বরগুনায় আওয়ামী লীগের ৩০ নেতাকর্মী গ্রেপ্তার

ফন্ট সাইজ:

বরগুনায় নাশকতা, যানবাহন ভাঙচুর, ককটেল বিস্ফোরণ ও অগ্নিসংযোগের ঘটনায় নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের ৩০ নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার রাত থেকে বৃহস্পতিবার বিভিন্ন সময়ে জেলার চারটি উপজেলায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। পুলিশ সূত্রে জানা যায়, শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার দাবিতে বৃহস্পতিবার সারা দেশে লকডাউন কর্মসূচি ঘোষণা করে আওয়ামী লীগ। এ কর্মসূচিকে কেন্দ্র করে বুধবার সন্ধ্যায় বরগুনা পৌর শহরে মশাল মিছিল বের করা হয়।

এ ছাড়া, জেলার বিভিন্ন স্থানে ককটেল বিস্ফোরণ, ঢাকা-কুয়াকাটা মহাসড়কের শাখারিয়া এলাকায় যাত্রীবাহী বাসসহ একাধিক যানবাহন ভাঙচুরের ঘটনা ঘটে। বিভিন্ন সড়কে গাছ ফেলে ও টায়ারে আগুন জ্বালিয়ে যান চলাচলে বাধা সৃষ্টি করা হয়। বুধবার রাতে জেলা আওয়ামী লীগের সাবেক সদস্য মশিউর রহমান শিহাবের বাড়িতে অগ্নিসংযোগের ঘটনাও ঘটে। পরে পুলিশ ও ফায়ার সার্ভিস ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। এসব ঘটনার পর নাশকতা প্রতিরোধে জেলার বিভিন্ন উপজেলায় অভিযান চালায় পুলিশ। অভিযানে আমতলী থেকে ১১ জন, বেতাগী থেকে ১০ জন, পাথরঘাটা থেকে ৬ জন, বামনা থেকে ১ জন এবং বরগুনা সদর থেকে ২ জনকে গ্রেপ্তার করা হয়। বরগুনা সদর থানার ওসি আবু সাহাদৎ মো. হাচনাইন পারভেজ বলেন, বরগুনা পৌর শহরের মাছ বাজার এলাকায় দু’টি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে কেউ হতাহত হননি।

এ ছাড়া, এক আওয়ামী লীগ নেতার বাড়িতে অগ্নিসংযোগের ঘটনা ঘটে। পুলিশ ও ফায়ার সার্ভিস দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। বরগুনা জেলা পুলিশের বিশেষ শাখার দায়িত্বে থাকা ওসি মো. কামরুজ্জামান বলেন, নাশকতার পরিকল্পনা ও কর্মকাণ্ডে সম্পৃক্ততার অভিযোগে আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের ৩০ নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়েছে।