পটুয়াখালীর গলাচিপার আমখোলা ইউনিয়নের তাফালবাড়িয়া গ্রামে একটি সেতুর অভাবে চরম দুর্ভোগ পোহাচ্ছেন তিন গ্রামের প্রায় ৭ হাজার মানুষ। প্রতিদিন জীবনের ঝুঁকি নিয়ে বাঁশের সাঁকো দিয়ে পারাপার হতে হচ্ছে স্থানীয় বাসিন্দা ও শিক্ষার্থীদের। বিশেষ করে দু’টি শিক্ষাপ্রতিষ্ঠানের প্রায় ৫০০ শিক্ষার্থীর যাতায়াতে প্রতিনিয়ত ঘটছে দুর্ঘটনার আশঙ্কা।
স্থানীয় সূত্রে জানা গেছে, খালটির উপর দীর্ঘদিন ধরে কোনো স্থায়ী সেতু না থাকায় স্থানীয়রা নিজেদের উদ্যোগে একটি বাঁশের সাঁকো নির্মাণ করেছেন। প্রায় ২৪০ ফুট দীর্ঘ এই সাঁকো দিয়েই প্রতিদিন ৪, ৬ ও ৮ নম্বর ওয়ার্ডের হাজারো মানুষকে যাতায়াত করতে হয়। দুই শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদেরও বিদ্যালয়ে যেতে এই সাঁকো ব্যবহার করতে হয়। তবে ঝুঁকিপূর্ণ এই সাঁকো দিয়ে চলাচল করতে গিয়ে প্রায়ই দুর্ঘটনার শিকার হচ্ছেন শিক্ষার্থীরা। পশ্চিম তাফালবাড়িয়া গ্রামের বাসিন্দা আরিফ হোসেন বলেন, এই সাঁকো দিয়ে ৪, ৬ ও ৮ নম্বর ওয়ার্ডের প্রায় সাত হাজার মানুষ চলাচল করেন। বিশেষ করে স্কুলের শিশুদের ঝুঁকি অনেক বেশি। ইতিমধ্যে অনেক শিক্ষার্থী দুর্ঘটনার শিকার হয়েছে। এখানে একটি সেতু নির্মাণ করা হলে দীর্ঘদিনের দুর্ভোগ থেকে মুক্তি পাবেন এলাকাবাসী।
নিজ সুহরী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মিজানুর রহমান বলেন, শিক্ষার্থীসহ স্থানীয়দের প্রতিদিন ঝুঁকি নিয়ে এই সাঁকো পার হতে হয়। এলাকার গণ্যমান্য ব্যক্তিদের নিয়ে দীর্ঘদিন ধরে এখানে একটি সেতু নির্মাণের জন্য বিভিন্নভাবে চেষ্টা চালানো হচ্ছে। কিন্তু অজানা কারণে এখনো সেতু নির্মাণ হয়নি। আমখোলা ইউনিয়ন পরিষদের ৮ নম্বর ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য আল মামুন বলেন, আগে ওই স্থানে একটি পুল ছিল। সেটি ভেঙে যাওয়ার পর থেকেই এলাকাবাসীকে দুর্ভোগ পোহাতে হচ্ছে। পুলটি পুনর্নির্মাণের জন্য বিভিন্নভাবে চেষ্টা চালানো হচ্ছে। কিন্তু এখনো কোনো সমাধান হয়নি।
এলাকাবাসীর দাবি, শিক্ষার্থী ও সাধারণ মানুষের নিরাপদ যাতায়াত নিশ্চিত করতে দ্রুত খালটির উপর একটি স্থায়ী সেতু নির্মাণ করা হোক।
