গোপালগঞ্জ সহ দেশের বিভিন্ন স্থানে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের সন্ত্রাসী হামলার প্রতিবাদে গাজীপুরে বিএনপি’র উদ্যোগে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ হয়েছে। গতকাল বিকালে জেলা শহরের রাজবাড়ী সড়কের দলীয় কার্যালয় প্রাঙ্গণে আয়োজিত সমাবেশে সদর মেট্রো থানার সভাপতি এডভোকেট মেহেদী হাসান এলিসের সভাপতিত্বে এ সমাবেশে প্রধান অতিথি ছিলেন মহানগর বিএনপি’র সভাপতি ও গাজীপুর সিটি করপোরেশনের প্রশাসক শওকত হোসেন সরকার। সমাবেশে এডভোকেট আব্দুস সালামের পরিচালনায় বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন বিএনপি নেতা মীর হালিমুজ্জামান ননি, এডভোকেট শহিদুজ্জামান, আহাম্মদ আলী রুশদি, হান্নান মিয়া হান্নু, হাসান আজমল ভূঁইয়া, জয়নাল আবেদীন তালুকদার, কৃষক নেতা আতাউর রহমান প্রমুখ।
এ সময় প্রধান অতিথি শওকত সরকার বলেন, ফ্যাসিস্ট সরকারের আমলের মন্ত্রী আ.ক.ম মোজাম্মেল হক অডিও বার্তায় জ্বালাও পোড়াওয়ের বার্তা দিয়েছে। তার কারণেই তার বাড়িতে আগুন জ্বলছে। নিজেরা নিজেদের বাড়িতে আগুন দিয়ে নাটক করছে। গাজীপুরে পুলিশের গাড়িতে আগুন দিয়েছে। গার্মেন্টস শিল্প ধ্বংস করার চেষ্টা করছে, এরপর আমরা চুপ করে থাকতে পারি না। আপনারা নাটক করবেন আর আমরা চুপ করে থাকবো, তা তো হতে পারে না। আপনারা কীভাবে নৈরাজ্য করেন, তা আমরা দেখতে চাই। তারা গার্মেন্টস শিল্প ধ্বংস করতে চায়। দেশ ভারতের কাছে বিক্রি করতে চায়। কর্মসূচির নামে আমরা তাদের ধ্বংস করতে দেবো না। তারা যাতে কোনো কিছুই করতে না পারে। আর কোনো কিছু করতে গেলে তাদেরকে ধরে পুলিশে সোপর্দ করতে হবে।
