রাষ্ট্রের নীতিনির্ধারকদের চিকিৎসায় সরকারি হাসপাতালকে অগ্রাধিকার দিতে চাই বাস্তবসম্মত জাতীয় নীতিমালা

রাষ্ট্রের নীতিনির্ধারকদের চিকিৎসায় সরকারি হাসপাতালকে অগ্রাধিকার দিতে চাই বাস্তবসম্মত জাতীয় নীতিমালা

ফন্ট সাইজ:

দেশের স্বাস্থ্য ও পরিবারকল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন রাজধানীর একটি ব্যয়বহুল বেসরকারি হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। গণমাধ্যমের খবর অনুযায়ী, তাঁর হৃদ্যন্ত্রের রক্ত নালিতে তিনটি ব্লক শনাক্ত হয়েছে এবং ইতিমধ্যেই দুটি ব্লকে রিং স্থাপন করা হয়েছে। তাঁর পরিবারের পক্ষ থেকে দেশবাসীর কাছে দোয়া চাওয়া হয়েছে। আমরা তাঁর দ্রুত ও পূর্ণ সুস্থতা কামনা করছি।
স্বাস্থ্যমন্ত্রী বিদেশে না গিয়ে দেশেই চিকিৎসা নেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন, এটি অবশ্যই ইতিবাচক। কিন্তু দেশের সরকারি স্বাস্থ্য ব্যবস্থার দায়িত্বপ্রাপ্ত ব্যক্তির চিকিৎসার জন্য একটি ব্যয়বহুল বেসরকারি হাসপাতাল বেছে নেওয়ার বিষয়টি গুরুত্বপূর্ণ নীতিগত প্রশ্নের জন্ম দেয়।
যিনি দেশের সরকারি হাসপাতালগুলোর উন্নয়ন, চিকিৎসার মান ও জনগণের আস্থা প্রতিষ্ঠার দায়িত্বে রয়েছেন, তিনি নিজেই যদি সরকারি হাসপাতালে চিকিৎসা গ্রহণ না করেন, তাহলে সাধারণ মানুষের কাছে কী বার্তা পৌঁছায়?
অবশ্যই একজন স্বাস্থ্যমন্ত্রীরও নিজের পছন্দমতো নিরাপদ ও মানসম্মত চিকিৎসা গ্রহণের অধিকার রয়েছে। জরুরি অবস্থায় নিকটবর্তী উপযুক্ত হাসপাতালে দ্রুত চিকিৎসা গ্রহণই চিকিৎসাবিজ্ঞানের দৃষ্টিতে সঠিক সিদ্ধান্ত। তাঁর বর্তমান চিকিৎসার স্থান নির্বাচনের পেছনে কী চিকিৎসাগত কারণ রয়েছে, তা না জেনে কোনো সিদ্ধান্তে পৌঁছানো উচিত নয়।
তবে এই ঘটনাকে কেন্দ্র করে দেশের সরকারি চিকিৎসা ব্যবস্থার সক্ষমতা, মর্যাদা ও ভবিষ্যৎ নিয়ে আলোচনা হওয়া জরুরি।
উন্নত বিশ্বের অভিজ্ঞতা আমাদের কী শেখায়?
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের চিকিৎসায় রয়েছে হোয়াইট হাউসের বিশেষ চিকিৎসক দল এবং প্রয়োজনে ওয়াল্টার রিড জাতীয় সামরিক চিকিৎসা কেন্দ্রের সেবা।
যুক্তরাজ্যে প্রধানমন্ত্রী ও মন্ত্রীরা দেশটির জাতীয় স্বাস্থ্য সেবা ব্যবস্থার অধীনে সরকারি হাসপাতালে চিকিৎসা গ্রহণ করতে পারেন। ২০২০ সালে তৎকালীন ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন করোনায় আক্রান্ত হয়ে লন্ডনের সরকারি সেন্ট থমাস হাসপাতালে নিবিড় পরিচর্যা কেন্দ্রে চিকিৎসা নিয়েছিলেন।
এসব উদাহরণ থেকে আমাদের শিক্ষা নেওয়া উচিত। রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের জন্য বিশেষ নিরাপত্তা ও চিকিৎসা সমন্বয়ের ব্যবস্থা থাকতে পারে, কিন্তু নিজ দেশের সরকারি চিকিৎসা ব্যবস্থাকে সক্ষম ও নির্ভরযোগ্য করে তোলাই হওয়া উচিত রাষ্ট্রের অগ্রাধিকার।
জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটের সক্ষমতাকে কেন অগ্রাধিকার দেওয়া হবে না?
বাংলাদেশের জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট ও হাসপাতাল দীর্ঘদিন ধরে দেশের অসংখ্য হৃদ্রোগ আক্রান্তদের চিকিৎসা দিয়ে আসছে। সেখানে অভিজ্ঞ হৃদ্রোগ বিশেষজ্ঞ, হৃদ্রোগের রক্ত নালিতে রিং স্থাপন এবং হৃদ্যন্ত্রের অস্ত্রোপচার সহ বিভিন্ন বিশেষায়িত চিকিৎসার ব্যবস্থা রয়েছে।
এ ছাড়া বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় এবং দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে জটিল হৃদ্রোগের চিকিৎসা হচ্ছে।
আমি মনে করি, স্বাস্থ্যমন্ত্রীর মতো গুরুত্বপূর্ণ ব্যক্তির চিকিৎসার ক্ষেত্রে রোগীর অবস্থা স্থিতিশীল থাকলে এবং চিকিৎসাগত ভাবে উপযুক্ত হলে জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটের মতো সরকারি বিশেষায়িত হাসপাতালকে অগ্রাধিকার দেওয়ার বিষয়টি বিবেচনা করা উচিত।
প্রয়োজনে দেশের বরেণ্য কার্ডিওলজিস্ট, ইন্টারভেশনাল কার্ডিওলজিস্ট (হৃদ্রোগের রক্ত নালিতে হস্তক্ষেপমূলক চিকিৎসায় অভিজ্ঞ বিশেষজ্ঞ) এবং কার্ডিয়াক সার্জনদের সমন্বয়ে একটি স্বাধীন চিকিৎসক বোর্ড গঠন করা যেতে পারে।
দেশের চিকিৎসকদের দক্ষতার অভাব নয়; অনেক ক্ষেত্রে পর্যাপ্ত জনবল, আধুনিক যন্ত্রপাতি, সুষ্ঠু ব্যবস্থাপনা ও চিকিৎসার উপযুক্ত পরিবেশের অভাবই বড় সমস্যা। এই সীমাবদ্ধতা দূর করার দায়িত্ব সরকারের।
শুধু সমালোচনা নয়, বাস্তবায়ন যোগ্য সাতটি প্রস্তাব
প্রথমত, জাতীয় চিকিৎসা নীতিমালা প্রণয়ন। আগামী ছয় মাসের মধ্যে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, মন্ত্রী, সংসদ সদস্য, সচিব ও গুরুত্বপূর্ণ সরকারি কর্মকর্তাদের চিকিৎসায় দেশের সক্ষম সরকারি হাসপাতালকে অগ্রাধিকার দেওয়ার একটি নীতিমালা প্রণয়ন করা হোক।
দ্বিতীয়ত, জাতীয় বিশেষজ্ঞ চিকিৎসক বোর্ড। সরকারি অর্থে বিদেশে চিকিৎসার প্রয়োজনীয়তা নির্ধারণে স্বাধীন বিশেষজ্ঞ বোর্ড গঠন করা হোক। দেশে নিরাপদ ও মানসম্মত চিকিৎসা সম্ভব হলে দেশেই চিকিৎসা গ্রহণকে অগ্রাধিকার দিতে হবে। তবে জরুরি চিকিৎসায় বোর্ডের সিদ্ধান্তের অপেক্ষায় কোনো বিলম্ব করা যাবে না।
তৃতীয়ত, সরকারি বিশেষায়িত হাসপাতালের আধুনিকায়ন। জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট, বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়, জাতীয় ক্যানসার গবেষণা ইনস্টিটিউট ও হাসপাতাল, জাতীয় স্নায়ুবিজ্ঞান ইনস্টিটিউট এবং সরকারি মেডিকেল কলেজ হাসপাতালগুলোর জনবল, চিকিৎসা সরঞ্জাম ও জরুরি সেবার ঘাটতি চিহ্নিত করে এক বছরের মধ্যে অগ্রাধিকার ভিত্তিক উন্নয়ন কার্যক্রম বাস্তবায়ন করা হোক।
চতুর্থত, জাতীয় চিকিৎসা সমন্বয় কেন্দ্র। রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের চিকিৎসায় বিশেষজ্ঞ চিকিৎসক, জরুরি পরিবহন, নিরাপত্তা ও উপযুক্ত হাসপাতালে দ্রুত চিকিৎসা নিশ্চিত করতে একটি সমন্বয় কেন্দ্র গঠন করা যেতে পারে। নতুন বিলাসবহুল হাসপাতাল তৈরির পরিবর্তে বিদ্যমান সরকারি হাসপাতালগুলোর সক্ষমতা কাজে লাগাতে হবে।
পঞ্চমত, সরকারি অর্থে চিকিৎসার ব্যয়ে স্বচ্ছতা। সরকারি অর্থে দেশে বা বিদেশে ব্যয়বহুল চিকিৎসার ক্ষেত্রে চিকিৎসাগত প্রয়োজনীয়তা, ব্যয়ের যৌক্তিকতা ও যথাযথ নিরীক্ষা নিশ্চিত করতে হবে। রোগীর ব্যক্তিগত চিকিৎসা বিষয়ক তথ্যের গোপনীয়তাও রক্ষা করতে হবে।
ষষ্ঠত, সাধারণ রোগীর জন্যও একই মানের চিকিৎসা। রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের চিকিৎসার জন্য যে হাসপাতালে উন্নত যন্ত্রপাতি, বিশেষজ্ঞ চিকিৎসক ও জরুরি সেবার ব্যবস্থা থাকবে, সেই সুবিধা সাধারণ রোগীরাও যেন পান। নিরাপত্তার অজুহাতে সাধারণ রোগীর চিকিৎসা ব্যাহত করা যাবে না।
সপ্তমত, ছয় মাস অন্তর অগ্রগতি মূল্যায়ন। স্বাস্থ্য মন্ত্রণালয় ও স্বাস্থ্য অধিদপ্তরের মাধ্যমে সরকারি হাসপাতালগুলোর জনবল, চিকিৎসার মান, রোগীর নিরাপত্তা, যন্ত্রপাতির কার্যকারিতা এবং সেবার অগ্রগতি নিয়মিত মূল্যায়ন করে প্রতিবেদন প্রকাশ করতে হবে।
রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ব্যক্তিরা সরকারি হাসপাতালে চিকিৎসা নিলে কী পরিবর্তন আসতে পারে?
রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, স্বাস্থ্যমন্ত্রী, অন্যান্য মন্ত্রী ও উচ্চপদস্থ কর্মকর্তারা যখন দেশের সরকারি হাসপাতালগুলোর ওপর নির্ভর করবেন, তখন এসব প্রতিষ্ঠানের বাস্তব সমস্যা সম্পর্কে তাঁদের প্রত্যক্ষ অভিজ্ঞতা তৈরি হবে।
হাসপাতালে শয্যা সংকট কেন? পর্যাপ্ত চিকিৎসক ও নার্স নেই কেন? আধুনিক যন্ত্রপাতি অচল থাকে কেন? রোগীদের দীর্ঘ সময় অপেক্ষা করতে হয় কেন? প্রয়োজনীয় ওষুধ পাওয়া যায় না কেন?
এসব প্রশ্নের সমাধান তখন শুধু প্রশাসনিক নথিতে সীমাবদ্ধ থাকবে না; রাষ্ট্রের নীতিনির্ধারকদের প্রত্যক্ষ অভিজ্ঞতার বিষয় হয়ে উঠবে।
তবে গুরুত্বপূর্ণ ব্যক্তিদের চিকিৎসার জন্য সাধারণ রোগীদের অধিকার ক্ষুণ্ণ করা যাবে না। আমরা আলাদা বিলাসবহুল চিকিৎসা ব্যবস্থা চাই না। আমরা চাই, একই সরকারি হাসপাতাল একজন মন্ত্রী এবং একজন সাধারণ নাগরিকের জন্য সমানভাবে নিরাপদ ও নির্ভরযোগ্য হয়ে উঠুক।
রাজনৈতিক নেতৃত্বের কাছে আমাদের প্রত্যাশা
শুধু ক্ষমতাসীন সরকারের সদস্যরাই নন, বিরোধী দলের নেতা, সাবেক মন্ত্রী, সংসদ সদস্য এবং সমাজের প্রভাবশালী ব্যক্তিরাও দেশের চিকিৎসা ব্যবস্থার প্রতি আস্থা প্রতিষ্ঠায় ভূমিকা রাখতে পারেন।
চিকিৎসাগতভাবে উপযুক্ত হলে তাঁরা দেশের সরকারি হাসপাতালে চিকিৎসা গ্রহণ করে ইতিবাচক দৃষ্টান্ত স্থাপন করতে পারেন।
তবে চিকিৎসার স্থান নির্বাচনের স্বাধীনতা সবার রয়েছে। কাউকে জোর করে সরকারি হাসপাতালে চিকিৎসা নিতে বাধ্য করা নয়, বরং সরকারি হাসপাতালগুলোকে এমন সক্ষম করে তুলতে হবে, যাতে সেগুলোই মানুষের স্বাভাবিক প্রথম পছন্দ হয়।
শেষ কথা: স্বাস্থ্যমন্ত্রীর চিকিৎসা থেকেই শুরু হোক স্বাস্থ্য ব্যবস্থা সংস্কারের নতুন আলোচনা
স্বাস্থ্যমন্ত্রীর দ্রুত সুস্থতা কামনা করছি। তাঁর চিকিৎসার সঙ্গে যুক্ত চিকিৎসকদের প্রতি আমাদের পূর্ণ শ্রদ্ধা রয়েছে। কিন্তু স্বাস্থ্যমন্ত্রীর একটি ব্যয়বহুল বেসরকারি হাসপাতালে চিকিৎসা গ্রহণের ঘটনা আমাদের সামনে যে গুরুত্বপূর্ণ প্রশ্ন তুলে ধরেছে, তা এড়িয়ে যাওয়ার সুযোগ নেই।
দেশের সরকারি হাসপাতালগুলো যদি সাধারণ মানুষের চিকিৎসার জন্য যথেষ্ট গুরুত্বপূর্ণ হয়, তাহলে সেগুলোকে রাষ্ট্রের সর্বোচ্চ ব্যক্তিদের চিকিৎসার উপযোগী করে গড়ে তোলা হবে না কেন?
আমাদের দাবি কোনো ব্যক্তির চিকিৎসা গ্রহণের স্বাধীনতার বিরুদ্ধে নয়। আমাদের দাবি একটি শক্তিশালী, আধুনিক, নিরাপদ ও জবাবদিহিমূলক সরকারি স্বাস্থ্য ব্যবস্থা প্রতিষ্ঠার পক্ষে।
আমি সরকারের কাছে আহ্বান জানাচ্ছি, আগামী ছয় মাসের মধ্যে জাতীয় চিকিৎসা নীতিমালা ও স্বাধীন বিশেষজ্ঞ চিকিৎসক বোর্ড গঠন এবং এক বছরের মধ্যে নির্বাচিত সরকারি বিশেষায়িত হাসপাতালগুলোর উন্নয়নে দৃশ্যমান অগ্রগতি নিশ্চিত করার জন্য সময়বদ্ধ কর্মপরিকল্পনা গ্রহণ করুন। যে হাসপাতালে দেশের সাধারণ মানুষ চিকিৎসা নেন, সেই হাসপাতালকে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী ও স্বাস্থ্যমন্ত্রীর চিকিৎসার উপযোগী করে গড়ে তুলুন।
শুধু জনগণকে দেশের চিকিৎসা ব্যবস্থার ওপর আস্থা রাখতে বলবেন নাÑরাষ্ট্রের নীতিনির্ধারকেরাও নিজেদের সিদ্ধান্ত ও কার্যক্রমের মাধ্যমে সেই আস্থার দৃষ্টান্ত স্থাপন করুন। দেশের চিকিৎসায় আস্থা চাই, বৈষম্য নয়। সরকারি হাসপাতালের উন্নয়ন চাই, শুধু প্রতিশ্রুতি নয়। রাষ্ট্রের সর্বোচ্চ ব্যক্তি থেকে সাধারণ নাগরিকÑসবার জন্য নিরাপদ ও মানসম্মত চিকিৎসা চাই।
দেশের চিকিৎসকদের দক্ষতা, অভিজ্ঞতা ও সক্ষমতার ওপর আস্থা রাখুন। সেই আস্থার উপযুক্ত সরকারি স্বাস্থ্য ব্যবস্থা গড়ে তুলুন।


লেখক: অধ্যাপক, এমবিবিএস (ডিএমসি), এমডি (কার্ডিওলজি), ক্লিনিক্যাল অ্যান্ড ইন্টারভেনশনাল কার্ডিওলজিস্ট, বিভাগীয় প্রধান, কার্ডিওলজি, পপুলার মেডিকেল কলেজ ও হাসপাতাল, ঢাকা।