থাইল্যান্ডের দক্ষিণাঞ্চলীয় পর্যটন দ্বীপ ফুকেটে একটি বাণিজ্যিক ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডে কমপক্ষে ১১ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন ১৬ জন। সোমবার ভোরে এ ঘটনা ঘটে বলে বার্তা সংস্থা রয়টার্সকে জানিয়েছে পুলিশ। আগুনের সূত্রপাত হয় যানবাহন ভাড়া দেয়ার একটি ব্যবসাপ্রতিষ্ঠান থাকা ভবনে। পরে তা আশপাশের কয়েকটি ভবনে ছড়িয়ে পড়ে। থাই কর্তৃপক্ষ জানিয়েছে, স্থানীয় সময় ভোর ৩টা ১৭ মিনিটে আগুনের সূত্রপাত হয়। আগুন নিয়ন্ত্রণে আনতে দমকলকর্মীদের প্রায় দুই ঘণ্টা সময় লাগে। আহতদের মধ্যে ১৫ জন থাই নাগরিক এবং একজন মিয়ানমারের নাগরিক।
নিহত বা আহতদের মধ্যে কোনো পর্যটক নেই বলে জানিয়েছে পুলিশ। তবে থাই সংবাদমাধ্যম ‘থাই এনকোয়ারার’ এক প্রতিবেদনে জানিয়েছে, ১৬ নভেম্বর ভোরে ফুকেটের পাতং এলাকায় ভয়াবহ আগুনে ১১ জন নিহত এবং ৩৬ জন আহত হয়েছেন। আগুন লাগার কারণ জানা যায়নি। বিষয়টি তদন্ত করে দেখছে কর্তৃপক্ষ। ভবনটি শহর এলাকায় অবস্থিত। ফুকেটের পশ্চিম উপকূলে জনপ্রিয় পাতং সৈকতের কাছেই এর অবস্থান। এর চার মাস আগে থাইল্যান্ডের রাজধানী ব্যাংককের একটি বারে ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত ২৭ জন নিহত হন।
