গার্মেন্টস বন্ধ হলে দেশ অস্তিত্ব সংকটে পড়বে
সাভারে কারখানা বন্ধের নোটিশ

গার্মেন্টস বন্ধ হলে দেশ অস্তিত্ব সংকটে পড়বে

ফন্ট সাইজ:

দেশের তৈরি পোশাক শিল্প খাতে অস্থিরতা থামছেই না। মজুরি বৃদ্ধির দাবিতে শুরু হওয়া শ্রমিক আন্দোলন কিছুতেই থামছে না। মজুরি বোর্ড গঠন ও ডিসেম্বর থেকেই মজুরি বাড়ানোর ঘোষণা দেয়ার পরও শ্রমঘন এলাকায় প্রতিদিনই শ্রমিক বিক্ষোভ হচ্ছে। বন্ধ রাখতে হচ্ছে কারখানা। ক্রমাগত শ্রমিক আন্দোলনের কারণে ব্যাহত হচ্ছে উৎপাদন। নেতিবাচক বার্তা যাচ্ছে বিশ্ববাজারে। এতে দেশের সবচেয়ে বড় এই খাত ঘিরে শঙ্কাও তৈরি হয়েছে। পরিস্থিতির কারণে গতকাল গার্মেন্ট মালিকদের পক্ষ থেকে ঘোষণা দেয়া হয়েছে আন্দোলন হলেই কারখানা বন্ধ করে দেয়া হবে। মালিকদের এই ঘোষণার ফলে নতুন করে শঙ্কা তৈরি হয়েছে। গতকাল শিল্প মালিকদের পক্ষ থেকে জানানো হয়, অন্তত ১৪৭টি কারখানা বন্ধ ছিল এদিন। এ ছাড়া কিছু কারখানা ছুটি ঘোষণা করা হয়। অক্টোবরের শেষের দিকে শুরু হওয়া শ্রমিক আন্দোলন শুরুর পর দ্রুতই সরকার মজুরি বোর্ড গঠন করে। এই বোর্ড ইতিমধ্যে ২টি বৈঠক করেছে। সোমবার মালিক পক্ষ মজুরি প্রস্তাব দেয়ার কথা রয়েছে। মজুরি বাড়ানোর আনুষ্ঠানিক এই উদ্যোগের পরও শ্রমিকদের আন্দোলনের পেছনে নানা কারণ রয়েছে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।

বিশেষ করে এই খাত নিয়ে সঠিক পরিকল্পনা ও সিদ্ধান্ত না নেয়ার কারণে পরিস্থিতি ঘোলাটে হচ্ছে বলে মনে করা হচ্ছে। সামনে মজুরি ঘোষণা ঘিরেও বড় শঙ্কা রয়েছে। শ্রমিকদের কাছে বাস্তবসম্মত মজুরি ঘোষণা না হলে পরিস্থিতি স্বাভাবিক হবে না বলে মনে করছেন সংশ্লিষ্টরা। শিল্প মালিক ও শ্রমিক সংশ্লিষ্ট সূত্র বলছে, সাম্প্রতিক কিছু সিদ্ধান্তের কারণে এ খাতে একের পর এক অস্থির অবস্থা তৈরি হচ্ছে। তিন মাস আগেই গোয়েন্দা তথ্য ছিল এ খাতে মজুরি বাড়ানো ঘিরে অস্থিরতা তৈরি হতে পারে। কিন্তু এই সময়ে কার্যকর কোনো উদ্যোগ নেয়া হয়নি। এ কারণে শেষতক শ্রমিকরা মজুরি বাড়ানোর দাবি নিয়ে রাস্তায় নামেন। এ ছাড়া শ্রমিক আন্দোলন চলার মধ্যে উস্কানির অভিযোগে গণহারে দুই শতাধিক প্রতিষ্ঠান ও মালিকের ব্যাংক হিসাব জব্দ করা হয়। পরে অবশ্য যাচাই করে কিছু অ্যাকাউন্ট খুলে দেয়া হয়েছে। সূত্র বলছে, যাদের বিরুদ্ধে অভিযোগ পাওয়া যায়নি অথচ অ্যাকাউন্ট বন্ধ করা হয়েছে তারা ব্যবসায়িক ক্ষতির মুখে পড়েছেন। শ্রমিকদের বেতন-ভাতা দিতে গিয়ে তারা বেকায়দায় পড়েন।

এসব প্রতিষ্ঠানের আমদানি রপ্তানিতেও বড় প্রভাব পড়ে। সংশ্লিষ্টরা বলছেন, সঠিক কারণ না খুঁজে গণহারে এই দোষারোপের কারণেও পরিস্থিতি ঘোলাটে হয়েছে। পাল্টাপাল্টি দোষারোপ না করে সঠিক সিদ্ধান্ত নেয়া জরুরি বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
আত্মঘাতী সিদ্ধান্তের কারণে দেশের সবচেয়ে বড় রপ্তানি খাত এই গার্মেন্ট খাত বন্ধ বা বিপর্যস্ত হলে দেশের অর্থনীতিই ধসে পড়বে বলে অর্থনীতিবিদরা মনে করছেন। যা রাষ্ট্রীয় অস্তিত্বকে সংকটে ফেলতে পারে। দেশের সম্ভাবনা এই খাতটি নানা ঘাত- প্রতিঘাত মোকাবিলা করে এই পর্যায়ে এসেছে। আশির দশকে এই খাত বিকাশে সবচেয়ে বড় সহায়ক হয়ে উঠেছিল শ্রীলঙ্কা থেকে শিল্প স্থানান্তর। ওই সময়ে দেশটিতে রাজনৈতিক অস্থিরতা ও ওই দেশের কোটা পূর্ণ হয়ে যাওয়ায় অনেক শিল্প বাংলাদেশে চলে আসে। একইসঙ্গে দেশটির প্রশিক্ষিত অনেক কর্মীও বাংলাদেশে আসেন। এই শিল্প স্থানান্তরের কারণে বাংলাদেশের পোশাকশিল্প খাত বড় ভিত্তি পায়। দেশের বর্তমান পরিস্থিতিতে অনেকে এই শিল্প অন্য দেশে স্থানান্তরের চেষ্টা হিসেবেও দেখছেন। তারা বলছেন, কিছু পক্ষ পরিকল্পিতভাবেই অস্থিরতা তৈরির চেষ্টা করছে। তাদের উদ্দেশ্য দেশের শিল্পকে অন্য দেশে নিয়ে যাওয়া। সম্প্রতি ভিয়েতনাম, ইন্দোনেশিয়ায় ব্যাপকভাবে এই শিল্পের বিকাশ হচ্ছে।

ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ


কারখানা বন্ধের হুঁশিয়ারি মালিকদের: শনিবার রাজধানীর উত্তরায় বিজিএমইএ কার্যালয়ে তৈরি পোশাকশিল্পের চলমান পরিস্থিতি নিয়ে বিজিএমইএ ও বিকেএমইএ’র সদস্যদের যৌথ মতবিনিময় সভায় কারখানা বন্ধের সিদ্ধান্ত নেয়া হয়। সভায় প্রায় ২০০ কারখানার মালিক অংশ নেন। পরে সংবাদ সম্মেলনে বিজিএমইএ সভাপতি মাহমুদ হাসান খান জানান, আশুলিয়া, সাভার ও গাজীপুরের আংশিক এলাকার যেসব কারখানায় উৎপাদন কার্যক্রম স্বাভাবিক রাখা সম্ভব হচ্ছে না, সেগুলো শ্রম আইন অনুযায়ী বন্ধ রাখতে বাধ্য হচ্ছেন মালিকরা।

তিনি বলেন, গত ৭ থেকে ১২ দিন ধরে কয়েকটি শিল্পাঞ্চলে স্বাভাবিক উৎপাদন কার্যক্রম ব্যাহত হচ্ছে। অধিকাংশ শ্রমিক কাজে যোগ দিতে আগ্রহী হলেও একটি মহল উস্কানি দিয়ে শিল্পাঞ্চলে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করছে বলে অভিযোগ করেন তিনি। কিছু শ্রমিক নিজেরা কাজ না করার পাশাপাশি অন্যদেরও কাজে যোগ দিতে বাধা দিচ্ছেন। এমনকি দলবদ্ধভাবে অন্য কারখানার ফটকে গিয়ে ইটপাটকেল নিক্ষেপ ও শ্রমিকদের জোর করে বের করে আনার ঘটনাও ঘটছে।

বিজিএমইএ সভাপতির দেয়া তথ্য অনুযায়ী, শনিবার পর্যন্ত শ্রম আইনের ১৩(১) ধারায় ৫৫টি কারখানা বন্ধ ছিল। এ ছাড়া শ্রম অসন্তোষের কারণে আরও ৯২টি কারখানায় উৎপাদন কার্যক্রম চালানো সম্ভব হয়নি। সবমিলিয়ে ১৪৭টি কারখানায় উৎপাদন ব্যাহত হয়েছে। একটি কারখানায় গড়ে দুই হাজার শ্রমিক কাজ করেন উল্লেখ করে তিনি বলেন, এসব কারখানায় প্রায় তিন লাখ শ্রমিক কর্মরত রয়েছেন। মাহমুদ হাসান খান বলেন, সার্বিক নিরাপত্তা ও উৎপাদনের অনুকূল পরিবেশ না থাকায় সংশ্লিষ্ট কারখানাগুলো সচল রাখা সম্ভব হচ্ছে না। কারখানা বন্ধের সিদ্ধান্ত কোনো সংগঠন চাপিয়ে দেয়নি; সংশ্লিষ্ট কারখানার মালিকরাই পরিস্থিতি বিবেচনায় এ সিদ্ধান্ত নিয়েছেন। তিনি শিল্পাঞ্চলে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে সরকারকে দ্রুত কার্যকর পদক্ষেপ নেয়ার আহ্বান জানান।
তবে মালিকদের এই সিদ্ধান্ত নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন শ্রমিক নেতারা। তাদের মতে, শ্রম অসন্তোষের কারণে কারখানা বন্ধ করা হলে শ্রমিকদের মধ্যে আরও ক্ষোভ তৈরি হতে পারে। এতে আলোচনার মাধ্যমে সংকট সমাধানের পথ সংকুচিত হওয়ার আশঙ্কা রয়েছে।

সংযত থাকার আহ্বান শ্রমিক নেতাদের:
ওদিকে পরিস্থিতি স্বাভাবিক রাখতে শ্রমিকদের সংযম দেখানোর আহ্বান জানিয়েছেন নেতারা। বাংলাদেশ গার্মেন্ট শ্রমিক সংহতির সভাপতি আবুল হোসাইন এ বিষয়ে বলেন, শিল্পে কোনো সংকট তৈরি হলে দ্বিপক্ষীয় বা ত্রিপক্ষীয় আলোচনার মাধ্যমে তা সমাধান করতে হবে। শ্রম আইনের ১৩(১) ধারা প্রয়োগ করে কারখানা বন্ধ করা কোনো সমাধান নয়। বরং এতে সমস্যা সমাধানের পথ আরও ক্ষতিগ্রস্ত হবে। হাজার হাজার শ্রমিক কর্মহীন হয়ে পড়লে পরিস্থিতির আরও অবনতি ও বিশৃঙ্খলা বাড়তে পারে।
শুক্রবার শ্রমিক সংগঠনগুলোর পাঁচটি জোটের যৌথ সংবাদ সম্মেলন থেকেও শ্রমিকদের ধৈর্য ও সংযম বজায় রাখার আহ্বান জানানো হয়। শ্রমিক নেতারা বলেন, ন্যায্য মজুরি নির্ধারণে নিম্নতম মজুরি বোর্ডের কার্যক্রমকে বাধাগ্রস্ত করে এমন কোনো কর্মকাণ্ডে শ্রমিকদের যুক্ত হওয়া উচিত নয়। আলোচনার মাধ্যমে সমাধানের জন্য মজুরি বোর্ডকে সময় দিতে হবে এবং শ্রমিকদের কাজে ফিরতে হবে।

এদিকে আগামী সোমবার নিম্নতম মজুরি বোর্ডের তৃতীয় বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এর আগে দ্বিতীয় বৈঠকে শ্রমিকপক্ষের প্রতিনিধি ন্যূনতম মজুরি ৩২ হাজার টাকা নির্ধারণের প্রস্তাব দিয়েছে। বিজিএমইএ সভাপতি জানিয়েছেন, সোমবারের বৈঠকে মালিকপক্ষের প্রতিনিধি তাদের প্রস্তাব তুলে ধরবেন।

অর্থনীতিতে নানমুখী চ্যালেঞ্জ:
তৈরি পোশাকশিল্প বাংলাদেশের রপ্তানি আয়ের প্রধান উৎস। এই খাতের সঙ্গে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে যুক্ত লাখ লাখ মানুষের জীবন-জীবিকা। বিশেষ করে নারী শ্রমিকদের অর্থনৈতিক ক্ষমতায়ন এবং দেশের বৈদেশিক মুদ্রা অর্জনে এ শিল্পের অবদান অত্যন্ত গুরুত্বপূর্ণ। ফলে কারখানা দীর্ঘ সময় বন্ধ থাকলে এর প্রভাব শুধু শ্রমিক ও মালিকদের মধ্যে সীমাবদ্ধ থাকবে না।
প্রথমত, রপ্তানি আয় কমে যাওয়ার আশঙ্কা রয়েছে। সময়মতো পণ্য সরবরাহ করতে না পারলে বিদেশি ক্রেতারা ক্রয়াদেশ বাতিল করে অন্য দেশে চলে যেতে পারেন। একবার আন্তর্জাতিক বাজারে ক্রেতাদের আস্থা হারালে তা পুনরুদ্ধার করা কঠিন হবে।
দ্বিতীয়ত, বৈদেশিক মুদ্রার ওপর চাপ বাড়বে। তৈরি পোশাক খাত থেকে রপ্তানি আয় কমে গেলে ডলারের সরবরাহেও নেতিবাচক প্রভাব পড়তে পারে। এতে আমদানি ব্যয় মেটানো ও বৈদেশিক লেনদেনের ভারসাম্য রক্ষায় নতুন চাপ তৈরি হবে।

তৃতীয়ত, ব্যাংক ও আর্থিক খাত ঝুঁকিতে পড়তে পারে। উৎপাদন বন্ধ থাকলে কারখানার আয় কমে যাবে। ফলে মালিকদের পক্ষে ব্যাংক ঋণের কিস্তি পরিশোধ করা কঠিন হবে। এতে খেলাপি ঋণ ও তারল্য সংকট আরও বাড়ার আশঙ্কা রয়েছে।
সবচেয়ে বড় ঝুঁকি শ্রমিকদের কর্মসংস্থান ও জীবনযাত্রা নিয়ে। শ্রম আইনের ১৩(১) ধারায় কারখানা বন্ধ থাকলে সংশ্লিষ্ট সময়ের মজুরি না পাওয়ার পরিস্থিতি তৈরি হতে পারে। ফলে বাড়িভাড়া, খাবার, চিকিৎসা ও সন্তানদের পড়াশোনার খরচ চালাতে হিমশিম খাবেন শ্রমিকরা। এর নেতিবাচক প্রভাব পড়বে স্থানীয় ব্যবসা-বাণিজ্য ও সামগ্রিক অভ্যন্তরীণ বাজারেও।
ওদিকে শ্রমিকদের জীবনযাত্রার ব্যয় সামাল দিতে সরকার বিশেষ ওএমএস কার্যক্রম চালু করেছে। এর আওতায় একজন পোশাক শ্রমিক মাসে সর্বোচ্চ ১০ কেজি চাল ৩০ টাকা কেজি দরে কিনতে পারবেন। প্রাথমিকভাবে তিন মাসের জন্য ঢাকা, গাজীপুর, নারায়ণগঞ্জ ও চট্টগ্রামের বিভিন্ন এলাকায় এ কার্যক্রম পরিচালিত হচ্ছে। শ্রমিকদের জীবনযাত্রার সংকট যে কতোটা প্রকট, এই উদ্যোগ তারই একটি প্রতিফলন।

স্টাফ রিপোর্টার, সাভার থেকে জানান, ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা নির্ধারণসহ বিভিন্ন দাবিতে শ্রমিক অসন্তোষের জেরে সাভার ও আশুলিয়া শিল্পাঞ্চলে অন্তত ৪০টি তৈরি পোশাক কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছে মালিকপক্ষ। বাংলাদেশ শ্রম আইনে ২০০৬-এর ১৩(১) ধারা অনুযায়ী এসব কারখানা বন্ধ রাখা হয়েছে। এ ধারায় কারখানা বন্ধ থাকাকালে শ্রমিকদের মজুরি দেয়া হয় না, যা ‘নো ওয়ার্ক, নো পে’ নীতি হিসেবে পরিচিত। এ ছাড়াও কাজে যোগ দিয়ে কর্মবিরতি পালন করায় আরও কয়েকটি কারখানায় সাধারণ ছুটি ঘোষণা করেছে কর্তৃপক্ষ। শনিবার সকাল থেকে ঘুরে আশুলিয়ার নরসিংহপুর, জামগড়া, নিশ্চিন্তপুরসহ শিল্পাঞ্চলের বিভিন্ন এলাকায় কারখানাগুলোর প্রধান ফটকে বন্ধের নোটিশ ঝুলতে দেখা যায়। তবে বন্ধ ঘোষিত কারখানাগুলো ছাড়া আশপাশের অধিকাংশ কারখানায় শ্রমিকরা কাজে যোগ দিয়েছেন।

স্টাফ রিপোর্টার, গাজীপুর থেকে জানান, বেতন বাড়ানোর দাবিতে গাজীপুরের কালিয়াকৈরের পল্লী বিদ্যুৎ এলাকায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন কয়েকটি পোশাক কারখানার শ্রমিকরা। এতে মহাসড়কের ওই অংশে যান চলাচল বন্ধ হয়ে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। পরে সাউন্ড গ্রেনেড ও টিয়ার শেল নিক্ষেপ করে বিক্ষুব্ধদের ছত্রভঙ্গ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে আইনশৃঙ্খলা বাহিনী। পুলিশের অভিযোগ, শ্রমিক পরিচয়ে আন্দোলনে অংশ নিয়ে সড়কে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করেছে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ যুবলীগের নেতাকর্মীরা। এ ঘটনায় তাদের ২০ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
শনিবার সকাল সাড়ে ৯টার দিকে শ্রমিকরা বিক্ষোভ শুরু করেন। পরে তারা কারখানা থেকে বের হয়ে মহাসড়ক অবরোধ করেন।