ইউরোভিশন সং কনটেস্টের এশীয় সংস্করণের প্রথম আসরেই চ্যাম্পিয়ন হয়েছে ফিলিপাইন। দেশটির সংগীতশিল্পী কারমেল ‘সোবর-সোবর’ গান পরিবেশন করে জিতে নিয়েছেন প্রথম শিরোপা। এর মধ্য দিয়ে ইউরোভিশন এশিয়ার ইতিহাসে প্রথম বিজয়ী হিসেবে নাম লেখালেন তিনি। শনিবার থাইল্যান্ডের রাজধানী ব্যাংককের ওয়ান ব্যাংকক ফোরামে বসে প্রতিযোগিতার প্রথম আসর। এতে এশিয়ার ১১টি দেশের শিল্পীরা অংশ নেন। জাতীয় জুরি ও দর্শকদের ভোটের সমন্বয়ে নির্ধারিত হয় বিজয়ী। মোট ফলাফলের ৫০ শতাংশ ছিল দর্শকদের ভোট। প্রতিযোগিতায় বাংলাদেশের প্রতিনিধিত্ব করে ব্যান্ড ব্যাটমোসফিয়ার।
তাদের পরিবেশিত গানের নাম ছিল ‘তুমি এলে’। কারমেল এর আগে বিভিন্ন টেলিভিশনভিত্তিক সংগীত প্রতিযোগিতায় অংশ নিয়ে পরিচিতি পান। ‘দ্য ভয়েস কিডস’-এ প্রথম রানারআপ হওয়ার পর ‘তাওয়াগ এনজি তাঙ্গালান’ প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হন তিনি। এ ছাড়া ‘পিনয় বিগ ব্রাদার’ রিয়েলিটি শোতেও অংশ নিয়েছেন এই শিল্পী। ইউরোভিশনের ৭০ বছরের ইতিহাসে এশীয় সংস্করণের আয়োজন নতুন অধ্যায় যুক্ত করেছে। আয়োজকদের মতে, এই প্রতিযোগিতার মাধ্যমে এশিয়ার বিভিন্ন দেশের সংগীত, ভাষা ও সাংস্কৃতিক বৈচিত্র্য আন্তর্জাতিক মঞ্চে তুলে ধরার সুযোগ তৈরি হয়েছে।
