ভোলার বোরহানউদ্দিন উপজেলার ১৫৬টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মধ্যে ১০০টিতেই নেই প্রধান শিক্ষক। ফলে অভিভাবকহীন অবস্থায় চলছে এসব শিক্ষাপ্রতিষ্ঠানের পাঠদান প্রশাসনিক ও সার্বিক কার্যক্রম। কোথাও ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের দায়িত্বে চলছে বিদ্যালয়, কোথাও সহকারী শিক্ষকদের ওপরই বর্তাচ্ছে বাড়তি দায়িত্ব। দীর্ঘদিনের এ শূন্যতা বিদ্যালয়ের স্বাভাবিক ব্যবস্থাপনা, পাঠদান তদারকি ও শিক্ষার পরিবেশ নিয়ে তৈরি করেছে নানা প্রশ্ন। শিশুদের ভবিষ্যৎ গড়ার কারিগরি প্রতিষ্ঠানগুলোতেই যখন নেতৃত্বের এমন সংকট, তখন প্রাথমিক শিক্ষার মান নিয়ে উদ্বেগ বাড়ছে সচেতন মহলে। দীর্ঘদিন ধরে এসব পদ শূন্য থাকায় বিদ্যালয়গুলোর প্রশাসনিক কার্যক্রম, পাঠদান ও সার্বিক তদারকিতে দেখা দিয়েছে নানা সমস্যা।
একইসঙ্গে সহকারী শিক্ষক ও নৈশপ্রহরী কাম দপ্তরির সংকটেও ভুগছে বিদ্যালয়গুলো। উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসের তথ্য অনুযায়ী, বোরহানউদ্দিন ১৫৬টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মধ্যে নিয়মিত প্রধান শিক্ষক রয়েছেন মাত্র ৫৬টিতে। বাকি বিদ্যালয়গুলোর মধ্যে ২৪টিতে চলতি দায়িত্বে এবং ৭৬টিতে ভারপ্রাপ্ত হিসেবে দায়িত্ব পালন করছেন শিক্ষকরা। ফলে নিয়মিত প্রধান শিক্ষক ছাড়াই চলছে উপজেলার অধিকাংশ প্রাথমিক বিদ্যালয়ের প্রশাসনিক ও শিক্ষাসংক্রান্ত কার্যক্রম। অন্যদিকে, উপজেলায় সহকারী শিক্ষকের মোট পদ ৮৫৪টি, সহকারী শিক্ষক পদে রয়েছে ৭২৮টি, শূন্যপদে রয়েছে ১২৬টি তবে সম্প্রতি নতুন নিয়োগ পাওয়া ৩৭ জন সহকারী শিক্ষক শূন্যপদে যোগদান করেছেন বলে জানা গেছে। এ ছাড়া ১৫৬টি বিদ্যালয়ের ১৫৬টি বিপরীতে নৈশপ্রহরী কাম দপ্তরি রয়েছেন মাত্র ৬১ জন রয়েছে, শূন্য পদে রয়েছে ৯৫টি।
সংশ্লিষ্ট বলছেন, দীর্ঘদিন ধরে শিক্ষক সংকট ও প্রধান শিক্ষকের পদ শূন্য থাকায় বিদ্যালয় পরিচালনায় বাড়তি চাপ তৈরি হয়েছে। এতে একদিকে যেমন শিক্ষকদের প্রশাসনিক দায়িত্ব বেড়েছে, অন্যদিকে ব্যাহত হচ্ছে শ্রেণিকক্ষে পাঠদান ও শিক্ষার্থীদের যথাযথ তদারকি। এদিকে বোরহানউদ্দিন প্রাথমিক শিক্ষা সমিতির সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মামুন বলেন, ২০০৯ সালের পর থেকে প্রাথমিকের সহকারী শিক্ষকদের পদোন্নতি বন্ধ। পদোন্নতি বঞ্চিত হয়ে সহকারী শিক্ষকগণ একই পদে থেকে অবসরে যাচ্ছেন। প্রায় ১৫৬টি প্রধান শিক্ষক পদের মধ্যে পায় ১০০টি শূন্যপদ রয়েছে। যার কারণে প্রাথমিক শিক্ষাব্যবস্থা অত্র উপজেলায় স্থবিরতা বিরাজ করছে। দ্রুত পদোন্নতির মাধ্যমে প্রধান শিক্ষকের শূন্যপদগুলো পূরণে সরকারের দৃষ্টি কামনা করছি।
এদিকে, প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষকের শূন্যপদ দীর্ঘদিন ধরে পূরণ না হওয়ায় উপজেলার প্রাথমিক শিক্ষা ব্যবস্থায় বেহাল প্রভাব পড়ছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। তাদের মতে, বিদ্যালয়গুলোতে নিয়মিত প্রধান শিক্ষক নিয়োগ দেয়া হলে প্রশাসনিক শৃঙ্খলার ফলে শিক্ষকদের কাজের সমন্বয় এবং শিক্ষার মানোন্নয়নে ইতিবাচক পরিবর্তন হবে। এ বিষয়ে বোরহানউদ্দিন উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. মেহেদী মাসুদ বলেন, আইনি জটিলতার কারণে এতদিন নিয়োগ কার্যক্রম বন্ধ ছিল। তবে বর্তমানে প্রাথমিক বিদ্যালয়গুলোর শূন্যপদে শিক্ষক নিয়োগের প্রক্রিয়া চলছে। বর্তমান সরকার শিক্ষা বান্ধব সরকার, জ্যেষ্ঠতার ভিত্তিতে পদোন্নতি হলে প্রধান শিক্ষকের শূন্যপদগুলোও দ্রুত পূরণ হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
