ইসরাইলি পার্লামেন্ট নেসেটের ডেপুটি স্পিকার নির্বাচিত হয়েছেন আরব সদস্য আহমাদ তিবি। তিনি জয়েন্ট লিস্ট জোটের চেয়ারম্যান। সোমবার তিবি জানান, এটি জয়েন্ট লিস্টের জন্য একটি ন্যায্য অর্জন। গত ২৭ অক্টোবরের নির্বাচনে তারা ১১টি আসন লাভ করে। এ খবর দিয়েছে আল জাজিরা।
তিনি আরও জানান, প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর লিকুদ পার্টি এবং জাতীয় নিরাপত্তামন্ত্রী ইতামার বেন-গভির তার নির্বাচন ঠেকাতে চেষ্টা করেছিলেন। তবে বেপরোয়া উসকানি সত্ত্বেও তারা ব্যর্থ হয়েছেন। এখন থেকে সব কমিটিতে জয়েন্ট লিস্টের প্রতিনিধিত্ব থাকবে।
সোমবার নেসেট সদস্যদের ভোটে নির্বাচিত হওয়া তিবি তায়াল পার্টির নেতা, যা জয়েন্ট লিস্টের একটি দল। ইসরাইলের ফিলিস্তিনি নাগরিকদের প্রতিনিধিত্বকারী গোষ্ঠী জয়েন্ট লিস্ট এবং ইউনাইটেড আরব লিস্ট (রা’আম) গত মাসের নির্বাচনে ঐতিহাসিক সাফল্য লাভ করে। ১২০ সদস্যের পার্লামেন্টে তারা সম্মিলিতভাবে ১৯টি আসন নিশ্চিত করে। চলতি মাসে প্রেসিডেন্ট আইজ্যাক হারজোগ গাদি আইজেনকোটকে পরবর্তী সরকার গঠনের দায়িত্ব দেয়ার পর এই ব্লক তাকে সমর্থন জানায়। ফিলিস্তিনি নেতৃত্বাধীন দলগুলো এখন তাদের সম্প্রদায়ের প্রতি বৈষম্য এবং অন্যান্য সমস্যা মোকাবেলায় তাদের বর্ধিত প্রতিনিধিত্ব ব্যবহারের ওপর জোর দিচ্ছে।
পার্লামেন্ট নির্বাচনে হস্তক্ষেপের বিষয়ে একটি অনুসন্ধানী প্রতিবেদন প্রকাশের পর তিবি রোববার নেতানিয়াহু এবং তার সহযোগীদের বিরুদ্ধে ফৌজদারি তদন্তের দাবি জানান। তিনি তাদের বিরুদ্ধে ‘মাফিয়া স্টাইলের আচরণের’ অভিযোগ আনেন। ইসরাইলের চ্যানেল ১২ সম্প্রচারমাধ্যমের মতে, নেসেট নির্বাচনের আগে নেতানিয়াহুর চিফ অব স্টাফ ইদো নর্ডেন পুলিশ কমিশনারের কার্যালয়ে যোগাযোগ করেছিলেন। তিনি অভিযোগ করেছিলেন যে দক্ষিণ ইসরাইলে রা’আম পার্টির তিন কর্মীর কাছে ভোটারদের প্রভাবিত করার জন্য বিপুল পরিমাণ নগদ অর্থ ও ভাউচার রয়েছে।
প্রতিবেদনে বলা হয়, বৈধ তল্লাশি বা গ্রেপ্তারি পরোয়ানা ছাড়াই পুলিশ ওই কর্মীদের বাড়িতে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে। প্রধানমন্ত্রীর কার্যালয়ের এক সাবেক কর্মীর দেয়া গোয়েন্দা তথ্যের ভিত্তিতে পুলিশ এই কাজ করে। এক্সে দেয়া এক পোস্টে তিবি জানান, কেউই আইনের ঊর্ধ্বে নয়, এমনকি নেতানিয়াহুও নন।
তিবি ১৯৯৯ সালে প্রথম নেসেটে নির্বাচিত হন এবং এর আগে ২০০৬ থেকে ২০২২ সাল পর্যন্ত ডেপুটি স্পিকার হিসেবে দায়িত্ব পালন করেন। এর আগে বেশ কয়েকজন আরব নেসেটের ডেপুটি স্পিকার হিসেবে দায়িত্ব পালন করেছেন। রা’আম নেতা মনসুর আব্বাস ২০২০ থেকে ২০২২ সালের মধ্যে এই পদে ছিলেন। হাদাশ পার্টির সাবেক নেতা মোহাম্মদ বারাকেহ ২০০৩ সালে নিযুক্ত হন। অন্যান্য আরব ডেপুটি স্পিকারদের মধ্যে রয়েছেন রা’আমের সাবেক আইনপ্রণেতা আবদুলমালিক দেহামশে এবং নাওয়াফ মাসালহা। মাসালহা ১৯৮৮ সালে নেসেটে নিযুক্ত প্রথম মুসলিম ছিলেন।
