নেত্রকোণায় নদীতে নিখোঁজ শিক্ষকের মরদেহ উদ্ধার

নেত্রকোণায় নদীতে নিখোঁজ শিক্ষকের মরদেহ উদ্ধার

ফন্ট সাইজ:

নেত্রকোণার খালিয়াজুরী উপজেলায় নিখোঁজের দু’দিন পর সুরমা নদী থেকে অদ্বৈত্য সরকার আদিত্য (৫৫) নামে এক শিক্ষকের লাশ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার সকাল ৭টার দিকে উপজেলার চাঁদপুর গ্রামের সুরমা নদীতে ভাসমান অবস্থায় মরদেহ দেখতে পায় স্থানীয়রা।

খবর পেয়ে স্বজনরা মরদেহটি অদ্বৈত্য সরকার আদিত্যের বলে শনাক্ত করেন। পরে পুলিশ মরদেহ উদ্ধার করে মর্গে পাঠায়। নিহত শিক্ষক খালিয়াজুরী উপজেলার মুরাদপুর গ্রামের মৃত অক্ষয় সরকারের ছেলে। তিনি মুরাদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক হিসেবে কর্মরত ছিলেন। খালিয়াজুরী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি নাসির উদ্দিন এ তথ্য নিশ্চিত করেছেন। এর আগে, গত মঙ্গলবার রাতে বাড়ি থেকে স্থানীয় বাজারের উদ্দেশ্যে বের হয়ে নিখোঁজ হন তিনি। খালিয়াজুরী থানার ওসি নাসির উদ্দিন জানান, লাশ দু’দিন পানিতে থাকায় গলতে শুরু করেছে। ফলে গায়ে দৃশ্যমান আঘাতের কোনো চিহ্ন নেই। ময়নাতদন্তের রিপোর্ট পেলে মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে জানা যাবে।