নলছিটিতে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ২

ফন্ট সাইজ:

বরিশাল-পটুয়াখালী মহাসড়কের ঝালকাঠির নলছিটি উপজেলার দপদপিয়া ইউনিয়নের তূর্য্য ফিলিং স্টেশন এলাকায় দুই যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই বাসের এক হেলপার নিহত হয়েছেন। এ ঘটনায় দুই বাসের আরও অন্তত ৩০জন যাত্রী গুরুতর আহত হয়ে বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টার দিকে বরিশাল-পটুয়াখালী মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। মুখোমুখি সংঘর্ষ হওয়া বাস দু’টি হলো— আবির-আব্দুল্লাহ পরিবহন ও গ্রিন ভিউ পরিবহন।

অপরদিকে, ঝালকাঠি-নলছিটি আঞ্চলিক মহাসড়কে ট্রলি উল্টে ফোরকান গাজী (৩৫) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় আরও দু’জন গুরুতর আহত হয়ে ঝালকাঠি সরকারি হাসপাতালে চিকিৎসাধীন আছেন। বৃহস্পতিবার সকাল ১০টার দিকে নলছিটি উপজেলার মগর ইউনিয়নের ষাটপাকিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন সড়কে এ দুর্ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৌহিদুজ্জামান সোহাগ।

নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৌহিদুজ্জামান সোহাগ জানান, দুর্ঘটনায় নিহত দু’জনের মরদেহ উদ্ধার করা হয়েছে।
আহতদের হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন আছে।