রেলিং নেই, নড়বড়ে ব্রিজে ঝুঁকি নিয়ে পারাপার

রেলিং নেই, নড়বড়ে ব্রিজে ঝুঁকি নিয়ে পারাপার

ফন্ট সাইজ:

নীলফামারীর কিশোরগঞ্জে বুল্লাই নদীর উপর জরাজীর্ণ ও রেলিংবিহীন একটি ব্রিজে জীবনের ঝুঁকি নিয়ে প্রতিদিন চলাচল করছেন দুই ইউনিয়নের সহস্রাধিক মানুষ। দীর্ঘদিন সংস্কার না হওয়ায় ব্রিজটির পিলার ও মূল অবকাঠামো থেকে পলেস্তরা খসে পড়েছে। কোথাও সরে গেছে গোড়ার মাটি। এর উপর নেই কোনো সুরক্ষা রেলিং। ফলে প্রতিনিয়ত দুর্ঘটনার আশঙ্কা নিয়ে পারাপার হতে হচ্ছে পথচারীদের। ব্রিজটি দিয়ে বড়ভিটা ও রণচণ্ডী ইউনিয়নের বিভিন্ন গ্রামের মানুষ যাতায়াত করেন। জীবিকার প্রয়োজনে মোটরসাইকেল ও ভ্যানচালকদেরও ঝুঁকি নিয়ে ব্রিজটি পার হতে হচ্ছে। স্থানীয়দের দাবি, মাঝেমধ্যে ব্রিজ থেকে পড়ে ছোট-বড় দুর্ঘটনাও ঘটছে।

যেকোনো সময় ব্রিজটি ভেঙে বড় ধরনের প্রাণহানির আশঙ্কা করছেন তারা। সরজমিন জানা গেছে, উপজেলার বড়ভিটা ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের বড়ভিটা মেলাবর খন্দকারপাড়া গ্রামসংলগ্ন বুল্লাই নদীর উপর ব্রিজটির অবস্থান। বড়ভিটা ও রণচণ্ডী ইউনিয়নের সীমান্তবর্তী এলাকায় অবস্থিত ব্রিজটি প্রায় দুই দশক আগে নির্মাণ করা হয়। দীর্ঘদিন সংস্কার না করায় বর্তমানে এটি চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। স্থানীয় বাসিন্দা খন্দকার মিজানুর রহমান বলেন, গত ১০ বছর ধরে ব্রিজটি সংস্কার না করায় এটি জরাজীর্ণ ও নড়বড়ে হয়ে গেছে।

বিকল্প পথে যাতায়াত করতে হলে ৪ থেকে ৫ কিলোমিটার ঘুরতে হয়। তাই বাধ্য হয়েই মানুষ ঝুঁকি নিয়ে এই ব্রিজ দিয়ে চলাচল করছে। কয়েক মাস আগে উপজেলা প্রকৌশলী এসে মাপজোখ করে গেলেও এখন পর্যন্ত কোনো দৃশ্যমান পদক্ষেপ নেয়া হয়নি। এ বিষয়ে কিশোরগঞ্জ উপজেলা প্রকৌশলী মাসুদার রহমান বলেন, নতুন ব্রিজ নির্মাণের জন্য সার্ভে করে প্রস্তাবনা ঢাকায় পাঠানো হয়েছে। প্রস্তাবনা অনুমোদন ও বরাদ্দ পাওয়া গেলে দ্রুত ব্রিজটি নির্মাণ করা হবে।