এনভিডিয়া থেকে সরে গিয়েছেন প্রতিষ্ঠানটির সিইও জেনসেন হুয়াং। সন্দেহভাজন চীনা গুপ্তচরের সাথে সম্পর্কের গুঞ্জনের জেরে তাকে পদত্যাগ করতে হয়। তবে তার এই পদত্যাগ মানতে পারছেন না অনেকেই। এখন পর্যন্ত ১ লাখ ৬৫ হাজার মানুষ একটি খোলা চিঠিতে জেনসেনকে এনভিডিয়ায় ফেরাতে সই করেছে। এদের সাথে যোগ দিয়েছেন আরেক টেক জায়ান্ট ইলন মাস্ক। এছাড়াও আরও অনেক শীর্ষ টেক কর্মকর্তা জেনসেনকে তার পদ ফিরিয়ে দিতে এনভিডিয়ার বোর্ডকে আহ্বান জানান। তারা খোলা চিঠিতে জানান, স্বাধীন তদন্তে অভিযোগ চূড়ান্তভাবে প্রমাণিত না হওয়া পর্যন্ত তাকে পদে বহাল রাখা হোক। এ খবর দিয়েছে অনলাইন গার্ডিয়ান।
পদত্যাগের ৪ দিনের মাথায় জেনসেন নিজেও প্রতিষ্ঠানটিতে ফেরার পরিকল্পনা করছেন। ফাইন্যান্সিয়াল টাইমসের প্রতিবেদন অনুযায়ী, হুয়াং পুনরায় প্রতিষ্ঠানে ফেরার বিষয়ে তার ঘনিষ্ঠজনদের সাথে আলোচনা করেছেন। হুয়াংয়ের এক ঘনিষ্ঠজন জানান, তারা একটি ‘ওয়ার রুম’ গঠন করবেন। সিলিকন ভ্যালির কর্মকর্তাদের নিয়ে তারা এনভিডিয়ার সাবেক সিইওর ফেরার বিষয়ে হোয়াইট হাউজে তদবির করবেন। তিনি আরও জানান, প্রতিষ্ঠানটির সকলেই জেনসেনকে ভালোবাসে। শুক্রবার ব্রাড গার্স্টনার এবং গ্যাভিন বেকার নামের দুজন বড় শেয়ারহোল্ডার বোর্ডকে সকল পথ বিবেচনায় রাখার আরজি জানান।
এদিকে শুক্রবার ওয়াশিংটনে মার্কিন বাণিজ্যমন্ত্রী স্কট বেসেন্ট ফক্স নিউজকে জানান, এনভিডিয়ার সিইও পদের জন্য কোম্পানির বাইরের কাউকে বিবেচনা করা উচিত। তাদের একটি বড় পরিবর্তনের প্রয়োজন রয়েছে। বেসেন্ট আরও জানান, এনভিডিয়ার এটা ব্যাখ্যা দেয়া প্রয়োজন যে তারা জেনে-বুঝে সর্বোচ্চ সক্ষমতার চিপ চীনে পৌঁছানোর সুযোগ করে দিয়েছে কিনা। এটি জেনসেনের চীনা গুপ্তচরের সাথে সম্পর্কের চেয়েও বেশি গুরুত্বপূর্ণ বলে তিনি জানান।
হুয়াংকে ফিরিয়ে আনার দাবিতে করা চিঠিতে ইলন মাস্কের পাশাপাশি আরও অনেক প্রযুক্তি জায়ান্ট স্বাক্ষর করেছেন। তাদের মধ্যে রয়েছেন ভিডিও গেম প্রকাশক এপিক গেমসের প্রতিষ্ঠাতা টিম সুইনি এবং ওয়াই কম্বিনেটরের প্রেসিডেন্ট গ্যারি ট্যান। উবারের সহ-প্রতিষ্ঠাতা ট্রাভিস কালানিক এতে স্বাক্ষর করে জানান, হুয়াং ভুল করেছেন ঠিকই, তবে তাকে কোম্পানি থেকে আলাদা করার মতো কোনো কিছু তিনি করেননি। এনভিডিয়ার সাড়ে ৭ হাজারেরও বেশি কর্মী এই চিঠিতে স্বাক্ষর করেছেন, যা কোম্পানির মোট কর্মীর ১৮ শতাংশ।
এই সমর্থন শিল্পে এআইয়ের গডফাদার হিসেবে পরিচিত হুয়াংয়ের অনন্য অবস্থানকে তুলে ধরে। তার নেতৃত্বে এনভিডিয়া সিলিকন ভ্যালির অন্যতম প্রধান বিনিয়োগকারীতে পরিণত হয়। ডেটাসেন্টার এবং স্টার্টআপগুলোতে অর্থায়নের জন্য এটি ‘এআইয়ের কেন্দ্রীয় ব্যাংক’ ডাকনাম অর্জন করে। মঙ্গলবার কোম্পানির ত্রৈমাসিক আয়ের প্রতিবেদন প্রকাশের কথা রয়েছে। তবে এর ফলে একটি অনুমানমূলক বিনিয়োগ বুদবুদ তৈরির জন্য কোম্পানিটি সমালোচনার মুখেও পড়েছে। এআই প্রতিযোগিতায় যেকোনো সীমাবদ্ধতার বিরুদ্ধে লড়াই করেছেন হুয়াং। এসব ইস্যুতে অ্যানথ্রোপিক এবং এর প্রধান দারিও আমোদেইয়ের সাথে তার দ্বন্দ্বও হয়েছিল।
