ব্রাহ্মণবাড়িয়ায় মসজিদের এসি’র কপার পাইপ চুরি

ফন্ট সাইজ:

ব্রাহ্মণবাড়িয়া জেলা জামে মসজিদের ৮টি এসি’র কপার পাইপ চুরি হয়েছে। বুধবার দিবাগত রাতে এ চুরির ঘটনা ঘটে। এ ঘটনায় নৈশপ্রহরী ১ জনকে আটক করার পর তাকে পুলিশের কাছে সোপর্দ করা হয়। চুরি যাওয়া পাইপের মূল্য ৭-৮ লাখ টাকা বলে জানা যায়।

মসজিদের সাধারণ সম্পাদক মো. আশিকুল ইসলাম জানান, মসজিদের নিচে ও দোতলায় ৫ টনের মোট ৩৮ টি এসি রয়েছে। এর মধ্যে ৮টি এসি’র কপার পাইপ চুরি হয়েছে। মসজিদের দোতলায় লাগানো এসব এসি’র আউটডোর ৩ তলার ছাদে স্থাপিত। দোতলা থেকে ৩ তলা পর্যন্ত দীর্ঘ এসি’র কপার পাইপগুলো গত ক’দিন ধরেই চোর কেটে নিচ্ছে। বুধবার দিবাগত রাত আড়াইটার দিকে এসি’র কপার পাইপ কেটে নেয়ার সময় মসজিদ রোডের নৈশপ্রহরী একজনকে আটক করে। থানায় খবর দিলে পুলিশ চোরকে থানায় নিয়ে যায়।

সদর মডেল থানার এসআই সঞ্জিব কুমার পাল জানান, আটক চোরের নাম ইমরান (২২)। তার বাড়ি আখাউড়া বড়বাজার রেলগেট সংলগ্ন মেথরপট্টিতে। তাকে আদালতে প্রেরণ করা হয়েছে। মসজিদ কমিটির সেক্রেটারি জানান, এসি’র কপার পাইপ ছাড়াও মসজিদের পানির টেপ চুরি হয়েছে। জুতা চুরির ঘটনাও বৃদ্ধি পেয়েছে। এদিকে মসজিদ ছাড়াও আশপাশের কয়েকটি ব্যাংকের এসি’র কপার পাইপ চুরি হয়েছে।