খুলনার ডুমুরিয়ার চুকনগর ভিআইপি ফিলিং স্টেশন থেকে আটলিয়া ব্রিজের মাথা পর্যন্ত পাকা সড়কসহ ব্রিজ চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। সড়কটি দিয়ে চলাচল করতে যেমন ভোগান্তি পোহাতে হচ্ছে তেমনি সড়কের শেষ প্রান্তে আটলিয়া ব্রিজটিও ঝুঁকিপূর্ণ। চুকনগর-সাতক্ষীরা মহাসড়কের ভিআইপি ফিলিং স্টেশনের সামনে থেকে আটলিয়া ব্রিজ পর্যন্ত সড়কটির দূরত্ব প্রায় তিন কিলোমিটার। এই সড়ক দিয়ে খুলনার ডুমুরিয়া ও যশোরের কেশবপুর উপজেলার ১০/১২টি গ্রামের হাজার হাজার মানুষ দীর্ঘদিন ধরে বাণিজ্যিক কেন্দ্র চুকনগরে যাতায়াত করে।
উপজেলার আটলিয়া, মালতিয়া, নরনিয়া ও বাদুড়িয়া এবং যশোরের কেশবপুর উপজেলার রামকৃষ্ণপুর, বাউশলা, হিজলডাঙ্গা, পরচক্রা, ভবানীপুর, ভাণ্ডারখোলা, বাজিতপুর মোমিনপুরসহ আরও কয়েকটি গ্রামের মানুষ এই রাস্তা দিয়েই চুকনগরে যাতায়াত করে। বিশেষ করে একসময় তাদের উৎপাদিত কৃষিপণ্য ক্রয়-বিক্রয়ের প্রধান মোকাম ছিল চুকনগর বাজার। সে সময়ে মানুষের চলাচলের সুবিধার্তে আটলিয়া ইউনিয়ন পরিষদের উদ্যোগে ১৯৬৪ সালে সড়কটিতে ডবল ইটের সোলিং দিয়ে হেরিংবোন রাস্তা নির্মাণ করা হয়।
সময়ের বিবর্তনে সেই ইটের রাস্তাটি চলাচলে অনুপযোগী হতে থাকে। এমতাবস্থায় ২০০১ সালে বিএনপি ক্ষমতায় আসলে এলাকার জনসাধারণের দাবির প্রেক্ষিতে ২০০৬ সালে প্রথমে ১ কিলোমিটার পরে আরও ১ কিলোমিটার রাস্তা কার্পেটিং করা হয়। ২০ বছরে একবার রাস্তাটি পুনর্নির্মাণ করা হলেও বর্তমানে রাস্তাটির বেহাল দশা। অন্যদিকে রাস্তার পশ্চিম প্রান্তে কাটাখালের উপরে নির্মিত ব্রিজটির অবস্থা আরও করুণ হয়ে পড়েছে। ব্রিজের রেলিং অনেক আগেই নিশ্চিহ্ন হয়ে গেছে, ছাদেরও ৪০/৫০ শতাংশ ভেঙে গেছে। পণ্যবোঝাই ভারী যানবাহন ৮ কিলোমিটার ঘুরে বাদুড়িয়া মোড় অথবা আঠারোমাইল হয়ে চুকনগর যাতায়াত করতে হয়।
বিগত আওয়ামী লীগ সরকারের সময় বিভিন্ন স্থানে ধরনা দিলেও ব্রিজটি পুনর্নির্মাণের কোনো উদ্যোগ তৎকালীন সরকার গ্রহণ করেনি। স্থানীয় ব্যবসায়ী শফিকুল ইসলাম, নরনিয়া গ্রামের বাসিন্দা ব্যবসায়ী আব্দুল জলিল, ওয়াহিদুজ্জামান মিলন, শাহজাহান আলীসহ এলাকার বিভিন্ন শ্রেণি- পেশার মানুষ অতিদ্রুত এই সেতুটি নতুন করে নির্মাণ এবং ভিআইপি ফিলিং স্টেশন থেকে ব্রিজ পর্যন্ত ২.৭ কিলোমিটার রাস্তা অবিলম্বে পুনর্নির্মাণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিকট জোর দাবি জানিয়েছেন। আটলিয়া ও মাগুরাঘোনা ইউনিয়নের দায়িত্বে থাকা ডুমুরিয়া উপজেলার উপ-সহকারী প্রকৌশলী মো. ফেরদাউস আলমের কাছে জানতে চাইলে তিনি বলেন, ইতিমধ্যে ওই ২ কিলোমিটার রাস্তা থেকে ব্রিজ পর্যন্ত আরও ৭০০ মিটার রাস্তা নির্মাণের উদ্যোগ গ্রহণ করা হয়েছে। একইসঙ্গে কাটাখালের উপর নির্মিত আটলিয়া ব্রিজটি ভেঙে ফেলে সেখানে নতুন ব্রিজ নির্মাণেরও প্রক্রিয়া শুরু হয়েছে।
