গোপালগঞ্জে ৮ প্লাটুন আনসার ব্যাটালিয়ন মোতায়েন

গোপালগঞ্জে ৮ প্লাটুন আনসার ব্যাটালিয়ন মোতায়েন

ফন্ট সাইজ:

গোপালগঞ্জ জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা ও জননিরাপত্তা নিশ্চিত করতে ৮ প্লাটুন আনসার ব্যাটালিয়ন সদস্য মোতায়েন করা হয়েছে। আগামী ১৯ নভেম্বরের ঘোষিত কর্মসূচিকে কেন্দ্র করে জেলার নিরাপত্তাব্যবস্থা জোরদার করতে এ পদক্ষেপ নেয়া হয়েছে।

সোমবার (১৬ নভেম্বর) বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর বাহিনীর সহকারী পরিচালক ও গণসংযোগ কর্মকর্তা মো. নাজমুস সাকিব এসব তথ্য জানান।

তিনি বলেন, মোতায়েন করা আনসার ব্যাটালিয়ন সদস্যরা জেলার গুরুত্বপূর্ণ রাষ্ট্রীয় স্থাপনা, প্রধান সড়ক-মহাসড়ক এবং স্পর্শকাতর পয়েন্টগুলোতে দায়িত্ব পালন করবেন। গুরুত্বপূর্ণ স্থাপনার নিরাপত্তা নিশ্চিত করা, সম্ভাব্য নাশকতা, অগ্নিসংযোগ ও ভাঙচুর প্রতিরোধ এবং জনসাধারণের স্বাভাবিক চলাচল অব্যাহত রাখতে সদস্যদের সতর্ক অবস্থানে রাখা হয়েছে। যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলায় তাদের প্রস্তুত রাখা হয়েছে।

এর আগে গাজীপুর ও নারায়ণগঞ্জে শ্রমিক আন্দোলনকে কেন্দ্র করে সৃষ্ট পরিস্থিতি নিয়ন্ত্রণ এবং শিল্পাঞ্চলের নিরাপত্তা নিশ্চিত করতে আনসার ব্যাটালিয়ন সদস্য মোতায়েন করা হয়। বর্তমানে গাজীপুরে ৬ প্লাটুন এবং নারায়ণগঞ্জে ৪ প্লাটুন সদস্য গুরুত্বপূর্ণ স্থাপনা, শিল্পকারখানা ও স্পর্শকাতর পয়েন্টের নিরাপত্তায় নিয়োজিত রয়েছেন।