বিয়ে ভাঙতে বরের জন্য বিষ মেশানো মিষ্টি পাঠালেন কনে

বিয়ে ভাঙতে বরের জন্য বিষ মেশানো মিষ্টি পাঠালেন কনে

ফন্ট সাইজ:

নেত্রকোণার মোহনগঞ্জে কনের বাড়িতে বিয়ের আসরে বর পছন্দ না হওয়ায় বরকে বিষ মেশানো মিষ্টি খাওয়ানোর চেষ্টা করেছে কনে। অবশেষে বিয়ে না করেই বাড়ি ফেরেন বরসহ বরযাত্রীরা। বুধবার বিকালে মোহনগঞ্জ উপজেলার বড়তলী-বানিয়াহারী ইউনিয়নের বসন্তিয়া গ্রামে এ ঘটনা ঘটে। স্থানীয়দের দাবি, বরকে পছন্দ হয়নি কনের। তাই তার বান্ধবীকে দিয়ে মিষ্টিতে বিষ মিশিয়ে বিয়ে ভাঙার চেষ্টা করেছে।

স্থানীয়রা জানান, উপজেলার বড়তলী-বানিয়াহারী ইউনিয়নের বসন্তিয়া গ্রামের বাসিন্দা নিজাম উদ্দিনের বাড়িতে বুধবার বিকালে তার মেয়ে সাদিয়া আক্তার (২০)-এর সঙ্গে সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলার পাইকুরাটি ইউনিয়নের বেরিকান্দা গ্রামের সিদ্দিক আলীর ছেলে তাওফিকুর রহমান (২৫)-এর বিয়ের আয়োজন চলছিল। এ সময় বাড়িতে বরযাত্রী ও আত্মীয়স্বজনের পাশাপাশি কাজীও উপস্থিত ছিলেন। এরই মধ্যে বোরকা পরা এক তরুণী বরের জন্য মিষ্টি নিয়ে আসেন। মিষ্টিতে অস্বাভাবিক গন্ধ পেয়ে সন্দেহ হয় বরের। পরে ওই তরুণীর হাতে কীটনাশকের বোতল দেখে আতঙ্ক ছড়িয়ে পড়ে। শেষ পর্যন্ত বর বিয়ে না করেই বরযাত্রী নিয়ে বাড়ি ফেরেন।

বরের স্বজন বজলুর রহমান জানান, তিনি বরের পাশে বসা ছিলেন। এমন সময় বোরকা পরা এক তরুণী মিষ্টি নিয়ে এসে বলেন, এসব মিষ্টি শুধু বর খাবেন- অন্য কেউ নয়। মিষ্টি মুখে দেয়ার সময় বর তাতে উৎকট গন্ধ পান। বর বিষয়টি আমাদের জানালে আমরা মিষ্টি দেখে তাতে কিছু মেশানো হয়েছে বলে সন্দেহ করি। এ সময় ওই তরুণীর হাতে একটি কীটনাশকের বোতলও দেখতে পাই। পরে মিষ্টি রেখে ওই তরুণী দ্রুত সেখান থেকে চলে যায়। এ ঘটনা কনেপক্ষকে জানালে ওই তরুণীকে খোঁজাখুঁজি করা হয়। কিন্তু তাকে পাওয়া যায়নি। কনের পরিবারের লোকজনও ওই তরুণীকে চেনেন না বলে জানান।

এ ঘটনায় আমরা ভয় পাই এবং দ্রুত বরকে নিয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে যাই। এ বিষয়ে দুই পরিবারের আলোচনার পর পরবর্তী সিদ্ধান্ত নেয়া হবে।’ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের দায়িত্বে থাকা উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার শহীদুল ইসলাম বলেন, বরের স্বজনরা জরুরি বিভাগে এসে বলেন, বিয়ের অনুষ্ঠানে বরকে বিষ মেশানো মিষ্টি দেয়া হয়েছিল। তবে তিনি মিষ্টিটি খাননি। তবে, বর ভীত ও মানসিকভাবে হতাশাগ্রস্ত ছিলেন। তাকে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে। স্থানীয় ইউপি সদস্য সাইদুল ইসলাম বলেন, বুধবার বিকালে বরপক্ষের লোকজন মিষ্টিতে বিষ মেশানোর অভিযোগ করেন।

তবে মিষ্টিতে আদৌ বিষ ছিল কিনা, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। এর পেছনে কোনো ষড়যন্ত্রও থাকতে পারে। ঘটনার পর বরপক্ষ বিয়ে না করেই চলে যায়। এ বিষয়ে মোহনগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাফিজুল ইসলাম হারুন বলেন, ‘এ ধরনের কোনো ঘটনার তথ্য আমার জানা নেই। তবে এখনো কেউ থানায় অভিযোগ করেননি। অভিযোগ পেলে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।’