্রতিপক্ষের দ্বারা প্রভাবিত হয়ে প্রায় সাড়ে পাঁচ মাস পর আদালতে একতরফা ও মনগড়া তদন্ত প্রতিবেদন দাখিল করেছেন। তনি বলেন, তদন্ত প্রতিবেদনে সন্তুষ্ট না হওয়ায় বাদীপক্ষ এর বিরুদ্ধে আপত্তি জানিয়েছে এবং পুনঃতদন্তের দাবি জানিয়েছে।
আগামী ২৯শে নভেম্বর এ বিষয়ে আদালতে শুনানির দিন ধার্য রয়েছে বলে জানান তিনি। মানববন্ধনে বক্তারা বলেন, শিশু ফাহমিদার মৃত্যুর প্রকৃত রহস্য উদ্ঘাটন, ঘটনার সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্ত এবং জড়িতদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে।
