ওয়ার্নারকে দেয়া প্রতিশ্রুতি ৬ বছর পর রাখলেন খাজা

ওয়ার্নারকে দেয়া প্রতিশ্রুতি ৬ বছর পর রাখলেন খাজা

ফন্ট সাইজ:

২০১৮ সালের কেপটাউন টেস্টের বল বিকৃতি-কাণ্ড নিয়ে নতুন করে উত্তপ্ত অস্ট্রেলিয়ান ক্রিকেট। স্যান্ডপেপার-কাণ্ডে নিজের বইয়ে প্রকাশ করা তথ্য সম্পর্কে ঘনিষ্ঠ বন্ধু ডেভিড ওয়ার্নারকে দুই মাস আগেই জানান উসমান খাজা। ২০২০ সালে দেয়া প্রতিশ্রুতি রক্ষা করতেই এত দিন পর মুখ খুলেছেন অস্ট্রেলিয়ার সাবেক এই ওপেনার।

সোমবার প্রকাশিত এক পডকাস্টে খাজা জানান, দীর্ঘদিন ধরে বিষয়টি গোপন রেখেছিলেন। দক্ষিণ আফ্রিকা সফরের সময় নতুন বিতর্ক তৈরি করতে চাননি। পাশাপাশি তথ্য ফাঁস হওয়ার আশঙ্কাও ছিল। খাজা বলেন, ‘আমি ওয়ার্নারকে অনেক দিন আগেই কথা দিয়েছিলাম। আট বছর ধরে তাকে এই বোঝা বহন করতে হয়েছে। ২০২০ সালে তাকে একটি বার্তা দিয়েছিলাম। এরপর ২০২৬ সাল পর্যন্ত আমরা বিষয়টি নিয়ে খুব একটা কথা বলিনি। দুই মাস আগে তাকে জানাই, আমার বইয়ে কী লিখেছি। সে ভীষণ অবাক হয়।’

২০১৮ সালে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে কেপটাউন টেস্টে বল বিকৃতির ঘটনায় নিষিদ্ধ হন ওয়ার্নার, স্টিভ স্মিথ ও ক্যামেরন ব্যানক্রফট। ক্রিকেট অস্ট্রেলিয়ার তদন্তে বলা হয়, এই পরিকল্পনা সম্পর্কে জানতেন কেবল ওই তিনজন। তবে খাজার বইয়ে প্রকাশিত নতুন তথ্য তদন্তের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলেছে। খাজার দাবি, স্যান্ডপেপার-কাণ্ডের দায় পুরো দলের নেয়া উচিত ছিল। ড্রেসিংরুমে এ বিষয়ে বক্তব্য দিলেও দুজন ক্রিকেটার তার প্রস্তাবের বিরোধিতা করেন। তিনি বলেন, ‘আমরা দল হিসেবে জিতি, দল হিসেবেই হারি। দায়িত্বও নেয়া উচিত দল হিসেবে। সবাই মিলে দায় স্বীকার করলে এই অধ্যায় চিরতরে বন্ধ করা সম্ভব হতো।’

অস্ট্রেলিয়ার অধিনায়ক প্যাট কামিন্স অবশ্য খাজার বক্তব্যের সঙ্গে দ্বিমত পোষণ করেছেন। তার দাবি, এমন কোনো বক্তব্যের কথা মনে নেই। তবে সাবেক পেসার চ্যাড সায়ার্স জানিয়েছেন, এ নিয়ে দলের দীর্ঘ বৈঠকের কথা তার মনে আছে।
বিতর্কের সম্ভাব্য প্রভাব নিয়েও সতর্ক খাজা। তিনি বলেন, ‘সবকিছুরই একটা মূল্য দিতে হয়। গত কয়েক দিনে আমার পরিবারকেও এর মূল্য দিতে হয়েছে। কী হতে পারে, তা জেনেই এই পথে নেমেছি। তবে বিষয়টি এতটা ব্যক্তিগত হয়ে উঠবে, ভাবিনি।’