দুই আসামির ডেথ রেফারেন্সের শুনানি শেষ, কাল রায়

শিশু রামিসা ধর্ষণ ও হত্যা

দুই আসামির ডেথ রেফারেন্সের শুনানি শেষ, কাল রায়

ফন্ট সাইজ:

রাজধানীর পল্লবীতে আট বছর বয়সী স্কুলশিক্ষার্থী রামিসা আক্তারকে ধর্ষণ ও হত্যার ঘটনায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত দুই আসামির আপিল ও ডেথ রেফারেন্সের ওপর হাইকোর্টে শুনানি শেষ হয়েছে। আগামীকাল রায় ঘোষণা করা হবে।

এর আগে সোমবার বিচারপতি ভীষ্মদেব চক্রবর্তীর নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চে এ শুনানি শুরু হয়। এদিন রাষ্ট্রপক্ষে শুনানি করেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার মোহাম্মদ ওসমান চৌধুরী।

এর আগে, চাঞ্চল্যকর এ মামলার বিচারকাজ মাত্র ১৯ দিনে শেষ করে গত ৭ জুন রায় ঘোষণা করেন ট্রাইব্যুনাল। রায়ে মামলার প্রধান আসামি সোহেল রানা ও তার স্ত্রী স্বপ্না খাতুনকে মৃত্যুদণ্ড দেওয়া হয়।

মামলার নথি ও এজাহার সূত্রে জানা যায়, গত ১৯ মে রাজধানীর পল্লবী এলাকায় প্রতিবেশী সোহেলের ঘর থেকে পপুলার মডেল হাই স্কুলের দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী রামিসা আক্তারের মরদেহ উদ্ধার করা হয়। এ ঘটনায় পরদিন (২০ মে) প্রতিবেশী সোহেল, তার স্ত্রী স্বপ্না ও অজ্ঞাতপরিচয় এক ব্যক্তিকে আসামি করে পল্লবী থানায় মামলা করেন নিহত শিশুর বাবা আব্দুল হান্নান মোল্লা।

মামলার বিবরণ ও তদন্তকারীদের তথ্য অনুযায়ী, সোহেল শিশু রামিসাকে নিজের ঘরে নিয়ে ধর্ষণ করে। এরপর শিশুটিকে গলা কেটে হত্যা করে এবং অপরাধ ধামাচাপা দিতে মরদেহ টুকরো করার চেষ্টা চালায়।

ঘটনার পর গত ২৪ মে পল্লবী থানার উপ-পরিদর্শক (এসআই) ও মামলার তদন্ত কর্মকর্তা ওহিদুজ্জামান ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতে চার্জশিট (অভিযোগপত্র) দাখিল করেন। চার্জশিটে প্রধান আসামি সোহেলের বিরুদ্ধে ধর্ষণ, হত্যা ও আলামত নষ্টের অভিযোগ আনা হয়। অন্যদিকে, তার স্ত্রী স্বপ্নার বিরুদ্ধে আলামত নষ্ট, মিথ্যা তথ্য প্রদান এবং স্বামীকে অপরাধে সহায়তার অভিযোগ আনা হয়। চার্জশিট দাখিলের কয়েক ঘণ্টা পরেই আদালত মামলাটি বিচারের জন্য ট্রাইব্যুনালে স্থানান্তরের নির্দেশ দেন।

উল্লেখ্য, বিচারিক আদালতে কোনো আসামির মৃত্যুদণ্ড হলে তা কার্যকরের জন্য হাইকোর্টের অনুমোদনের প্রয়োজন হয়, যা ডেথ রেফারেন্স (মৃত্যুদণ্ড অনুমোদন) হিসেবে পরিচিত। পাশাপাশি দণ্ডাদেশের বিরুদ্ধে আসামিরা জেল আপিল বা নিয়মিত আপিল করার সুযোগ পান। ডেথ রেফারেন্স ও আসামিদের আপিলের ওপর একসঙ্গে শুনানি শেষে হাইকোর্ট চূড়ান্ত সিদ্ধান্ত দেবেন।