এফডিসিতে হঠাৎ উত্তেজনা, জয়কে 'ফ্যাসিস্ট' বললেন হেলাল খান

এফডিসিতে হঠাৎ উত্তেজনা, জয়কে 'ফ্যাসিস্ট' বললেন হেলাল খান

ফন্ট সাইজ:

পরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে এফডিসি প্রাঙ্গনে আয়োজিত মানববন্ধনে অংশ না নেওয়ায় শিল্পী সমিতির সাধারণ সম্পাদক ও চিত্রনায়ক জয় চৌধুরীর ওপর ক্ষোভ ঝেড়েছেন জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থার (জাসাস) আহ্বায়ক ও অভিনেতা হেলাল খান। একপর্যায়ে জয় চৌধুরীকে উদ্দেশ করে তিনি বলেন, তুই ফ্যাসিস্ট। রোববার বিকেলে এফডিসি গেটে চলচ্চিত্র ও এফডিসিসংশ্লিষ্ট নেতা-কর্মী ও কর্মচারীরা মানববন্ধন ও প্রতিবাদ কর্মসূচি পালন করেন। এফডিসিতে উপস্থিত থাকলেও ওই কর্মসূচিতে অংশ নেননি জয় চৌধুরীসহ শিল্পী সমিতির কয়েকজন সদস্য। কর্মসূচির পর শিল্পী সমিতি চত্বরে গিয়ে জয় চৌধুরীর সঙ্গে কথা বলেন হেলাল খান। এ সময় দুজনের মধ্যে উত্তপ্ত বাক্যবিনিময় হয়।

জয় বিষয়টি বোঝানোর চেষ্টা করলে আরও ক্ষুব্ধ হন হেলাল। শিল্পী সমিতির সামনে কয়েকজনকে বসে থাকতে দেখে তাদের উদ্দেশেও ক্ষোভ প্রকাশ করেন তিনি।
হেলাল খান বলেন, যারা বসে আছে সবগুলো ফ্যাসিস্ট। জয়কে বলেন, চুপ, একদম চুপ। তুই ফ্যাসিস্ট। এফডিসিকে ফ্যাসিস্টমুক্ত করতে হবে। এ বিষয়ে জয় চৌধুরী বলেন, শিল্পী সমিতির সামনে বাইরের কয়েকজন লোক বসেছিলেন। তারা ডি এ তায়েবের ভক্ত। তায়েব আসতে দেরি করায় তারা সেখানে বসে ছিলেন। জন্মদিন উপলক্ষে কেক কাটতেও এসেছিলেন তারা। হেলাল ভাই রাগ করে আমাকে ফ্যাসিস্ট বলেছেন।

কারণ আমি ডি এ তায়েব ভাইকে সাপোর্ট করে কথা বলেছি এবং মানববন্ধনে যেতে দেরি হয়েছে। তায়েব ভাই নিজেও জানেন না, এই লোকজন কখন কীভাবে এফডিসিতে এসেছে এবং কেন তাদের মানববন্ধনে পাঠানো হয়নি। এ কারণেই তিনি রাগ করেছেন। রোববার বিকেলে এফডিসি প্রাঙ্গণে আয়োজিত মানববন্ধনে উপস্থিত ছিলেন হেলাল খান, সংগীতশিল্পী ও সুরকার ইথুন বাবু, চলচ্চিত্র প্রযোজক ও পরিবেশক সমিতির সভাপতি আওলাদ হোসেন উজ্জ্বল, সংগীতশিল্পী দিঠি আনোয়ার, মৌসুমী চৌধুরীসহ অনেকে।