নদীতে নেমে নিখোঁজ যুবক ১৮ ঘণ্টা পর মরদেহ উদ্ধার

ফন্ট সাইজ:

সিরাজগঞ্জের শাহজাদপুর করতোয়া নদীতে বন্ধুদের সঙ্গে গোসলে নেমে নিখোঁজ হওয়ার ১৮ ঘণ্টা পর মাহফুজুর রহমান প্রিন্স (৩৫) নামের এক যুবকের মরদেহ উদ্ধার করেছে ডুবুরি দল। গতকাল সকাল ৯টার দিকে রাজশাহীর ডুবুরি দল দ্বিতীয় দফায় উদ্ধার অভিযান চালিয়ে মরদেহ উদ্ধার করেন। এর আগে বুধবার দুপুর দেড়টার দিকে চার বন্ধু নদীতে গোসলে নামলে প্রিন্স নিখোঁজ হন। নিহত প্রিন্স রাজধানী ঢাকা এয়ারপোর্ট থানা এলাকার আব্দুল বারেকের ছেলে। স্থানীয়রা জানায়, বুধবার মাহফুজুর তার চার বন্ধুকে নিয়ে ঢাকা থেকে শাহজাদপুর উপজেলার সাতবাডীয়া খোরশেদ আলমের বাড়িতে বেড়াতে আসে।

এদিন দুপুর দেড়টার দিকে সে তার বন্ধুদের সঙ্গে করতোয়া নদীতে গোসলে নামে। এ সময় নদীতে কিছুক্ষণ সাঁতার কেটে বন্ধুরা তীরে উঠতে সক্ষম হলেও সে নদীতে তলিয়ে যায়। পরে ফায়ার সার্ভিসের একটি দল স্থানীয়দের সহযোগিতায় টানা ৪ ঘণ্টা উদ্ধারের চেষ্টা করলেও তারা ব্যর্থ হয়। এরপর সন্ধ্যা ৭টার দিকে রাজশাহী থেকে একটি ডুবুরি দল ঘটনাস্থলে এসে প্রথম দফায় উদ্ধার অভিযান শুরু করেও কোনো সন্ধান মেলেনি।

পরে বৃহস্পতিবার সকালে দুই ঘণ্টার চেষ্টায় তার মরদেহ উদ্ধার করে। শাহজাদপুর ফায়ার সার্ভিসের স্টেশনের অফিসার পারভেজ আহমেদ বিষয়টি নিশ্চিত করে জানান, মরদেহের সুরতহাল প্রতিবেদন সম্পন্ন করে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।