ভারতের ৩১তম কেরালা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের মূল প্রতিযোগিতা বিভাগে জায়গা করে নিয়েছে নির্মাতা মাসুদ হাসান উজ্জ্বল পরিচালিত ও মাসুমা রহমান নাবিলা অভিনীত সিনেমা ‘বনলতা সেন’। আগামী ১১ থেকে ১৮ই ডিসেম্বর ভারতের তিরুবনন্তপুরমে বসবে এই উৎসব। ১০ দেশের নির্বাচিত ১৪টি ছবির সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করবে সিনেমাটি। কবি জীবনানন্দ দাশের জীবন ও কাব্যজগৎ থেকে অনুপ্রাণিত হয়ে
নির্মিত ছবিতে বনলতা সেনের চরিত্রে অভিনয় করেছেন মাসুমা রহমান নাবিলা।
জীবনানন্দের ভূমিকায় রয়েছেন খায়রুল বাসার। ছবিটি প্রযোজনা করেছেন মাসুদ হাসান উজ্জ্বল। সহ-প্রযোজনায় রয়েছেন আবু শাহেদ ইমন। আন্তর্জাতিক প্রতিযোগিতায় সেরা ছবির জন্য রয়েছে ‘সুবর্ণ চকোরম’ পুরস্কার। পুরস্কারমূল্য ২০ লাখ ভারতীয় রুপি। পাশাপাশি সেরা পরিচালক ও নবাগত পরিচালকের জন্যও রয়েছে বিশেষ সম্মাননা। আদুর গোপালকৃষ্ণনের ‘পদযাত্রা’, ব্রাজিলের ‘গুগুস ওয়ার্ল্ড’সহ একাধিক আলোচিত ছবির সঙ্গে লড়বে ‘বনলতা সেন’। এই নির্বাচনে উচ্ছ্বাস প্রকাশ করেছেন নির্মাতা উজ্জ্বল। তিনি বলেন, আন্তর্জাতিক মঞ্চে ছবিটির এই স্বীকৃতি বাংলাদেশের সমকালীন চলচ্চিত্রের জন্য গুরুত্বপূর্ণ অর্জন।
