বিশ্ব ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা ফিফার নেতৃত্বে পরিবর্তনের দাবি তুলেছেন জার্মানির কোচ ইয়ুর্গেন ক্লপ। বর্তমান সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোর কড়া সমালোচনা করে তিনি বলেছেন, সাবেক সভাপতি সেপ ব্লাটারের চেয়েও পরিস্থিতি খারাপ করে তুলেছেন ইনফান্তিনো। তার মতে, বিশ্ব ফুটবলের স্বার্থেই এখন নেতৃত্বে পরিবর্তন প্রয়োজন।
২০১৫ সালে দুর্নীতির অভিযোগে ফিফা সভাপতির পদ ছাড়তে বাধ্য হন ব্লাটার। পরের বছরের ফেব্রুয়ারিতে দায়িত্ব নেন ইনফান্তিনো। প্রায় এক দশক পর তার নেতৃত্ব নিয়েও তৈরি হয়েছে তীব্র বিতর্ক। বিশ্বকাপসহ ফিফার বিভিন্ন প্রতিযোগিতার মালিকানায় বেসরকারি বিনিয়োগকারীদের অংশীদারত্ব দেওয়ার পরিকল্পনা ছিল ইনফান্তিনোর প্রস্তাবিত ফিফা ফরোয়ার্ড এন্টারপ্রাইজের (এফএফই)।
কিন্তু তীব্র সমালোচনার মুখে সেই পরিকল্পনা থেকে সরে আসেন তিনি। ফিফা কাউন্সিলের কাছে ক্ষমাও চান ইনফান্তিনো। তবে কাউন্সিলের পক্ষ থেকে জানানো হয়, সংশ্লিষ্ট সব নথি প্রকাশ এবং গুরুত্বপূর্ণ প্রশ্নের জবাব না দেয়া পর্যন্ত নেতৃত্বের উপযুক্ত নন তিনি।
এমন পরিস্থিতিতে ক্লপের মন্তব্য আরও চাপ বাড়িয়েছে ফিফা সভাপতির ওপর। ক্লপ বলেন, ‘আমি অনেক বছর ধরে ফুটবল অনুসরণ করছি। এ বিষয়ে আমার চেয়ে অনেক বেশি জানেন, এমন মানুষও আছেন। তবে আমার মনে হয়, এখন অধিকাংশ মানুষই একমত হবেন যে নেতৃত্বে পরিবর্তন হলে তা হবে ইতিবাচক।’
ইনফান্তিনোর সমালোচনা করে জার্মান কোচ আরও বলেন, ‘আমি ভাবতেও পারিনি সেপ ব্লাটারের পর পরিস্থিতি আরও খারাপ হতে পারে। কিন্তু কেউ একজন সেটিও করে দেখিয়েছেন। জিয়ান্নি ইনফান্তিনোর জায়গায় পরবর্তী যিনি আসবেন, তিনি নিশ্চয়ই আরও ভালো কাজ করতে পারবেন।’
আগামী মার্চে ফিফা সভাপতি নির্বাচনে আবারও প্রার্থী হওয়ার পরিকল্পনা রয়েছে ইনফান্তিনোর। তবে বুধবারই প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের আনুষ্ঠানিকভাবে প্রার্থিতা নিশ্চিত করার শেষ সময়। সাবেক আর্সেনাল কোচ আর্সেন ওয়েঙ্গার নির্বাচনে লড়ার কথা ভাবলেও শেষ পর্যন্ত সরে দাঁড়িয়েছেন বলে জানিয়েছে বিবিসি স্পোর্ট। ফলে বিকল্প প্রার্থী খুঁজছে ইউরোপিয়ান ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা উয়েফা।
সাবেক টটেনহ্যাম হটস্পার ডিফেন্ডার রামন ভেগা ও জাপান ফুটবল অ্যাসোসিয়েশনের সম্মানসূচক সভাপতি কোজো তাশিমা ইতিমধ্যে প্রার্থিতার আগ্রহ জানিয়েছেন।
