চীনের কাছ থেকে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি ও সরবরাহব্যবস্থার গুরুত্বপূর্ণ উপাদানগুলো সুরক্ষিত রাখতে যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন একটি উদ্যোগে যোগ দিয়েছে ভারত। ফিন্যান্সিয়াল টাইমস-এর এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। ‘সান ফ্রান্সিসকো ডিক্লারেশন অন দ্য সিকিউর ফাউন্ডেশনস অব এন্ডিউরিং প্রসপারিটি’ নামের এই চুক্তিতে স্বাক্ষর করেছে যুক্তরাষ্ট্র, জাপান, অস্ট্রেলিয়া, ইসরাইল, বৃটেন, দক্ষিণ কোরিয়া, ভারত, কাতার ও সংযুক্ত আরব আমিরাত। এদিকে জার্মানি, সুইডেন, নেদারল্যান্ডস ও ইউরোপীয় কমিশন আগামী সপ্তাহে এই চুক্তিতে যোগ দিতে পারে বলে আশা করা হচ্ছে। চীনের হাতে উন্নত এআই চিপ পৌঁছানোর সুযোগ নিয়ে ওয়াশিংটনের উদ্বেগ বাড়ার মধ্যেই এই চুক্তি হলো। বিশেষ করে এনভিডিয়ার তৈরি উন্নত চিপ চীনে যাওয়ার বিষয়টি নিয়ে যুক্তরাষ্ট্র উদ্বিগ্ন। প্রতিবেদনে বলা হয়েছে, অবৈধভাবে এনভিডিয়ার উন্নত চিপ চীনে স্থানান্তরের অভিযোগে সন্দেহভাজন কোম্পানিগুলোর বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার নির্দেশ দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প। এ চুক্তির সময়ও তাৎপর্যপূর্ণ। কারণ, কয়েক দিন আগে এনভিডিয়ার প্রধান নির্বাহী কর্মকর্তা জেনসেন হুয়াংয়ের বিরুদ্ধে চীনা গুপ্তচর হিসেবে সন্দেহভাজন অ্যালিস হুয়াংয়ের সঙ্গে বিবাহবহির্ভূত সম্পর্কের অভিযোগের কথা সামনে আসে। প্রতিবেদনে এ অভিযোগের কথা উল্লেখ করা হয়েছে। এরপর হুয়াং এনভিডিয়ার প্রধান নির্বাহীর পদ থেকে সরে দাঁড়ান বলে দাবি করা হয়েছে।
এই ঘোষণার মধ্য দিয়ে যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন ‘প্যাক্স সিলিকা’ উদ্যোগের নতুন পর্যায় শুরু হলো। ২০২৫ সালের ডিসেম্বরে চালু হওয়া এ উদ্যোগের লক্ষ্য এআই সরবরাহব্যবস্থাকে আরও শক্তিশালী করা এবং চীনের নিয়ন্ত্রণাধীন গুরুত্বপূর্ণ সরবরাহকেন্দ্রগুলোর ওপর নির্ভরতা কমানো। এই উদ্যোগের আওতায় এআই প্রযুক্তির পুরো ব্যবস্থাকে অন্তর্ভুক্ত করা হয়েছে। এর মধ্যে রয়েছে সেমিকন্ডাক্টর, গুরুত্বপূর্ণ খনিজ, উন্নত উৎপাদনব্যবস্থা, জ্বালানি অবকাঠামো এবং ডাটা সেন্টার। উদ্বেগের কারণ হলো, এআই সরবরাহব্যবস্থা বিভিন্ন দেশে বিস্তৃত। একটি চিপ হয়তো এক দেশে নকশা করা হয়, অন্য দেশের যন্ত্রপাতি ব্যবহার করে তৈরি হয় এবং তৃতীয় কোনো দেশের মধ্য দিয়ে পরিবহন করা হয়। ফলে কোনো একটি সরকারের পক্ষে এককভাবে পুরো প্রযুক্তি সরবরাহব্যবস্থা সুরক্ষিত রাখা কঠিন। যুক্তরাষ্ট্রের অর্থনীতিবিষয়ক উপপররাষ্ট্রমন্ত্রী জ্যাকব হেলবার্গ ফিন্যান্সিয়াল টাইমসকে বলেন, গুরুত্বপূর্ণ প্রযুক্তি সুরক্ষায় একটি অভিন্ন পদ্ধতি গড়ে তুলবে এই উদ্যোগ। হেলবার্গ বলেন, সান ফ্রান্সিসকো ঘোষণা ঐতিহাসিক হয়ে উঠেছে এ কারণে যে, প্যাক্স সিলিকার অংশীদাররা এসব প্রযুক্তি এবং এর পেছনে থাকা অবকাঠামোর নিরাপত্তাকে যৌথ দায়িত্ব হিসেবে বিবেচনা করতে সম্মত হয়েছে।
ভারতের জন্য এই চুক্তি বৈশ্বিক প্রযুক্তি সরবরাহব্যবস্থায় নিজেদের অবস্থান শক্তিশালী করার সুযোগ তৈরি করতে পারে। বিশেষ করে সেমিকন্ডাক্টর উৎপাদন, এআই অবকাঠামো এবং দেশীয় প্রযুক্তিগত সক্ষমতা বাড়ানোর চেষ্টা করছে দেশটি। গুরুত্বপূর্ণ প্রযুক্তি খাতে নয়াদিল্লি ও ওয়াশিংটনের সহযোগিতা আরও গভীর হওয়ার প্রেক্ষাপটেও ভারতের এই অংশগ্রহণ তাৎপর্যপূর্ণ। ২০২৬ সালের ফেব্রুয়ারিতে ইন্ডিয়া এআই ইমপ্যাক্ট সামিটের সময় আনুষ্ঠানিকভাবে প্যাক্স সিলিকায় যোগ দেয় ভারত।
