‘হানিট্র্যাপ’ থেকে ভারতীয় সামরিক বাহিনীকে কীভাবে সুরক্ষিত রাখা হচ্ছে!

‘হানিট্র্যাপ’ থেকে ভারতীয় সামরিক বাহিনীকে কীভাবে সুরক্ষিত রাখা হচ্ছে!

ফন্ট সাইজ:

বিদেশি গুপ্তচর চক্রের বিরুদ্ধে লড়াইয়ে ভারতীয় সামরিক বাহিনী ও এর গবেষণা নেটওয়ার্কগুলো প্রযুক্তিগত এবং প্রাতিষ্ঠানিক নিরাপত্তাব্যবস্থা গড়ে তুলেছে। এসব গুপ্তচর চক্র এখন প্রচলিত ‘হানিট্র্যাপ’-এর বাইরে গিয়ে সাইবার যুদ্ধ ও বিভিন্ন ধরনের প্রতারণার আশ্রয় নিচ্ছে বলে জানিয়েছেন ভারতের বিমানবাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল আশুতোষ দীক্ষিত। তিনি বলেন, সামাজিক যোগাযোগমাধ্যমে প্রেমের ফাঁদে ফেলা গোয়েন্দা তৎপরতার একটি ছোট অংশ মাত্র। সরকারি গবেষণাগার থেকে শুরু করে বেসরকারি প্রতিরক্ষা ঠিকাদারি প্রতিষ্ঠান সবখানেই কর্মীদের লক্ষ্যবস্তু করা হচ্ছে। সোমবার দিল্লিতে এএনআই ন্যাশনাল সিকিউরিটি সামিট ৩.০-তে বক্তব্য দেয়ার সময় এসব কথা বলেন বিমানবাহিনী প্রধান।

ভারতের প্রতিরক্ষা শিল্প গোপন তথ্য ফাঁসের মতো তৎপরতার ঝুঁকিতে রয়েছে কি না, এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, এটি শুধু হানিট্র্যাপের বিষয় নয়। মূলত এটি সাইবার গুপ্তচরবৃত্তি। এটি একটি গোয়েন্দা তৎপরতার বিষয়। বর্তমানে সাইবার মাধ্যমসহ বিভিন্ন উপায়ে এবং প্রলোভনের মাধ্যমে গুপ্তচরবৃত্তি করা হয়। হানিট্র্যাপ পুরো বিষয়টির একটি মাত্র দিক। এর বাইরে আরও অনেক কিছু রয়েছে। তিনি আরও বলেন, মাল্টি-লেভেল মার্কেটিং এবং চড়া সুদে ঋণ দেয়া ব্যক্তিরাও সক্রিয় রয়েছে। এসব বিষয়ে আমরা পুরোপুরি সচেতন। আমরা নিবিড় নজর রাখছি এবং এগুলো নিয়ন্ত্রণে একটি পদ্ধতিগত উদ্যোগ নেয়া হয়েছে।
ভারতীয় বিমানবাহিনী প্রধান জানান, সামরিক বাহিনীর মূল যোগাযোগ নেটওয়ার্কগুলো জনসাধারণের ইন্টারনেট থেকে ফিজিক্যালি বিচ্ছিন্ন রাখা হয়েছে। ফলে বিদেশি গোয়েন্দারা সরাসরি প্রযুক্তিগত অবকাঠামোর পরিবর্তে নেটওয়ার্ক পরিচালনাকারী ব্যক্তিদের লক্ষ্যবস্তু করছে। এয়ার চিফ মার্শাল দীক্ষিত বলেন, আমাদের নেটওয়ার্কগুলো এয়ার-গ্যাপড। ফলে সেগুলোতে সরাসরি সাইবার হামলা চালানো সম্ভব নয়। তবে ভেতরের লোকজনকে ব্যবহার করে হুমকি তৈরি করা হচ্ছে। এ বিষয়ে আমরা সচেতন। ইতিমধ্যে কিছু প্রযুক্তিগত ও প্রাতিষ্ঠানিক সমাধান ব্যবস্থা চালু করা হয়েছে।

সাম্প্রতিক একটি ঘটনায় দিল্লি পুলিশ এক প্রতিরক্ষা কর্মকর্তাকে গ্রেপ্তার করেছে। তার বিরুদ্ধে সংবেদনশীল সামরিক মোতায়েনসংক্রান্ত তথ্য ফাঁস এবং এক সহকর্মীর মোবাইল ফোনে তথ্য চুরির ম্যালওয়্যার স্থাপনের চেষ্টা করার অভিযোগ রয়েছে। তদন্তকারীরা জানিয়েছেন, ব্যক্তিগত জীবনের কঠিন সময়ের মধ্য দিয়ে যাওয়া ওই কর্মকর্তা সামাজিক যোগাযোগমাধ্যমে এক নারীর সঙ্গে বন্ধুত্ব করেন। ওই নারী পাকিস্তানি গোয়েন্দা সংস্থার হয়ে কাজ করতেন বলে সন্দেহ করা হচ্ছে।