সাভার বাজার বাসস্ট্যান্ডের ফুটওভার ব্রিজ থেকে ককটেল নিক্ষেপ করে পালিয়ে যাওয়ার সময় জনতার হাতে ধরা পড়েছেন শাহিন (৪০) নামে এক যুবক।
বৃহস্পতিবার সকালে সাভার রাজ্জাক প্লাজার সামনের ফুটওভার ব্রিজে এ ঘটনা ঘটে। পরে জনতা ধাওয়া দিয়ে ছায়াবীথি আমতলা এলাকায় তাকে আটক করে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করে। আটক শাহিন হকার্স লীগের কর্মী বলে জানা গেছে।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, সকাল ৭টার দিকে সাভার বাজার বাসস্ট্যান্ড রাজ্জাক প্লাজার ফুটওভার ব্রিজের ওপর থেকে নিচে ককটেল নিক্ষেপ করা হয়। বিকট শব্দে ককটেলটি বিস্ফোরিত হলে আশপাশের এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। ককটেল নিক্ষেপের পর পরই দ্রুত পালিয়ে যাওয়ার চেষ্টা করে শাহিন। বিষয়টি টের পেয়ে স্থানীয় লোকজন তাকে ধাওয়া করে পার্শ্ববর্তী ছায়াবীথি আমতলা এলাকায় ধরে ফেলে। এ সময় উত্তেজিত জনতা তাকে গণপিটুনি দেয়।
খবর পেয়ে সাভার মডেল থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উত্তেজিত জনতার হাত থেকে শাহিনকে উদ্ধার করে হেফাজতে নেয়। সাভার মডেল থানার উপ-পরিদর্শক আশিস কুমার দাস জানান, ককটেল নিক্ষেপ করে পালিয়ে যাওয়ার সময় স্থানীয় জনতা শাহিনকে আটক করে আমাদের খবর দেয়। আমরা ঘটনাস্থল থেকে তাকে আটক করে সাভার মডেল থানায় নিয়ে এসেছি। তাকে জিজ্ঞাসাবাদ চলছে। যাচাই-বাছাই শেষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
