কালভার্টের দুই পাশে ভাঙন কাঠের তক্তায় ঝুঁকিপূর্ণ পারাপার

কালভার্টের দুই পাশে ভাঙন কাঠের তক্তায় ঝুঁকিপূর্ণ পারাপার

ফন্ট সাইজ:

ফেনীর দাগনভূঞায় একটি ভাঙা কালভার্ট এখন এলাকাবাসীর জন্য ঝুঁকির কারণ হয়ে দাঁড়িয়েছে। কালভার্টের দুই পাশে বড় গর্ত সৃষ্টি হওয়ায় কাঠের তক্তার ওপর ভর করে চলাচল করছে মানুষ ও যানবাহন। দীর্ঘদিন ধরে এমন বিপজ্জনক পরিস্থিতি চললেও এখনো শুরু হয়নি সংস্কারকাজ। এতে চরম দুর্ভোগে পড়েছেন শিক্ষার্থী, কৃষকসহ স্থানীয় বাসিন্দারা। সরজমিন দেখা গেছে, উপজেলার পূর্ব-চন্দ্রপুর মডেল ইউনিয়নের নয়ানপুর গ্রামের মৌলভীবাজার থেকে প্রতাপপুর পাকা সংযোগ সড়কে অবস্থিত কালভার্টটির দুই পাশে ভেঙে বড় গর্ত তৈরি হয়েছে। ভাঙা অংশে কাঠের তক্তা দিয়ে কোনোভাবে চলাচলের ব্যবস্থা করা হয়েছে।

তবে এতে দুর্ঘটনার ঝুঁকি কমেনি। বিশেষ করে রাতে কালভার্টটি পারাপার হতে গিয়ে বিপাকে পড়তে হয় পথচারী ও যানবাহনের চালকদের। স্থানীয় বাসিন্দারা জানান, দীর্ঘদিন ধরে কালভার্টটি বেহাল অবস্থায় পড়ে আছে। প্রতিদিন এ পথে চলাচল করতে গিয়ে ঝুঁকি নিতে হচ্ছে সাধারণ মানুষকে। যেকোনো সময় দুর্ঘটনা ঘটতে পারে বলে আশঙ্কা করছেন তারা। এ বিষয়ে পূর্ব চন্দ্রপুর মডেল ইউনিয়নের প্রশাসক মোহাম্মদ আতাউর রহমান মজুমদার বলেন, বিষয়টি জেনেছি। সরজমিন দেখে কালভার্ট ও রাস্তা সংস্কারের বিষয়ে সংশ্লিষ্ট বিভাগের সঙ্গে কথা বলবো। জানতে চাইলে দাগনভূঞা এলজিইডি’র নির্বাহী প্রকৌশলী মাসুম বিল্লাহ বলেন, কালভার্ট এর বিষয়ে খোঁজ-খবর নিয়ে প্রয়োজনীয় উদ্যোগ নেয়া হবে। স্থানীয়দের প্রত্যাশা, দুর্ঘটনার অপেক্ষা না করে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দ্রুত কালভার্টটি সংস্কার ও সড়কটি চলাচলের উপযোগী করতে প্রয়োজনীয় পদক্ষেপ নেবে।