সিরাজগঞ্জের এনায়েতপুরে আশরাফ আলী (৫৪) নামের এক কৃষককে ছুরিকাঘাতে হত্যার ঘটনা ঘটেছে। বুধবার রাত ১১টার দিকে এনায়েতপুর থানার দৌলতপুর ইউনিয়নের গোপরেখী সøুইস গেট এলাকায় এ হত্যার ঘটনা ঘটে। পরে স্থানীয়রা রক্তাক্ত অবস্থায় তাকে উদ্ধার করে স্থানীয় খাজা ইউনুস আলী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করলে দিবাগত রাত ৩টার দিকে তিনি মারা যান। এনায়েতপুর থানার উপ-পরিদর্শক (এসআই) ফরিদ উদ্দিন ঘটনাস্থল থেকে মানবজমিনকে এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, অজ্ঞাতপরিচয় দুর্বৃত্তরা আশরাফের শরীরে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে দ্রুত পালিয়ে যায়। পরে প্রচুর রক্তক্ষরণ হওয়ায় চিকিৎসাধীন অবস্থায় রাতেই তার মৃত্যু হয়।
বৃহস্পতিবার সকাল সোয়া ১০টার দিকে মরদেহ ময়নাতদন্তের জন্য সিরাজগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনার সুষ্ঠু তদন্ত ও জড়িতদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানিয়ে নিহতের মামা আছের উদ্দিন মানবজমিনকে বলেন, আশরাফ এক সময় যমুনা নদীতে মাছ শিকার করে জীবিকা নির্বাহ করতো। তার দুই ছেলে ও চার মেয়ে। বাড়িতে থেকে পৈতৃক কৃষি জমি চাষাবাদ করতেন। জানা মতে, কারও সঙ্গে তার বিরোধও ছিল না। তবে, সে শুধু আওয়ামী লীগের একজন সমর্থক ছিল। কখনও কোনো দলের পদও নেয়নি। অথচ তাকে হত্যা করা হলো। এনায়েতপুর থানার ওসি জাহিদ হোসেন মানবজমিনকে বলেন, মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। এ ঘটনায় জড়িতদের চিহ্নিত করতে তারা কাজ করছেন।
