চট্টগ্রামে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ঘোষিত দেশব্যাপী লকডাউন কর্মসূচির কোনো প্রভাব পড়েনি। বৃহস্পতিবার সকাল থেকে নগরীর রাজপথে দলটির নেতাকর্মীদের প্রকাশ্য কোনো তৎপরতা দেখা যায়নি। বরং সম্ভাব্য নাশকতা ও সহিংসতা প্রতিরোধে রাজপথে সক্রিয় ছিল বিএনপি, জামায়াত ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতাকর্মীরা। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি বিভিন্ন স্থানে অবস্থান নিয়ে কর্মসূচি পালন করেন তারা।
নগরীর গুরুত্বপূর্ণ সড়ক ও মোড়গুলোতে যান চলাচল ছিল স্বাভাবিক। অফিসগামী মানুষ ও শিক্ষার্থীদের চলাচলেও কোনো বিঘ্ন ঘটেনি। তবে লকডাউন কর্মসূচিকে কেন্দ্র করে বুধবার রাত থেকে বৃহস্পতিবার ভোর পর্যন্ত নগর ও জেলার বিভিন্ন এলাকায় ককটেল বিস্ফোরণ, অগ্নিসংযোগ, ঝটিকা মিছিল এবং সড়কে গাছ ফেলে যান চলাচলে বাধা সৃষ্টির ঘটনা ঘটেছে। নগরীর ইপিজেড ও আনোয়ারায় দু’টি পুলিশ বক্সে আগুন ও ভাঙচুরের খবর পাওয়া গেছে। এসব ঘটনায় কয়েকজনকে আটক করেছে পুলিশ। পাশাপাশি নগর আওয়ামী লীগের তিন শীর্ষ নেতার বাসায় তল্লাশি চালানো হয়েছে।
বৃহস্পতিবার সকাল সাড়ে ৭টার দিকে নগরীর কাজীর দেউড়ি মোড় থেকে চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) প্রশাসক ডা. শাহাদাত হোসেনের উদ্যোগে বিক্ষোভ মিছিল বের করেন বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা। মিছিলটি জামালখান প্রদক্ষিণ করে চেরাগী পাহাড় মোড়ে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়। এ সময় নাশকতার প্রতিবাদে বিভিন্ন সেøাগান দেয়া হয়। পাশাপাশি ২০২৪ সালের জুলাই-আগস্টে শিক্ষার্থী ও শিশু হত্যার অভিযোগ তুলে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিচারের দাবি জানান তারা।
সমাবেশে ডা. শাহাদাত হোসেন বলেন, গোপালগঞ্জসহ দেশের বিভিন্ন স্থানে আওয়ামী সন্ত্রাসীদের তাণ্ডবের প্রতিবাদে তারা রাজপথে ঐক্যবদ্ধ রয়েছেন। যেকোনো ধরনের দেশবিরোধী ষড়যন্ত্র ও নৈরাজ্য প্রতিরোধে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তিনি। নগরের শান্তি-শৃঙ্খলা রক্ষায় প্রতিটি ওয়ার্ডে শান্তি মিছিল আয়োজনের কথাও জানান চসিক প্রশাসক। নাশকতায় জড়িতদের দ্রুত আইনের আওতায় আনার দাবি জানান তিনি। এর আগে, বুধবার মধ্যরাতে নগরের হালিশহরে এনসিপি এবং চকবাজার এলাকায় ইসলামী ছাত্রশিবির বিক্ষোভ মিছিল করে। বাঁশখালীর কালীপুর ও শেখেরখীল ইউনিয়নের দু’টি পৃথক সড়কে বৃহস্পতিবার ভোরে গাছ ফেলে যান চলাচলে বাধা সৃষ্টি করা হয়।
স্থানীয় সূত্রের দাবি, নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের নেতাকর্মীরা এ ঘটনা ঘটিয়েছে। কালীপুরে সকাল ৬টা এবং শেখেরখীলের চেয়ারম্যানঘাটা এলাকায় ভোর সোয়া ৫টার দিকে সড়ক থেকে গাছ সরানোর পর যান চলাচল স্বাভাবিক হয়। একই সময় উপজেলার বৈলছড়ি এলাকায় গ্রামীণ ব্যাংকের একটি শাখার বাইরের দেয়ালের পাশে পাতার স্তূপে আগুন দেয় দুর্বৃত্তরা। তবে এতে বড় ধরনের ক্ষয়ক্ষতি হয়নি। বাঁশখালী থানার ওসি মো. রবিউল হক বলেন, খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যদের সহযোগিতায় সড়ক থেকে গাছ সরানো হয়েছে। তিনি গ্রামীণ ব্যাংকের শাখাটিও পরিদর্শন করেছেন।
এদিকে, নগরের ইপিজেড থানার সিমেন্ট ক্রসিং এবং আনোয়ারার চাতরী চৌমুহনী এলাকায় দু’টি পুলিশ বক্সে আগুন ও ভাঙচুরের ঘটনা ঘটে। ইপিজেড থানার ওসি আতিকুর রহমান অবশ্য পুলিশ বক্সে আগুন দেয়ার বিষয়টি অস্বীকার করেন। তিনি বলেন, পুলিশ বক্স থেকে ধোঁয়া বের হতে দেখে দায়িত্বে থাকা সদস্যরা সেখানে ছুটে যান। এ সময় একটি চেয়ারে সামান্য আগুন এবং সিলিংয়ে ধোঁয়া দেখা যায়। বুধবার রাতে নগরের পৃথক তিন এলাকায় আওয়ামী লীগের তিন শীর্ষ নেতা— আ জ ম নাছির উদ্দিন, মহিবুল হাসান চৌধুরী নওফেল ও মাহতাব উদ্দিন চৌধুরীর বাসায় তল্লাশি চালায় পুলিশ। চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম) ফয়সাল আহমদ বলেন, চলমান প্রক্রিয়ার অংশ হিসেবে এসব অভিযান পরিচালনা করা হয়েছে। তবে অভিযানের বিস্তারিত তখনো তার জানা ছিল না।
বুধবার রাতে নগরের নিউমার্কেট, জিইসি সহ বিভিন্ন এলাকায় ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। রাত ১১টার দিকে সাবেক প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের পৈতৃক বাড়িতে এবং এর কিছুক্ষণ পর জিইসি মোড়ে গণপূর্ত বিভাগের কার্যালয়ে আগুন দেয়ার ঘটনা ঘটে। এ ছাড়া, নন্দনকানন ও পাঁচলাইশসহ কয়েকটি এলাকায় ককটেল বিস্ফোরণ ও অগ্নিসংযোগের খবর পাওয়া গেছে। এসব ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে জেলা প্রশাসনের উদ্যোগে নগর ও জেলার বিভিন্ন উপজেলায় রাতভর টহল ও বিশেষ অভিযান পরিচালনা করা হয়। জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞার নির্দেশনায় নির্বাহী ম্যাজিস্ট্রেটরা পুলিশ ও আনসার সদস্যদের সহযোগিতায় এসব কার্যক্রম পরিচালনা করেন। নগরের চকবাজার, চট্টেশ্বরী রোড, গুলজার টাওয়ার, কাপাসগোলা, চট্টগ্রাম মেডিকেল কলেজ, দুই নম্বর গেট, প্রবর্তক মোড়, মুরাদপুর, ষোলশহর, জিইসি মোড় ও মা ও শিশু হাসপাতাল এলাকায় প্রশাসনের টহল দল দায়িত্ব পালন করে। এ ছাড়া কর্ণফুলী, মিরসরাই, সীতাকুণ্ড, হাটহাজারী, রাউজান, সাতকানিয়া ও পটিয়াসহ বিভিন্ন উপজেলায় টহল দেয়া হয়।
ফটিকছড়ির পাইন্দং ইউনিয়ন, পৌরসভা ও নাজিরহাট পৌরসভা এলাকায় টহলের সময় চট্টগ্রাম-খাগড়াছড়ি মহাসড়কের নির্জন স্থানে জ্বালিয়ে রাখা টায়ার অপসারণ করা হয়। এতে যান চলাচল স্বাভাবিক রাখা সম্ভব হয়। চট্টগ্রাম জেলা পুলিশ সুপার (এসপি) মাসুদ আলম বলেন, ককটেল ও পেট্রোল বোমা বিস্ফোরণ ঘটিয়ে সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক সৃষ্টি কিংবা নাশকতামূলক কর্মকাণ্ড বরদাশ্ত করা হবে না। অপরাধীর পরিচয় যা-ই হোক, তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।
