চট্টগ্রাম বন্দরে চারগুণ স্টোররেন্ট আদায়

স্থগিতের মেয়াদ বাড়লো আরও তিন মাস

ফন্ট সাইজ:

চট্টগ্রাম বন্দর ও ঢাকার কমলাপুর আইসিডিতে আমদানি করা পূর্ণ কনটেইনারের (এফসিএল) ওপর চারগুণ হারে স্টোররেন্ট আদায়ের স্থগিতাদেশের মেয়াদ আরও তিন মাস বাড়ানো হয়েছে। মঙ্গলবার চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের পরিচালক (ট্রাফিক) দপ্তর থেকে এ সংক্রান্ত বিজ্ঞপ্তি জারি করা হয়। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, আগামী ১লা ডিসেম্বর থেকে ২০২৭ সালের ২৮শে ফেব্রুয়ারি পর্যন্ত এ সুবিধা বহাল থাকবে। এতে বাড়তি ব্যয়ের চাপ থেকে সাময়িক স্বস্তি পাচ্ছেন আমদানিকারকরা। এর আগে গত ৯ই নভেম্বর বন্দর কর্তৃপক্ষের বোর্ড সভায় স্থগিতাদেশের মেয়াদ বাড়ানোর সিদ্ধান্ত নেয়া হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, চট্টগ্রাম বন্দর ও ঢাকার কমলাপুর আইসিডিতে আমদানি করা এফসিএল কনটেইনারের ওপর চারগুণ হারে স্টোররেন্ট আদায় স্থগিতের মেয়াদ আগামী ৩০শে নভেম্বর শেষ হওয়ার কথা ছিল। নতুন সিদ্ধান্তে তা আরও তিন মাস বাড়িয়ে ২০২৭ সালের ২৮শে ফেব্রুয়ারি পর্যন্ত করা হয়েছে। তবে এ সুবিধার আওতায় খালি কনটেইনার পড়বে না। এদিকে বন্দরের কার্যক্রম সচল রাখা এবং ব্যবহারকারীদের নিরবচ্ছিন্ন সেবা নিশ্চিত করতে আমদানিকারকদের দ্রুত কনটেইনার খালাসের অনুরোধ জানিয়েছে বন্দর কর্তৃপক্ষ।

জানা গেছে, চট্টগ্রাম বন্দরের কনটেইনার ধারণক্ষমতা প্রায় ৬০ হাজার টিইইউ। ২০২৬-২৭ অর্থবছরের প্রথম চার মাসে বন্দরে মোট ১১ লাখ ৪১ হাজার ১৭৯ টিইইউ কনটেইনার হ্যান্ডলিং হয়েছে। আগের অর্থবছরের একই সময়ে এ সংখ্যা ছিল ১২ লাখ ১৩ হাজার ৮০৫ টিইইউ। সে হিসাবে গত বছরের তুলনায় কনটেইনার হ্যান্ডলিং কমেছে প্রায় ৬ শতাংশ। চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের সচিব সৈয়দ রেফায়েত হামিম বলেন, আগামী ১লা ডিসেম্বর থেকে ২০২৭ সালের ২৮শে ফেব্রুয়ারি পর্যন্ত এ সিদ্ধান্ত কার্যকর থাকবে।